শেষ হলো ফেইমের নাট্য উৎসব
নাটকের দল ফেইমের পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শেষ হয়েছে ৯ জানুয়ারি। শেষ দিনে দলের শিশুনাট্য ও নৃত্যকলা বিভাগের নৃত্যনাট্য কাল মৃগয়া আর কুড়ির মেলার এবং পাগল মঞ্চস্থ হয়। ৫ জানুয়ারি থেকে এই নাট্যোৎসব শুরু হয়। ফেইমের নয় তরুণ নির্দেশকের নাটক এই উৎসবে প্রদর্শিত হয়। তাঁরা হলেন নাজমুন্নাহার, তিলোত্তমা সেনগুপ্ত, রিজোয়ান রাজন, ইফতেখার আহমদ, নাছির উদ্দিন খান, অসীম দাশ, মো. জাবির, ইকবাল চৌধুরী ও রাহাত কবির। এ ছাড়া উৎসবে চট্টগ্রামের নাট্যাঙ্গনের সঙ্গে দুই যুগেরও বেশি সময় ধরে জড়িত চার অভিনেত্রী শুভ্রা বিশ্বাস, সাবিরা সুলতানা, কঙ্কণ দাশ ও শায়লা শারমিনকে সম্মাননা জানানো হয়। শুরুর দিন প্যান্টোমাইম মুভমেন্ট পরিবেশন করে অ্যান ইনোসেন্ট ডেথ এবং আলোর খোঁজে পরিবেশন করে কবর। দ্বিতীয় দিন তির্যক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় লজ্জা এবং ফেইম নাট্যকলা বিভাগের রক্তকরবী মঞ্চস্থ হয়। ৭ জানুয়ারি পরিবেশিত হয় অনাদিকল্পের মাউসুদুর রহমানের নির্দেশনায় কবি ও সম্রাট এবং ঢাকার শব্দ নাট্যচর্চাকেন্দ্রের খোরশেদুল আলমের নির্দেশনায় রাইফেল। চতুর্থ দিনে ভ্রান্ত সম্প্রদায়ের পরিবেশনায় নাটক প্রতিশোধ এবং নাট্যাধারের কালবোধন পরিবেশিত হয়।তরুণদের নির্দেশনায় এসব নাটকে গল্প, পুরাণ প্রতীক ও রূপকের মাধ্যমে কখনো সমাজ বাস্তবতা, কখনো মানুষের অন্তর্গত দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। এসব নাটকে পারিবারিক সামাজিক সন্ত্রাসের শিকার মানুষের কাহিনি যেমন আছে তেমিন রামায়ণের কাহিনিও। এইসব তরুণ নির্দেশক খুবই সম্ভাবনাময়, আগামী সময়ে আমাদের জাতীয় নাট্যজগতে এরাই নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন উপস্থিত দর্শকশ্রোতাদের অনেকেই। ফেইমের এই আয়োজন চট্টগ্রামের নাটককে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে অনেকের বিশ্বাস।