শেষ হলো ফেইমের যুগপূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা বয়সী শত শত মানুষ।কেউ মুক্তমঞ্চে সম্মাননা অনুষ্ঠান দেখছেন, কেউ ভিড় করেছেন নাট্যালাপের প্রদর্শনীতে আবার কেউ দাঁড়িয়ে আছেন সিঁড়িতে। কেউ আবার চায়ের কাপে ঝড় তুলছেন নাট্যচর্চার বিষয় নিয়ে। তাঁরা এসেছেন নাটক দেখতে। কারও পছন্দ আবার নৃত্যনাট্য। অবশ্য এ জনপদের নাটকপাড়ার অনেক মুখ এসেছিলেন এক কৃতী নাট্যজনকে সম্মান জানাতে। ৪ জানুয়ারি সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) ফেইমের যুগপূর্তি উৎসবের শেষ দিনের চিত্র এটি।উৎসবের সমাপনী দিনে দেশের প্রথম পথনাটকের রচয়িতা নাট্যজন মিলন চৌধুরীকে আজীবন সম্মাননা জানানো হয়। তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার ও কুন্তল বড়ুয়া। বক্তারা বলেন, ‘মিলনদা আমাদের গৌরব। তাঁকে আবার নাটক নিয়ে সোচ্চার-সরব হতে হবে। অভিমান করে দূরে সরে থাকলে চলবে না, তরুণদের পথনির্দেশনা দিতে হবে।’ মিলন চৌধুরীর হাতে সম্মাননা স্মারক, কাঁধে উত্তরীয় পরিয়ে দেন ফেইমের অধ্যক্ষ অসীম দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৌমেন রুদ্র। সমাপনী দিনে ছিল স্যামুয়েল বেকেটের অল দ্যাট ফল অবলম্বনে কবীর চৌধুরী অনূদিত নাটকসব ঝরে যায়। এ নাটকের নির্মাণ ভাবনায় ছিলেন অসীম দাশ। নাটক ছাড়াও ছিল রাহাত কবীরের নির্দেশনায় অ্যাটেলিয়ারের গীতিনাট্য বিবর্তন এবং তিলোত্তমা সেনগুপ্তার পরিচালনায় চমৎকার নৃত্যনাট্য কৃষ্ণকলি। উচ্চাঙ্গসংগীত, আবৃত্তি আর কথামালায় সাজানো নৃত্যনাট্যে একটি মেয়ের ভেতর লুকিয়ে থাকা তিনটি মেয়ের জীবন তুলে ধরা হয়। এ ছাড়া ছোট্ট একটি মেয়ের জন্ম, বেড়ে ওঠা, বাধার পাহাড় ডিঙানো ছিল মূল উপজীব্য। এতে পুরুষশাসিত সমাজে নারীর পদে পদে বাধার রূপগুলো মূর্ত হয়েছে। শেষে সেই পুরুষই এসে বলে, তোমার কর্তৃত্ব গ্রহণ করো নারী। চমৎকার অভিনয় করেছেন সাজেদা আকতার, তিতলি বিশ্বাস, রিংকু দাশ, সাগর সেন প্রমুখ। গত ৩১ ডিসেম্বর শুরু হওয়া উৎসবে প্রতিদিনই মঞ্চস্থ হয় নাটক। উদ্বোধনী দিন ছিল ফেইমের প্রযোজনা রবি ঠাকুরের কালজয়ী নাটক রক্তকরবী। ১ জানুয়ারি ছিল আহমদ সায়মন নির্দেশিত ও আলোর খোঁজে পরিবেশিত বনদুখ। ওইদিন নাটুকে ও শব্দ নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনার বদলে মঞ্চস্থ হয় রক্তকরবী। ২ জানুয়ারি ছিল সন্তোষ চক্রবর্তীর রচনা ও খোরশেদুল আলমের নির্দেশনায় শব্দ নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনা ঠিকানা এবং প্যান্টোমাইম মুভমেন্টের নির্বাক প্রযোজনা প্রাচ্য। সেলিম আল দীনের মঞ্চসফল নাটক প্রাচ্য -এর নির্বাক রূপ ও নির্দেশনা দিয়েছেন রিজোয়ান রাজন। শামুকভাঙা গ্রামের দিনমজুর বর শক্তপোক্ত যুবা সয়ফরচান কাজলাকান্দা গ্রামের বিয়ে শেষে বউকে পালকিতে নিয়ে বাড়িতে ফিরছেন, পায়ে হেঁটে সাত-আট গ্রাম ঘুরে বউ নিয়ে ফেরার মুহূর্তের ট্র্যাজেডি নিয়েই প্রাচ্য নাটক। আলোক পরিকল্পনায় মোসলেম উদ্দিন সিকদার, আবহসংগীতে রাজ ঘোষ, শিল্পনির্দেশনায় তামিমা সুলতানা ভালো করেছেন।৩ জানুয়ারি ছিল তানবীর মুহাম্মদের রচনা ও মাসউদুর রহমানের নির্দেশনায় অনাদিকল্পের প্রযোজনা সক্রেটিসের শেষ দিনগুলি এবং মনোজ মিত্রের রচনা ও হাসিবুল আলমের নির্দেশনায় রঙ্গবদনের প্রযোজনা তক্ষক।প্রতিদিনই উৎসবে এসেছেন আমিরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘প্রতিদিনের কর্মব্যস্ততা শেষে শীতের সন্ধ্যায় মন চায় ভালো কিছু উপভোগ করি। আমার বাসার কাছেই টিআইসি। এখানের পরিবেশ, বসার আসন সবই উন্নতমানের। তা ছাড়া আলোকসজ্জা দেখেই প্রথম দিন আকৃষ্ট হয়েছিলাম। এ ধরনের উৎসব বেশি বেশি হওয়া দরকার।’ফেইম উৎসব সম্পর্কে অসীম দাশ বলেন, ‘পাঁচ দিনের এ উৎসবে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। প্রতিদিনই প্রচুর দর্শক নাটক দেখেছেন, পাশাপাশি চট্টগ্রামের নাট্যকর্মীদের সরব উপস্থিতি ছিল। নির্দ্বিধায় বলতে পারি সবার সহযোগিতায় একটি সফল উৎসব হয়েছে।’