‘এসো যুক্তির অঙ্গনে প্রাণের বন্ধনে এই স্লোগান নিয়ে’ বান্দরবানে অমর একুশে স্কুল বিতর্ক উৎসব গত ২৮ ফেব্রুয়ারি সেখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে শেষ হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবান কমিউনিটি পুলিশিং ফোরাম সৃজনশীল এই উৎসবের আয়োজন করে।সমাপনী দিনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘কোচিং ও গাইড বই শিক্ষাকে পণ্যে পরিণত করেছে।’ এতে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ রানার্স আপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হয়েছে চ্যাম্পিয়ন সরকারি উচ্চবিদ্যালয়ের দলনেতা দীপ চৌধুরী। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর উশৈসিং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বান্দরবান কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার মো. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক মো. হাকিম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল আবসার, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক লক্ষ্মীপদ দাস বিশেষ অতিথি ছিলেন। বিভিন্ন পর্বে সেরা বিতার্কিক বালাঘাটা বিলকিছ বেগম উচ্চবিদ্যালয়ের রাজিয়া সুলতানা, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের আহসান হাবীব, টিটিসির বোরহান উদ্দিন ও উমং সিং মারমা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এনামুল করিম, ডনবস্কো উচ্চবিদ্যালয়ের গতিরাম ত্রিপুরা ও অংশৈপ্রু খিয়াং, আল-ফারুক ইনস্টিটিউটের জান্নাতুল ফেরদৌস এবং চেমিডুলু পাড়া উচ্চবিদ্যালয়ের অরুনময় চাকমাকে পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।