শেষ হলো বিদ্যালয় পর্যায়ের বাছাইপর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ মে অনুষ্ঠিত আই জেন উৎ​সবে মুঠোফোনে ইন্টারনেট ব্রাউজ করছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা
১৩ মে অনুষ্ঠিত আই জেন উৎ​সবে মুঠোফোনে ইন্টারনেট ব্রাউজ করছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা

‘ক্ষুদ্র এ জীবনটা সত্যি বদলে দিতে পারে ইন্টারনেট। ইন্টারনেটের আলোয় আমরা আলোকিত করতে পারি নিজেদের।’ সঞ্চালকের এমন কথার সূত্র ধরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরমানুর রহমানের প্রশ্ন, ‘কীভাবে জীবন বদলে দিতে পারে ইন্টারনেট?’ সঞ্চালকের মুখে উত্তর শোনার পর তৃপ্তির আভা আরমানুরের চোখেমুখে। এবার এগিয়ে এল দশম শ্রেণির শিক্ষার্থী সুদীপ বড়ুয়া। সে নতুন পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে জন্য ব্যবহার করতে চায় ইন্টারনেট। পথ বাতলে দেওয়ার তার সে কি উচ্ছ্বাস। সঙ্গে সঙ্গে মুঠোফোন নিয়ে বসে গেল ব্রাউজে।
১৩ মে গ্রামীণ ফোন-প্রথম আলো আই জেন উৎসবের চট্টগ্রাম অঞ্চলের বিদ্যালয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতার আসর বসেছিল রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ে। এতে ইন্টারনেটের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এর মাধ্যমে শেষ হলো চট্টগ্রাম অঞ্চলের আই জেন উৎসবের বিদ্যালয় পর্যায়ের বাছাইপর্বের আয়োজন।
একই দিন বাছাইপর্বের আয়োজন ছিল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজেও। অনুষ্ঠানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের চেহারায়ও বাঁধভাঙা উচ্ছ্বাস। আই জেন উৎসবে এসে ইন্টারনেটবিষয়ক অনেক তথ্য জেনে আনন্দিত সে। জানাল, জীবনকে সহজ করে তুলতে এখন থেকে নিয়মিত ব্যবহার করবে ইন্টারনেট।
গত ৩০ এপ্রিল নগরের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের বাছাইপর্বের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। এরপর একে একে সিলভার বেলস্ বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কলকাকলি উচ্চবিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন স্কুল ও কলেজ, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, কাফকো স্কুল ও কলেজ, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, আবু তোরাব উচ্চবিদ্যালয়, ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চবিদ্যালয়, কুমিরা আবাসিক বালিকা স্কুল ও কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ এবং রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ে বসে বাছাইপর্বের আসর। এতে চট্টগ্রামের এই ১৮টি বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রতিটি প্রতিযোগিতায় ছিল দুটি করে পর্ব। প্রথম পর্বে ৩৫ মিনিটের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় ইন্টারনেটবিষয়ক কর্মশালা। বড় পর্দায় ইন্টারনেটের বিভিন্ন তথ্য-উপাত্ত প্রদর্শন করে কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। কর্মশালা শেষে প্রতিটি বিদ্যালয়ের ১০ জন করে শিক্ষার্থী নির্বাচন করা হয় জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য।