শেষ হলো বিয়ে উৎসব
২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় ঢাকার র্যাডিসন হোটেলের গ্র্যান্ড বলরুমে শুরু হয় দুই দিনের ‘গীতাঞ্জলি লাইফস্টাইল ওয়েডিং ফেয়ার’। আর শেষ হয় ৩০ সেপ্টেম্বর রাত ১১টায়। এখানে প্রদর্শিত হয় বিয়ের আয়োজনসংশ্লিষ্ট সবকিছু। বিকেল পাঁচটায় যখন বলরুমে পা রাখি, তখন কানে ভেসে এল বাদ্যের আওয়াজ। লবির চারপাশে ফ্রেমে বন্দী সাদা-কালো আর রঙিন বেশ কিছু বিয়ের ছবি। ছবিগুলো বিভিন্ন সময়ের বিয়ের আয়োজনকে চিহ্নিত করে। আর সময়ের সঙ্গে আয়োজন যে ঢের বদলেছে, তাও বলে দেয় এই ছবিগুলো। ‘পান-সুপারি’র দোকান বসেছে দোরগোড়ায়। বিয়ের তত্ত্বের সঙ্গে পান-সুপারি যে ওতপ্রোতভাবে জড়িত। তাই সবার আগে পান-সুপারির দোকান। মূল কক্ষে প্রবেশের পর তাক লেগে যাওয়ার দশা। নানা সাজে সজ্জিত বিয়ের জমকালো পোশাকের দোকান, জুতার দোকান, বিয়ের বার্তার জন্য একটু ভিন্ন ধাঁচের কার্ড, আসবাবের দোকান, বিয়ের উপহারসামগ্রী, বর-কনের সাজের জন্য পারলার, ছবি ও নানা কথাসংবলিত স্পিকিং রোজ প্রভৃতি। তবে সবার মধ্যমণি হয়ে ছিল গয়নার দোকান গীতাঞ্জলি। প্রদর্শনীতে প্রায় ৩০টির মতো দেশি-বিদেশি ব্র্যান্ড তাদের পণ্যসম্ভার নিয়ে পসরা সাজায়। গয়না, পোশাক, সাজসজ্জা থেকে শুরু করে মধুচন্দ্রিমা—বিয়েসংশ্লিষ্ট যত বিষয় আছে, তার সবকিছুর সৃজনশীল সমাধান দিতেই এই আয়োজন। কেউ কিনছেন, কেউ নিছক প্রদর্শনী ঘুরে দেখছেন। ছিল বিনা মূল্যে মেহেদি লাগানোর ব্যবস্থাও। তবে বাড়তি পাওনা হিসেবে প্রতিদিন সন্ধ্যা সাত থেকে আটটা পর্যন্ত চলে চোখধাঁধানো ফ্যাশন শো। প্রদর্শনীতে স্থান পাওয়া এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক নিয়ে হয় এই ফ্যাশন শো। গীতাঞ্জলি লাইফ স্টাইল বাংলাদেশের পরিবেশক ও স্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানা চৌধুরী ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন।সোহানা চৌধুরী বলেন, মানুষ এখন অনেক ব্যস্ত। তাই অনেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতে গেলে কিছুটা ঝামেলা পোহাতে হয়। বিয়ে নিয়ে এ ধরনের আয়োজন মানুষের সমস্যা কিছুটা হলেও সমাধান করতে পারে। এ রকম আয়োজন আরও হওয়া উচিত বলে মনে করেন তিনি।