শেষ হলো ভ্রান্ত সম্প্রদায়ের নাট্যোৎসব
তারুণ্য আর সাহস মূলমন্ত্র। আর এই মন্ত্র নিয়ে নাটকপাড়ায় দেখতে দেখতে তিন বছর পার করে দিল নাট্যদল ‘ভ্রান্ত সম্প্রদায়’। ভ্রান্তের পথচলার তিন বছর উদ্যাপন উপলক্ষে শিল্পকলা একাডেমীতে ১ থেকে ৩ সেপ্টেম্বর বসেছিল নাট্য উৎসব। জমজমাট এই উৎসবে নাটক নিয়ে মঞ্চে আসে ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি দল।
আয়োজনের উদ্বোধন করেন নাট্য নির্দেশক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ। অতিথি ছিলেন, মশিউর আদনান ও মোসলেম উদ্দিন। উদ্বোধনী দিনে নাট্যকর্মী শাহীনূর সারোয়ারকে বিশেষ সম্মা-ননা জানানো হয়।
এরপর মুক্তমঞ্চে প্রদর্শিত হয় ভ্রান্ত সম্প্রদায়ের নাটক চোর। রচনায় ছিলেন তাপস চক্রবর্তী ও নির্দেশনা দিয়েছেন সুমিত চয়ন। মূল মিলনায়তনে শব্দ নাট্যচর্চা কেন্দ্র, ঢাকা পরিবেশন করে নাটক তৃতীয় একজন। নাটকটি রচনা করেছেন সমীর দাশগুপ্ত ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। উৎসবের দ্বিতীয় দিন ছিল ভ্রান্ত সম্প্রদায় প্রযোজিত নাটক দ্য গেম। লুইজি ব্রায়ান্টের রচনায় নাটকটি অনুবাদ করেন রূবাইয়াৎ আহমেদ ও নির্দেশনা দেন রূমেল বড়ুয়া। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের পরিবেশনায় ছিল দ্বান্দ্বিক নাটকটি। নির্দেশনায় ছিলেন মামুনুল হক।
সমাপনী দিন মুক্তমঞ্চে পরিবেশন করা হয় শহীদনগর থিয়েটারের নাটক বর্ণচোরা। মিলনায়তনে প্রদর্শিত হয় ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের পরিবেশনায় মলিয়্যের- এর নাটক জর্জ দঁদ্যা।