শেষ হলো সপ্তাহব্যাপী বিতর্কের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় বিতর্ক ক্লাব আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথি ও বিচারকেরা
চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় বিতর্ক ক্লাব আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথি ও বিচারকেরা

এক মঞ্চে ৪৫ বিতার্কিক। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ১৫টি বিতর্ক দল। ১৬ থেকে ২৩ এপ্রিল সপ্তাহজুড়ে মেতেছিল বিতর্কের আয়োজনে। চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে বসেছিল এই বিতর্ক প্রতিযোগিতার আসর। চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় বিতর্ক ক্লাবের উদ্যোগে এবার ছিল চতুর্থবারের আয়োজন।

২৩ এপ্রিল বেলা আড়াইটায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী পর্ব। শুরুতে ছিল চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা। ‘এই সংসদ মনে করে, শিল্পায়ন কৃষিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে’ বিষয়ের ওপর তর্কযুদ্ধে মেতে ওঠে বিদ্যালয়ের দুই বিতর্ক দল। এতে সরকারি দলে ছিল ষষ্ঠ শ্রেণি আর বিরোধী দলে ছিল দশম শ্রেণির শিক্ষার্থীরা। যুক্তির লড়াই শেষে আদিত্য দেবনাথের নেতৃত্বে তানভীর আহমেদ চৌধুরী ও নুহাল মনওয়ারের ষষ্ঠ শ্রেণির বিতর্ক দলটি চ্যাম্পিয়ন হয়। রানারআপ হয় হীরা দত্তের নেতৃত্বে থাকা সুস্ময় মিত্র ও অনিক কুমার সন্ন্যাসীর দশম শ্রেণির দলটি।

বিতর্ক শেষে শুরু হয় সমাপনী পর্বের আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিতর্ক ক্লাবের উপদেষ্টা আহমাদুল হক, সহকারী শিক্ষক ডিম্পল চৌধুরী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন বিতর্ক ক্লাবের সাবেক দুই বিতার্কিক মারুফ উল করিম ও আশরাফুল করিম চৌধুরী।

এতে কথামালা শেষে ছিল পুরস্কার বিতরণের আয়োজন। এ সময় চূড়ান্ত পর্বের বিজয়ী বিতর্ক দলের পাশাপাশি পুরস্কার তুলে দেওয়া হয় বিভিন্ন পর্যায়ে সেরার স্বীকৃতি পাওয়া বিতার্কিকদের হাতে। সেরা বিতার্কিক হন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নুহাল মনওয়ার। প্রতিযোগিতায় সেরা উদীয়মান বিতার্কিকের পুরস্কার ওঠে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ চৌধুরীর হাতে।