শেষ হলো স্বাধীনতা উৎসব ও বইমেলা
আলোকিত-আলোচিত মানুষের মিলন আর মুক্তিযুদ্ধের জয়গানে গত শনিবার শেষ হলো চট্টগ্রাম একাডেমির স্বাধীনতা উৎসব ও বইমেলা। মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা, কবিতাপাঠ, গান, নাচ, আবৃত্তি, গীতিনাট্য, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ইত্যাদি আয়োজনে ডিসি হিলের মঞ্চ ছিল আলো ঝলমলে। তিন দিনের এ মেলায় ২২ প্রকাশকের দোকানে (স্টলে) বিক্রি হয়েছে প্রচুর বই। গল্প-উপন্যাস আর শিশুতোষ বইয়ের পাশাপাশি ভালো বিক্রি হয়েছে কবিতা ও প্রবন্ধের বইও। লেখক-পাঠক-প্রকাশকের এ মিলনমেলায় শিশু-কিশোর আর তরুণদের উচ্ছ্বসিত অংশগ্রহণ ছিল দেখার মতো। মা-বাবা-অভিভাবকের হাত ধরে তারা এসেছিল বই কিনে প্রিয় লেখকের অটোগ্রাফ কিংবা প্রতিযোগিতায় অংশ নিতে। ২৪ মার্চ বিকেলে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন খ্যাতিমান চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। এদিন সম্মাননা জানানো হয় বাংলা ভাষার খ্যাতিমান কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে। একাডেমির চেয়ারম্যান ও সমাজবিজ্ঞানী অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন কবি আবুল মোমেন ও সংস্কৃতি সংগঠক সচ্চিদানন্দ চৌধুরী।কাইয়ুম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম আমার কাছে বিস্ময়। এখানে স্বাধীনতার আকাঙ্ক্ষায় বারবার অগ্নি জ্বলেছে। ব্রিটিশ আমলে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে প্রথম হানাদার প্রতিরোধও এখানেই হয়েছিল। স্বাধীনতা উৎসবের সঙ্গে বইমেলার তাৎপর্য রয়েছে। বই আমাদের দৃষ্টি সম্প্রসারিত করে, অনুপ্রেরণা জোগায়, দিকনির্দেশনা দেয়। তরুণ প্রজন্মকে বইমুখী করতে পারলে দেশ সমৃদ্ধ হবে।’সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, ‘এ দেশের তরুণদের ঝলমলে মুখ দেখে বুঝি তারা দেশকে খুব এরপর পৃষ্ঠা ৩ কলাম ৬ভালোবাসে।’ নিজের প্রসঙ্গে বর্ষীয়ান এ কবি বলেন, ‘আমি কখনোই চিন্তা করিনি অমরত্বের জন্য কিছু সৃষ্টি করব। যা মনে আসে তা-ই লিখি। ভেবে-চিন্তে লিখতে পারি না। এত বই কি কারও লেখা উচিত! আমি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বেশি পাতা লিখে ফেলেছি। এটা ঠিক কোয়ালিটি ও কোয়ান্টিটির মধ্যে তফাত আছে।’ সুনীলের হাতে চট্টগ্রাম একাডেমির সম্মাননা স্মারক তুলে দেন উদ্বোধক। উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি। অনুষ্ঠানে সুনীলের ‘কেউ কথা রাখেনি’ কবিতাটি দরদি কণ্ঠে আবৃত্তি করেন আয়েশা হক। ভরাট কণ্ঠে তাঁর আরও একটি কবিতা আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত। দ্বিতীয় দিন আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম। প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মনোবিজ্ঞানী ও লেখক মোহিত কামাল। নুরুল ইসলাম চট্টগ্রামের ভাষা ও শব্দের উৎপত্তির ওপর লিখিত বক্তব্যে বলেন, ‘সাহিত্যের শেষ নেই। চট্টগ্রামের ভাষা ধ্বনিবিজ্ঞানের ওপর নির্ভরশীল। আড়াই হাজার বছরের পুরোনো এ ভাষার জন্য আমি গর্ববোধ করি।’ মোহিত কামাল বলেন, ‘সাহিত্যের সবচেয়ে বড় অনুষঙ্গ মানুষের মন। আমাদের আত্মসমালোচনা করতে হবে।’ ওই দিন বিকেলে ২০১১ সালে প্রকাশিত নির্বাচিত বইয়ের পাঠ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক সৈয়দ উমর ফারুক। প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী সবিহ উল আলম। অনুষ্ঠানে অনুপম সেন, আবুল মোমেন, সিরু বাঙালি, গোফরান গাজী, আনোয়ারা আলম, মুহাম্মদ শামসুল হক, নেছার আহমদ, আমান উদ্দিন আবদুল্লাহ, দীনা মরিয়ম, জামাল উদ্দিন, আকাশ আহমেদ ও মো. কামাল উদ্দিনের বইয়ের পাঠ উন্মোচন করেন শহীদজায়া বেগম মুশতারী শফী, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, অধ্যাপক মো. আবুল কাসেম, কবি আকতার হোসাইন, রহিম শাহ, তাহমিনা কোরাইশী ও এলিজাবেথ আরিফা মুবাশশিরা। ২৬ মার্চ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতিহাসবিদ আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। ভাষা-গবেষক মাহবুবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মইনুল আহসান সাবের ও ইকুইটি প্রপার্টিজ ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মঈনুল ইসলাম মাহমুদ। এ দিন মুক্তিযোদ্ধা মো. গরিবুল্লাহ এবং আ ক ম রইসুল হককে সম্মাননা জানানো হয়। গরিবুল্লাহর পক্ষে তাঁর স্ত্রী মইনুল আহসান সাবেরের হাত থেকে স্মারক (ক্রেস্ট) নেন। রইসুল হকের হাতে স্মারক তুলে দেন প্রধান অতিথি। প্রধান অতিথি বলেন, ‘চট্টগ্রাম যেকোনো রকমের সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী। এ অঞ্চলের হূত গৌরব পুনরুদ্ধারে তরুণদের উদ্বুদ্ধ করতে হবে।’ নোবেলজয়ী ইউনূসের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘জীবন সায়াহ্নে এসে এটা কী দেখছি। এ কেমন দেশে বাস করছি আমরা।’ মইনুল আহসান সাবের বলেন, ‘চট্টগ্রাম অত্যন্ত প্রগতিশীল জায়গা। মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। এর রূপ পরিবর্তিত হবে কিন্তু সবসময় চলবে।’ মঈনুল ইসলাম মাহমুদ বলেন, ‘চট্টগ্রামে অনেক ব্যবসায়ীর নামে রাস্তা হয় কিন্তু মুক্তিযোদ্ধারা এ ক্ষেত্রে চরম উপেক্ষিত।’ তিনি চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানান।তিন দিনের অনুষ্ঠানে গান করেন শিল্পী কল্পনা লালা, আবদুল মান্নান রানা, নাজমুল আবেদিন চৌধুরী, মানস পাল চৌধুরী, সাইফুদ্দিন মাহমুদ খান, উত্তম কুমার দত্ত, আলমগীর আলাউদ্দিন, পাপিয়া আহমেদ, সুবর্ণা রহমান, কায়সারুল আলম, শাকিলা জাহান, সুব্রত দাশ, আলাউদ্দিন তাহের, রুম্মান শারমিন প্রমুখ। তাঁদের যন্ত্রানুষঙ্গে আরটি সান মিউজিশিয়ানস টিম। দলীয় পরিবেশনায় ছিল উদীচী শিল্পী গোষ্ঠী, রক্তকরবী, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, সংগীত পরিষদ, স্বরলিপি, বৃন্ত সাংস্কৃতিক অঙ্গন, বসুন্ধরা শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ গার্লস গাইড এনায়েত বাজার কলেজ রেঞ্জার ইউনিট ইত্যাদি সংগঠন। বইমেলার মহাসচিব নেছার আহমদ বলেন, ‘চট্টগ্রামের লেখক-পাঠক-প্রকাশকদের সার্বিক সহযোগিতায় আমরা সফল একটি বইমেলা করতে পেরেছি। এতে আশানুরূপ বই বিক্রি হয়েছে। সবচেয়ে বড় পাওনা—বিশিষ্ট সব অতিথি সুন্দর কথামালায় মুক্তিযুদ্ধের জয়গাথা তুলে ধরে তরুণ-কিশোরদের উদ্দীপ্ত করেছেন।’