শেষ হলো হজ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের ভোগান্তি কমাতে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে হজ মেলা। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম শাখা ৯ ও ১০ মে দুই দিনব্যাপী এই হজ ও ওমরাহ মেলার আয়োজন করে। হাবের কেন্দ্রীয় সভাপতি জামাল উদ্দিন জানান, মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে হজ করতে গিয়ে প্রতিবছর প্রতারিত হন অনেকে। কম টাকায় হজ করানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের নজিরও রয়েছে। তিনি বলেন, ‘হজ নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, মধ্যস্বত্বভোগী মুক্ত নতুন হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।’৯ মে বেলা ১১টায় নগরের উডল্যান্ড পার্ক কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। তিনি বলেন, ‘হাজিরা আল্লাহর মেহমান। তাঁরা যখন থেকে হজ করার জন্য লক্ষ্য স্থির করেন, তখন তাঁদের সঙ্গে কেউ যেন প্রতারণা না করে।’ হাজিদের জন্য কাজ করার ক্ষেত্রে সেবা ও ইবাদতের মানসিকতা বজায় রাখার জন্য এজেন্সির মালিকদের প্রতি তিনি আহ্বান জানান।জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, উপসচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব হেলাল উদ্দিন।হাজিদের প্রাণবন্ত উপস্থিতিতে এ মেলায় সাধারণ দর্শনার্থী সমাগমও ছিল উল্লেখযোগ্য। মেলায় মোট ৬০টি স্টল স্থান পায়। এর মধ্যে ৪৬টি হজ এজেন্সির, আটটি ব্যাংকের, দুটি রেস্তোরাঁ, হাব কেন্দ্রীয় কমিটির মিডিয়া সেন্টার একটি, ধর্ম মন্ত্রণালয়ের একটি ও স্পন্সর প্রতিষ্ঠান থ্রি-স্টার প্রপার্টিজের একটি স্টল। মেলায় দর্শনার্থীরা পছন্দের হজ এজেন্সি থেকে বুকিং দেন। মক্কায় কাবা শরিফের ও মদিনার মসজিদে নববীর কাছে আবাসনব্যবস্থা নিশ্চিতসহ সর্বোত্তম সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ বিশেষ হজ ও ওমরাহ প্যাকেজ ঘোষণা করেছে বিভিন্ন হজ এজেন্সি। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু ব্যক্তিদের জন্য জনপ্রতি মোট খরচ ন্যূনতম তিন লাখ তিন হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার ঘোষিত এই প্যাকেজের নিচে না নেমে হজ এজেন্সিগুলো বিভিন্ন সুযোগ-সুবিধাসহ নিজ নিজ প্যাকেজ ঘোষণা করেছে।বিভিন্ন হজ এজেন্সির স্টলে গিয়ে দেখা যায়, সেখানে হজযাত্রীদের বুকিং নেওয়া হচ্ছে। বিভিন্ন ব্যাংকের স্টলে ব্যাংকের মাধ্যমে হজের টাকা জমা দেওয়ার নিয়ম-কানুন, হিসাব পরিচালনাসহ বিভিন্ন বিষয় দর্শনার্থীদের জানানো হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগামী ২০ জুনের মধ্যে প্যাকেজ মূল্যের সব অর্থ সরাসরি সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিতে হবে। অন্যথায় হজে গমনেচ্ছু ব্যক্তিদের হজ ভিসা দেওয়া হবে না। হজ এজেন্সিগুলোর ঘোষিত প্যাকেজে কোরবানির খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে হজযাত্রীদের প্যাকেজের বাইরে অতিরিক্ত ১০ হাজার টাকা সঙ্গে রাখতে হবে। বিভিন্ন প্যাকেজ সম্পর্কে মীক্বাত ট্রাভেলস (প্রা.) লিমিটেডের পরিচালক আবদুর রউফ বলেন, ‘হজ এজেন্সিগুলো হাজিদের সুবিধামতো বিভিন্ন প্যাকেজ চালু করেছে। আমরাও প্রতিবছরের মতো এবারও তাঁদের সেবায় সর্বোত্তম সুযোগ-সুবিধার ব্যবস্থা রেখেছি।’দর্শনার্থী রীনা শওকত বলেন, ‘দালালদের খপ্পর থেকে হজযাত্রীদের রক্ষায় এ জাতীয় মেলার আয়োজন গুরুত্বপূর্ণ। একই ছাদের নিচে সব হজ এজেন্সিকে পাওয়ায় বুঝে-শুনে বুকিং দিতেও সুবিধা হবে।’গত বৃহস্পতিবার রাত নয়টায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন। জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেলাল উদ্দিন ও উপসচিব জাহাঙ্গীর আলম।