শেষ হয়ে গেল পরিবারটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী দিনমজুর, নুন আনতে পানতা ফুরায় অবস্থা। তবুও খেয়ে না খেয়ে ভালোই চলছিল রাহিমার সংসার। স্বামী ও দুই ছেলে নিয়ে সাজানো এ সুখের সংসার যেন ধ্বংস হয়ে গেল মাত্র ৩০০ টাকার জন্য। পাওনা টাকা চাইতে গিয়ে সিরাজুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার মারধরে রাহিমার স্বামী সৈয়দ গাজীর মৃত্যু হয়েছে। সন্তান দুটি হয়েছে পিতৃহীন। ঘটনাটি ঘটেছে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার জামতলী বাজারে। ঘটনার পর থেকে ছাত্রদল নেতা পরিবারসহ পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই শহীদুল্লাহ গাজী বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জামতলী গ্রামের নুরু মিয়া গাজীর ছেলে দিনমজুর সৈয়দ গাজী একই এলাকার ছাত্রদল নেতা সিরাজুল ইসলামের (২৬) কাছে মজুরি বাবদ ৫০০ টাকা পাওনা ছিল। ঘটনার দিন সৈয়দ গাজী চাল কেনার জন্য জামতলী বাজারে গিয়ে সিরাজুল ইসলামের কাছে পাওনা ৫০০ টাকা থেকে ২০০ টাকা কম দিয়ে হলেও ৩০০ টাকা দেওয়ার অনুরোধ জানান। বলেন টাকা না পেলে তাঁর পরিবার উপোস থাকবে। বাজারে মানুষের সামনে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সিরাজুল সৈয়দ গাজীকে মারতে মারতে রাস্তার ওপর ফেলে দেন। সৈয়দ গাজী মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে গত সোমবার সকালে মারা যান তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী দিনমজুর মিন্টু মিয়া, হাছান আলী ও বৃদ্ধ জব্বার গাজী জানান, ‘সৈয়দ গাজী পাওনা টাকা চাওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে উঠার আগেই মারধর শুরু করেন ওই ছাত্রদল নেতা। একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে মারতে পারে তা না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা সৈয়দকে মারধরের হাত থেকে বাঁচাতে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি।’ সিরাজুল ছাত্রদলের ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি বলে তাঁরা জানান। তবে উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছাত্রদলের কোনো পদে নেই বলে জানিয়েছেন। সৈয়দ গাজীর বাড়িতে দেখা গেছে শোকের মাতম। তাঁর বড় ছেলে প্রথম শ্রেণীর ছাত্র রেহা উদ্দিন (৬) একবার মায়ের বুকে আরেকবার দাদার বুকে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর বলছে ‘ওরা আমার বাবাকে মেরে ফেলেছে।’ সৈয়দ গাজীর আরেক ছেলে মো. রাসেল (৩) বাড়িতে সবার কান্না দেখে নিশ্চুপ, যেন কিছুই বুঝে উঠতে পারছে না। সৈয়দ গাজীর বৃদ্ধ বাবা নূর মিয়া গাজী জানান, ‘পাওনা টাকা চাওয়াই ছিল আমার ছেলের অপরাধ। টাকা চাইতে গিয়ে আজ আমার ছেলের জীবনটাই চলে গেল।’ তাঁর স্ত্রী রাহিমা আক্তার দুই ছেলেকে বুকে নিয়ে বিলাপ করতে করতে বলছিলেন, ‘বাজার থেকে চাল ও ছেলের বিস্কুট আনার জন্য বলাটাই যেন তাঁর জন্য কাল হয়েছে। চাল আনতে না বললে তিনি বাজারে যেতেন না, তাঁর মৃত্যুও হতো না।’ ঘটনার পর থেকে ওই ছাত্রদল নেতা সপরিবারে গা-ঢাকা দিয়েছেন। তাঁর বাড়িতে দেখা যায়, বাড়ি জনমানব শূন্য ও তালাবদ্ধ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষচন্দ্র পাল জানান, নিহতের ভাই শহীদুল্লাহ গাজী বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আসামি ধরার জন্য পুলিশের অভিযান চলছে।