শেষ হয়েছে প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১১-এর প্রাথমিক বাছাইপর্ব। সারা দেশ থেকে আসা আচার গুলোর মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য আচার নির্বাচন করার কাজটি সম্পন্ন হয়েছে সম্প্রতি।এবারের প্রতিযোগিতায় মোট আট হাজার ২০৮টি আচার জমা পড়ে। প্রায় তিন হাজারের বেশি প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। টক, মিষ্টি, ঝাল ও মসলাযুক্ত এবংঅন্যান্য বিভাগের জন্য একজন প্রতিযোগী একাধিক আচার বানিয়ে পাঠাতে পেরেছেন।প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আদিল খান বলেন, ‘প্রতিবারের মতো এবারও দেশের বিশিষ্ট খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা বিচারকার্য করেছেন। এসব আচার থেকে সব দিক বিবেচনা করে চারটি বিভাগের জন্য প্রাথমিকভাবে ৪৮টি আচার নির্বাচন করেছেন তাঁরা। অনেকেরই পাঠানো আচারের সংরক্ষণ পদ্ধতি সঠিক ছিল না। ফলে ছত্রাকের সংক্রমণ ঘটেছে। কারও কারও পাঠানো আচার আবার কোনো নির্দিষ্ট বিভাগে পড়ার মতো করে বানানো হয়নি।’ ১২তম প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১১-তে থাকছে বিজয়ীদের জন্য আকর্ষণীয় সব পুরস্কার। বর্ষসেরা আচার বিজয়ী পাবেন দুই লাখ টাকা। এ ছাড়া চারটি বিভাগের প্রথম পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা দুটি করে বিমান টিকিট। প্রতিটি বিভাগের দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ কম্পিউটার ও তৃতীয় পুরস্কার আইপিএস।