দীর্ঘদিন ক্যাম্পাসে যেতে না পেরে অনেক শিক্ষার্থীই অস্থির হয়ে উঠেছেন। তবে যাঁরা শেষ বর্ষের শিক্ষার্থী, তাঁদের কষ্টটা বোধ হয় একটু বেশি। স্নাতক শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেও অনেকে আটকে আছেন। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু অনলাইনেই পরীক্ষাসহ পুরো পাঠদান কার্যক্রম চলছে, তাই ক্যাম্পাসে না গিয়েই ক্যাম্পাস থেকে বিদায় নিতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। শেষ ক্লাসের যে রোমাঞ্চ, চার বছর বিশ্ববিদ্যালয়ে কাটানো স্মৃতিগুলো রোমন্থন করে পুরো ক্যাম্পাস একবার ঘুরে দেখা কিংবা রং ছিটিয়ে গান গেয়ে র্যাগ ডে উদ্যাপন—এ বছর হচ্ছে না কিছুই।
খুলনা বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের র্যাগ ডে মানেই যেন খুলনা শহরজুড়ে উৎসবের আমেজ। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী তিন দিন ধরে আয়োজিত হয় বিদায়ী ব্যাচের সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে চলে মাসব্যাপী প্রস্তুতি। শহরের বিভিন্ন পয়েন্টে র্যাগ ডের প্রচারণা করেন শিক্ষার্থীরা। সৃজনশীলতা আর অনুষ্ঠানের কলেবরের দিক থেকে আগের বছরের আয়োজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা থাকে প্রতিবছরই। এ বছরও ঠিক তেমনভাবেই প্রস্তুতি চলছিল। কিন্তু তাতে বাদ সাধল করোনাভাইরাস। র্যাগ ডে কিংবা উৎসব আয়োজন তো দূরে থাক, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমই স্থগিত হয়ে আছে।
১৭ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাহাদ রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই জেনে এসেছি, সেপ্টেম্বর মাস মানেই আমাদের ক্যাম্পাসে র্যাগ ডের মাস। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এ সময় রং খেলা, কনসার্টসহ সাংস্কৃতিক পরিবেশনায় পুরো ক্যাম্পাস মুখর থাকত।’
জানুয়ারি নাগাদ তাঁদের চতুর্থ বর্ষের টার্ম ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে ক্যাম্পাস খুললেও সামাজিক দূরত্ব রক্ষার কারণে কোনো অনুষ্ঠান আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না, জানেন না তাঁরা।
সাধারণত সব ব্যাচের চূড়ান্ত সেমিস্টারের সর্বশেষ ক্লাসের পর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) র্যাগ ডে অনুষ্ঠিত হয়। গত বছর বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে অনুষ্ঠানে গানে গানে অগ্রজদের বিদায় জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময় দত্ত। তখনই তন্ময় মনে মনে ভেবে রেখেছিলেন, নিজেদের সময় এলে নাচগানে দিনটি নিশ্চয় আরও বড় করে উদ্যাপন করা হবে। তবে সে আশা পূরণ হয়নি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলেও চট্টগ্রামের রাউজানে বসে বিশ্ববিদ্যালয়জীবনের শেষ ক্লাসটি করেছেন তন্ময়। কখনো কল্পনাও করেননি, এভাবে গ্রামের বাড়িতে বসে বিশ্ববিদ্যালয়জীবনের শেষ ক্লাসটি করবেন। বন্ধুদের সঙ্গে এই বিশেষ দিনে ক্যাম্পাসে এক হওয়ার সুযোগ হয়নি। দুধের স্বাদ ঘোলে মেটাতে তাই অনলাইনে অনুষ্ঠিত শেষ ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে রেখেছেন। যান্ত্রিক এই ছবিই এখন স্মৃতি হয়ে থাকবে।
‘বর্তমান পরিস্থিত বিবেচনায় এবার ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান হচ্ছে না। নভেম্বরে আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হবে। তখন যদি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তাহলে অনুষ্ঠান আয়োজন না করতে পারলেও অন্তত ব্যাচের বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে।
এ বছর করোনার কারণে বিদায়ী ব্যাচের র্যাগ ডে নিয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও নেই উত্তেজনা। অথচ প্রতিবছর বিদায়ী অনুষ্ঠান আয়োজনের আগে পুরো ক্যাম্পাস সাজান বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা। আর মূল অনুষ্ঠানের দিন ক্যাম্পাসের বর্তমান আর বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ উদ্যাপনে অংশ নেন।
বিদায়ী ব্যাচের শিক্ষার্থী সাদিয়া ইবনাত জানালেন, ‘বর্তমান পরিস্থিত বিবেচনায় এবার ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান হচ্ছে না। নভেম্বরে আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হবে। তখন যদি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তাহলে অনুষ্ঠান আয়োজন না করতে পারলেও অন্তত ব্যাচের বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে।’
যেকোনো ব্যাচের বিদায়ের আগে ক্যাম্পাসে বিদায়ী অনুষ্ঠান, বারবিকিউ নাইট আর আতশবাজির জমকালো আয়োজন থাকে চট্টগ্রামের ইস্ট ডেলটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এবারও বছরের শুরু থেকেই নানা রকম অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সদ্য প্রাক্তন শিক্ষার্থী প্রশান্ত ভৌমিক। আক্ষেপ নিয়ে তিনি বললেন, ‘বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে স্বাভাবিকভাবেই সবাই আলাদা হয়ে যায়। কিন্তু করোনাভাইরাস আমাদের বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার আগেই একরকম আলাদা করে দিয়েছে।’
তবে এমন সমাপ্তিকেও ইতিবাচক হিসেবে দেখতে চান ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা তাবাসসুম ইসলাম। সংকটের মধ্যেও সেশন জট এড়িয়ে সময়মতো স্নাতক শেষ করতে পারা বড় প্রাপ্তি তাঁর কাছে। তিনি বলেন, ‘করোনাকালে গ্র্যাজুয়েশন শেষ করার ব্যাপারটি ঠিক প্রত্যাশিত ছিল না। তবে অপ্রত্যাশিত সবই যে অস্বস্তির হবে, তা কিন্তু নয়। সত্যি কথা বলতে, আমার মনে হয়েছে অনলাইন ক্লাস, ভার্চ্যুয়াল ইন্টার্নশিপ—এসব মিলিয়ে আমার শেষ সেমিস্টারটি খারাপ কাটেনি।’