কাঞ্চননগরের রাজা দণ্ডধর দেবতার বরে এক পুত্রসন্তান পেয়েছিলেন। তার নাম মদনকুমার। তবে দেবতার আদেশ ছিল মদনকুমারকে ১২ বছর পাতালপুরীতে রাখতে হবে। কিন্তু একদিন ঘুমপরী ও স্বপ্নপরী যুবক মদনকুমারকে স্বপ্নের মধ্যে সন্দ্বীপের রাজকন্যা মধুমালার কাছে নিয়ে যায়। তারা একে অপরকে দেখে মুগ্ধ হয়ে স্বপ্নের ভেতর মালাবদল করে। ভোর হয়ে এলে স্বপ্ন ভেঙে যায়, মধুমালা ও মদনকুমার দুজন দুজনকে হারিয়ে ফেলে। তারপর মধুমালার খোঁজে মদনকুমার সপ্তডিঙা মধুকর নিয়ে বেরিয়ে পড়ে। মাঝে মদনকুমারের জীবনে আসে কাঞ্চনমালা। এভাবে ঘটনা এগিয়ে যায়।গত সোমবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হয় তির্যক নাট্যদলের মধুমালা নাটকটি। ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদের আয়োজনে ১৮ জুন থেকে চার দিনব্যাপী হয়ে গেল বর্ষাকালীন নাট্যমেলা ‘বাদল সাঁঝের নাটক-১৪১৯’। এবারের নাট্যমেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। তিনি বলেন, নাটক মাটি ও মানুষের ঐতিহ্যে লালিত আবহমানকালের কৃষ্টি-সংস্কৃতির শিকড়ের সন্ধান করে। শিল্পের শুদ্ধতায় সুস্থ সংস্কৃতির চর্চা এবং দেশীয় সংস্কৃতির লালনের মধ্য দিয়ে এগিয়ে চলছে চট্টগ্রামের নাট্যচর্চা।উদ্বোধনের পর সুখেন্দু স্মৃতি নাট্যপদক-২০১২ প্রদান করা হয়। এবার পদক পান প্রবীণ রূপসজ্জা শিল্পী সাধন দে। তারপর বর্ষার কবিতা আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত, নাচ পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স। সন্ধ্যা সাতটায় ছিল আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত তির্যক নাট্যদলের মধুমালা। উৎসবের দ্বিতীয় দিন ছিল মনসুর মাসুদ নির্দেশিত লোক থিয়েটারের সময়ের প্রয়োজনে, তৃতীয় দিন মঞ্চস্থ হয় সুচরিত দাশ খোকনের নির্দেশনায় মঞ্চমুকুটের বিয়ে, উৎসবের শেষ দিন মঞ্চস্থ হয় লিও তলস্তয়ের দ্য পাওয়ার অব ডার্কনেস অবলম্বনে অলোক ঘোষের নির্দেশনায় নান্দিকারের পাপপুণ্য নাটকটি।