শৌখিন শীতপোশাক


‘মাঘের শীতে বাঘে পালায়’ বলে একটা প্রবাদ আছে। মাঘ মাস আসছে। বাঘ না হয় পালিয়ে বাঁচল, কিন্তু এই ভরা শীতের মৌসুমে শীত তাড়ানোর উপায় কী!
ঢাকায় অবশ্য কোনটি পৌষ কোনটি মাঘ সেটা বোঝা কঠিন। সে অর্থে তীব্র শীতের দেখাও মেলে না। তবে শীতের দেখা মিলুক বা না-ই মিলুক, ঠিকই শীতের পোশাকের দেখা মেলে। প্রতিবছরই আবার এসব পোশাকের ওপর নানা পরীক্ষা-নিরীক্ষাও চলে। তাতে বেরিয়ে আসে নতুন ডিজাইন, নতুন প্যাটার্ন। সে পোশাকগুলোই নামীদামি ব্র্যান্ডের দোকান ঘুরে বসে যায় তরুণদের শরীরে। গত কয়েক বছর ধরে শীতের পোশাকের জায়গা দখল করে আছে হুডি বা পুলওভার। বছর বছর ডিজাইন আর কাটিং পরিবর্তন করে চলছে এটি। কাপড়েও অবশ্য পরিবর্তন আনা হয়। এ ক্ষেত্রে সুতি কাপড়ই ‘প্রথম’ স্থান অধিকার করে আছে।

শীতের পোশাকের কথা বলতে গিয়ে তরুণ অভিনেতা তৌসিফ মাহবুবও বললেন হুডির কথা। হুডির মধ্যে একটা ‘তারুণ্য’ ব্যাপার আছে যেন। শিক্ষার্থীরা তো বটেই বেশির ভাগ তরুণেরাই শীত এলেই হুডি পরেন। বলেন তিনি।
কথা প্রসঙ্গে জানিয়ে রাখলেন তাঁর কাছেও অনেকগুলো হুডি আছে। এগুলোর বেশির ভাগই কেনা হয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কের বিভিন্ন দোকান থেকে। হুডি কেনার বেলায় অবশ্য তৌসিফ ব্র্যান্ডের দিকে তাকান না। পছন্দ হলেই কিনে ফেলেন।
তবে ইদানীং তরুণেরা আরও কিনছেন প্রিন্স কোট ও ব্লেজার। পার্টি কিংবা নানা ধরনের অনুষ্ঠানে এসব পোশাকে দেখা যায় তাঁদের। পোশাকের দোকান ওটু নানা ধরনের ব্লেজার ও প্রিন্স কোট এনেছে। তবে এ বছর তাদের আনা নতুন ডিজাইনের মধ্যে রয়েছে লং প্রিন্স কোট। সাধারণ প্রিন্স কোট থেকে চার ইঞ্চি লম্বা এই কোট তরুণেরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। জানালেন ওটুর স্বত্বাধিকারী জাফর ইকবাল। বললেন, ‘প্রিন্স কোট ও শেরওয়ানি মাঝামাঝি দৈর্ঘ্যের একটা পোশাক লং প্রিন্স কোট। এটা সবাই বেশ প্রশংসা করছে। এ ছাড়া ভেলভেট কাপড়ের ব্লেজারেরও বেশ কদর রয়েছে। একই সঙ্গে ওয়েস্টার্ন কাটিংয়ের প্রিন্স কোটও পছন্দ করছে অনেকে।’
প্রিন্স কোট তো আছেই, লেদারের জ্যাকেটও জায়গা করে নিয়েছে শীতের ফ্যাশনের সঙ্গে। শীত তো নিবারণ হয়ই। এই পোশাকে ফ্যাশনটাও হয় জুতসই। মেনজ ক্লাবের চেয়ারম্যান ও ডিজাইনার মাহমুদুল হেলাল জানালেন, এবার মেনজ ক্লাবে লিনেন কাপড়ের স্যুট বেশ বিক্রি হচ্ছে।
ক্যাজুয়ালের মধ্যে ছোট ও বড় চেকের কাপড়ের স্যুট বেশ পছন্দ করেছে ক্রেতারা। এ ছাড়া জ্যাকেট ও সোয়েটারের কদর থাকে সব সময়ই। এদিক থেকে অবশ্য এবার সুতির চেয়ে প্যারাসুট কাপড়ের জ্যাকেট এগিয়ে আছে। যা পলেস্টার কাপড় নামেও চেনেন অনেকে।

হেলাল বললেন, ঢাকার চেয়ে এখন ঢাকার বাইরেই এসব ডিজাইনের পোশাকের চাহিদা বেশি। শীতের আমেজ তো ঢাকার বাইরেই বেশি। তাই ঢাকার বাইরের শোরুমগুলো বেশ ব্যস্ত শীতের পোশাক নিয়ে।
ডিজাইনারদের কথার সত্যতা মিলল মডেল আজিম উদ্দৌলার কথায়। বললেন, ‘এবারের শীত বেশ কম। তাই সেই অনুযায়ী হালকা ধাঁচের পোশাক কিনেছি। লেদারের জ্যাকেট আমার বেশি পরা হয়। পার্টিতে গেলে কোট পরি। এ ছাড়া দেশের বাইরে থেকে হালকা শীতের কিছু পোশাক কিনেছি। সেগুলো পরে বাইরে যাই মাঝেমধ্যে।’
এ কারণে জেন্টল পার্ক দুই ক্যাটাগরির পোশাক এনেছে। যেমন স্লিম ফিট ও এক্সিকিউটিভ ডিজাইন। স্লিম ফিটের মধ্যে রয়েছে লেদার জ্যাকেট ও নানা রঙের সোয়েটার। আর এক্সিকিউটিভ ক্যাটাগরির মধ্যে রয়েছে ব্লেজার স্যুট।
জেন্টল পার্কের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন বললেন, ‘শীতপোশাকের কাটিংয়ে বেশ পরিবর্তন এসেছে। যা তরুণেরা বেশ পছন্দ করেছেন।’
শীত আসুক বা না আসুক শীতের পোশাকে ভালোই শীত উদ্যাপন করছেন তরুণেরা। এ কারণে নামীদামি দোকান তো বটেই রাস্তার ফুটপাতের দোকানেও শীতের নতুন পোশাকের দেখা মিলছে।

