মানুষ সামাজিক জীব। দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা সবকিছু একে অপরের সঙ্গে শেয়ার করা মানুষের স্বভাব। অবস্থা এমন দাঁড়িয়েছে যে পেটে কিঞ্চিৎ ব্যথা হলেও মানুষ তা অন্যের সঙ্গে শেয়ার করে। করবে না কেন? পেটব্যথা কি যেনতেন ব্যথা? যেকোনো সময় যে-কারও পেটব্যথা হতে পারে। ব্যথার কথা শেয়ার করলেই কত কিছু বেরিয়ে আসে। পেটের কোন পাশে ব্যথা? ডানপন্থী ব্যথা হলে এক ওষুধ, বামপন্থীর জন্য আরেকটা...আরও কত কিছু! মোট কথা, শেয়ারেই কেয়ার। তবে শেয়ার করার এই স্বভাবের ব্যতিক্রম করছেন আমাদের অর্থমন্ত্রী। শেয়ারবাজার নিয়ে যারা পাইকারিভাবে ছিনিমিনি খেলছে, তাদের নামগুলো কিছুতেই জনগণের সঙ্গে শেয়ার করতে চাইছেন না তিনি। কেন চাইবেন? কোনো কিছু শেয়ার করতে হলে সেই একই পদ্ধতি। কোনো একটা মিলনায়তন ভাড়া নিয়ে সংবাদ সম্মেলন। কোনো মানে হয়? বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে না? রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বৈশাখী গানে বলেছেন, ‘যাক পুরাতন স্মৃতি...’। কবিগুরুর মতো প্রতিভাবান একজন মানুষ পুরাতন স্মৃতি ভুলে যাওয়ার কথা শেয়ার করেছেন, আর আমরা পাত্তাই দিচ্ছি না। এখনো সেই সংবাদ সম্মেলন নিয়ে বসে আছি। অদ্ভুত ব্যাপার। অথচ মন্ত্রী চাইলেই নতুনভাবে এ ব্যাপারটা শেয়ার করতে পারতেন। এই ডিজিটাল যুগে ব্যাংক অ্যাকাউন্টের মতো মন্ত্রী সাহেবেরও নিশ্চয়ই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। শেয়ারবাজারের বারোটা যারা বাজাচ্ছে, তাদের নামগুলো নোট আকারে লিখে ফেসবুকে শেয়ার করলেই তো ল্যাঠা চুকে যেত। মন্ত্রী চাইলে ওই বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম উল্লেখ করে স্ট্যাটাসও শেয়ার করতে পারতেন। ফেসবুকের সব বন্ধুকে মেসেজ দিয়েও নামগুলো জানাতে পারতেন তিনি। এত এত পদ্ধতি থাকার পরও মন্ত্রী কেন নামগুলো শেয়ার করছেন না, সে এক বিরাট রহস্য। মন্ত্রী বোধহয় আরও আধুনিক কোনো উপায় খুঁজছেন। তবে আশা করি, অতিদ্রুত মন্ত্রী কোনো উপায় খুঁজে পাবেন, এবং ওই বিশিষ্ট ব্যক্তিদের নাম শেয়ার করবেন। যদিও সাংবাদিকদের কল্যাণে আমরা সে নামগুলো ইতিমধ্যে জেনে ফেলেছি। তবু আমরা মন্ত্রীর মুখ থেকে নামগুলো শুনতে চাই।