শেয়ারবাজারে অস্থিরতা কাটছেই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে অস্থিরতা কোনোভাবেই কাটছে না। এ জন্য সরকারের অযাচিত হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (এসইসি) ভূমিকাকে দায়ী করেছেন বিনিয়োগকারীরা। তবে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের অভিমত, বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করে দেওয়ার প্রবণতা বন্ধ করলে বাজার ঘুরে দাঁড়াতে বাধ্য। এ ক্ষেত্রে তাঁরা বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।ব্রোকারেজ হাউস কোর্ডিয়াল সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক শামীম মালেক প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে সাধারণ বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে হবে। তাঁদের উচিত, গুজবে কান না দেওয়া এবং হুটহাট করে শেয়ার বিক্রি না করা। বিনিয়োগকারীরা হুজুগে শেয়ার বিক্রি না করলে বাজার অবশ্যই ঘুরে দাঁড়াতে বাধ্য। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। তাঁরা তা করছেন না বলে বাজারে অস্বাভাবিক দরপতন ঘটেছে। শামীম আরও বলেন, টানা ব্যাপক দরপতনের কারণে ২০০১ সালের অবস্থানে চলে গেছে শেয়ারবাজার। মূল্য আয় অনুপাত বা পি-রেশিও এত কমেছে যে, যা অস্বাভাবিক। এই মুহূর্তে বাজারে বিনিয়োগ করলে শেয়ারবাজারের তত্ত্ব অনুযায়ী কেউ আর ক্ষতিগ্রস্ত হবেন না। বিনিয়োগের টাকা স্বল্প সময়ের মধ্যে তুলে নিতে সমর্থ হবেন বিনিয়োগকারীরা।এদিকে শেয়ারবাজারে মূল্যসূচকের বড় ধরনের দরপতনের কারণে পুঁজি হারানো ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রণোদনা প্যাকেজের পূর্ণ বাস্তবায়ন দাবি করেছেন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অভিযোগ, সরকারের অযাচিত হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা শেয়ারবাজারে অস্থিরতা বাড়িয়েছে। আর প্রণোদনা প্যাকেজের পূর্ণ বাস্তবায়নের দিকে এসইসির নজরদারি থাকা উচিত ছিল। শেয়ারবাজার নিয়ে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের মন্তব্য এবং কারণে-অকারণে প্রজ্ঞাপন জারি বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। ইনভেস্টমেন্ট ফোরাম অব চিটাগাংয়ের আহ্বায়ক আছলাম মোরশেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বাজারে দরপতনের জন্য নিয়ন্ত্রক সংস্থা এসইসি দায়ী। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এসইসির সর্বশেষ বৈঠকে কোনো ফলাফল আসেনি। এ কারণে গত সপ্তাহে ৬০০ থেকে ৭০০ সূচকের পতন ঘটেছে। বৈঠকে এসইসি সমাধানের কোনো পথ খুঁজে পায়নি, যার চাপ পড়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর।’ আছলাম মোরশেদ আরও বলেন, ‘প্রণোদনা প্যাকেজ ঘোষণার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তথা মার্চেন্ট ব্যাংক, মিউচুয়াল ফান্ড, বিমা কোম্পানিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিনিয়োগের আশ্বাস দিয়ে তাদের সব দাবি আদায় করেছে। কিন্তু বৈঠকের কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেখিনি। এ কারণে বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। তাই এখন প্রশ্ন, দেশে সরকারের ভেতরেও আরেকটি সরকার আছে কি না? না হলে সূচকের এই ভয়াবহ পতন কেন? সরকার কিংবা এসইসি কী করছে? এই প্রতারণার কি কোনো শাস্তি হবে না?’ বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসইসির ওপর তাঁদের কোনো আস্থা নেই। নিয়ন্ত্রক সংস্থা এসইসি কাজের চেয়ে কথা বেশি বলে। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে এসইসি ভূমিকা রাখতে পারবে কি না, সন্দেহ আছে। তাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের তদারকি করা উচিত। না হলে বাজারে স্থিতিশীলতা আসবে না।