শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভ
চট্টগ্রামের ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি অংশ গতকাল বুধবার দুপুরে আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। পরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন।প্রত্যক্ষদর্শী ও বিনিয়োগকারীদের সূত্রে জানা যায়, বেলা একটার দিকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সিএসই ভবনের সামনে জড়ো হন। পরে তাঁরা বিভিন্ন দাবিতে সেখানে স্লোগান দিতে থাকেন। তাঁদের উল্লেখযোগ্য দাবিগুলো ছিল—মার্জিন রেখে ঋণ বাড়াতে হবে, শেয়ারের দাম কমা ও বাড়ার ক্ষেত্রে সুষ্ঠু নিয়ন্ত্রণ থাকতে হবে, ওটিসিতে যাওয়া শেয়ারগুলোর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং এ ক্ষেত্রে অন্তত ১০ দিন আগে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, মিউচুয়েল ফান্ডের জন্য স্পষ্ট নীতিমালা থাকতে হবে, সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ ঘন ঘন হস্তক্ষেপ করতে পারবে না প্রভৃতি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে স্মারকলিপিতে সই করেন মো. সাইদুর রহমান, মো. আনোয়ারুল হক, মো. সেলিম উল্লাহ আনছারী, মো. নজরুল ইসলাম, মো. বোরহান উদ্দিন, মো. আবদুল মোতালেব প্রমুখ। ক্ষুদ্র বিনিয়োগকারী আবুল কাশেম বলেন, ‘হঠাৎ করে বাজারে বড় দরপতন হওয়ায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের বিনিয়োগ তিন ভাগের এক ভাগ কমে গেছে। বাজারে ঝুঁকি এড়াতে আগেভাগে উদ্যোগ নেওয়া দরকার। যখন-তখন হস্তক্ষেপ করলে ক্ষুদ্র বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।’ এ ব্যাপারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল্লাহ মামুন প্রথম আলোকে বলেন, ‘কিছু বিনিয়োগকারী এসে আমাদের কাছে দাবি-দাওয়াসম্বলিত স্মারকলিপি দিয়েছেন। আমরা এসব দাবি-দাওয়া সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে পাঠানোর ব্যবস্থা নিয়েছি।’গতকাল বুধবার ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে আটটির।