শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষিত রাখবেন যেভাবে

ফেসবুক শেয়ারের ব্যাপারেও সতর্ক থাকুন
শেয়ারবাজারে আপনার বিনিয়োগ নিরাপদে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে দীর্ঘ এবং সতর্ক পর্যবেক্ষণ। তাই বিনিয়োগ করার আগে ভালো করে শেয়ারের মূল্যের ওঠানামার দিকে খেয়াল রাখুন। শেয়ারের দাম বাড়লে সেটার দিকে সন্দেহের চোখে তাকান। কারণ, আজকের মূল্য বৃদ্ধি মানে কালকের পতন। তাই শেয়ারের দাম বাড়লে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আর দাম কমলে তো বিনিয়োগের প্রশ্নই আসে না। এমনকি ফেসবুকে কোনো কিছু শেয়ার করার আগেও চোখ-কান খোলা রাখুন!
ষাঁড় ও ভালুকের দিকে নজর রাখুন
ষাঁড় থাকে খেঁায়াড়ে কিংবা মাঠে। বুনো ষাঁড়গুলো আবার ঘুরে বেড়ায় বন-বাদাড়ে। আর ভালুক তো হান্ড্রেড পার্সেন্ট বুনো। তবে এদের চিড়িয়াখানায়ও দেখতে পাবেন। আর পাবেন শেয়ারবাজারে। এই বাজারে প্রাণী দুটি একে অপরের চিরশত্রু। ষাঁড় হলো শেয়ারের সূচক ওপরে ওঠার প্রতীক। অন্যদিকে ভালুক হলো সূচক পতনের বার্তাবাহক। তাই শেয়ারবাজারের সামনে দুটি ষাঁড় ও ভালুক বেঁধে রাখতে পারেন। এদের গতি-প্রকৃতিই আপনাকে বলে দেবে বাজারের পরিস্থিতি। তাই সবার আগে একটা ভালুক আর একটা ষাঁড় জোগাড় করতে মাঠে নেমে পড়াই হবে বুদ্ধিমানের কাজ।
নিয়মিত খেলাধুলা করুন
বিশেষজ্ঞরা বলছেন, শেয়ারবাজারে নাকি পুরোনো খেলোয়াড়েরা ফিরে এসেছেন। শুধু ফিরেই আসেননি, তঁারা ইতিমধ্যে খেলাধুলা করার প্রস্তুতিও নিচ্ছেন। এ অবস্থায় আপনার নিজেকে নিয়ে ভাবতে হবে। ভাবতে হবে খেলোয়াড় হিসেবে আপনার অবস্থান কোথায়। একটু গভীরভাবে চিন্তা করলেই দেখবেন, শেয়ারবাজারের এসব ‘কিংবদন্তি’ খেলোয়াড়দের কাছে আপনি নিতান্তই ‘দুধভাত’। সুতরাং আপনার উচিত হবে নিয়মিত খেলাধুলা করে নিজেকে প্রস্তুত রাখা। সময় ও ইচ্ছার অভাব থাকলে ঘরে বসে সাপ-লুডু কিংবা চোর-ডাকাত-বাবু-পুলিশ খেললেও উপকার পাবেন।
ঋণখেলাপিদের দেখে অনুপ্রেরণা নিন
কথায় আছে, বোকারা মানুষের কাছ থেকে ঋণ করে শেয়ারবাজারে বিনিয়োগ করে, আর বুদ্ধিমানেরা ঋণ করে ব্যাংক থেকে। আপনি নিশ্চয়ই বোকা নন? যদি না হন তাহলে ঋণখেলাপি খাতে কিংবদন্তি যাঁরা আছেন, তাঁদের কাছে ধরনা দিন। বাজারে তেলের দাম এখন আর কমার সম্ভাবনা নেই। ফলে সঠিক পদ্ধতিতে ‘কিংবদন্তি’দের তেল দিতে পারলে এবং ভাগ্য সুপ্রসন্ন হলে জানতে পারবেন কীভাবে ব্যাংক থেকে জামানতহীন ঋণ নিয়ে সেটা গাপ করে দেওয়া যায়। তবে আমাদের পরামর্শ হচ্ছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা গাপ করবেন না, শেয়ারবাজারে বিনিয়োগ করুন। যার মানে হচ্ছে ব্যাংকের তেলে শেয়ার ভাজা। এতে করে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি এবং শেয়ারবাজার। পাশাপাশি আপনার ঘরে রেখে দেওয়া বিনিয়োগও থাকবে সুরক্ষিত।
অন্য কোনো বাজারে বিনিয়োগ করুন
তারপরও যদি শেয়ারবাজারে বিনিয়োগ করতে আপনার মন আনচান করে তাহলে সরাসরি সেখানে বিনিয়োগ না করে শেয়ারবাজারসংক্রান্ত খাতে বিনিয়োগ করতে পারেন। এই যেমন আর কদিন পরই বইমেলা। তাই তুমিও জিতবে: শেয়ারবাজারে কোটিপতি হওয়ার উপায় নামক একটা বই লিখে ফেলুন। সেই বইয়ে রস+আলোর এই পরামর্শগুলোই ফুলিয়ে-ফাঁপিয়ে লিখুন। মানুষ রস+আলো না পড়লেও আপনার বই পড়বেই পড়বে। আর এই সুযোগে আপনিও টু পাইস কামিয়ে নেবেন, সঙ্গে আপনার বিনিয়োগও থাকবে সুরক্ষিত।
যখন আপনি শেয়ারবাজারে বিনিয়োগ করেন
এবং বুঝতে পারেন না সিদ্ধান্তটা
বেশি ভুল হলো নাকি কম ভুল হলো।