শেয়ারবাজারের অশান্তি সংসারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক. শারমিন আহমেদ (ছদ্মনাম) আগে ব্যাংকার ছিলেন। তাঁর স্বামীও পদস্থ কর্মকর্তা। সন্তানদের পড়াশোনা ও সংসারের কথা চিন্তা করে তিনি চাকরি ছেড়ে দেন। উচ্চশিক্ষিতা শারমিন তবুও ঘরে বসে থাকার মানুষ নন। কয়েক বছর আগে আগ্রাবাদের একটি ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারী এরশাদের সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে বেশি মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শারমিনের কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেন। সম্প্রতি শেয়ারবাজারে বিপর্যয় ঘটলে এরশাদ বিপুল অঙ্কের পুঁজি হারান। এরপর মুনাফা না পেয়ে শারমিন তাঁর ১৫ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে ঘটনাটি থানা হয়ে আদালত পর্যন্ত গড়ায়। পুঁজি হারানো এরশাদ কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে বলেন, ‘স্যার আমি ওনার (শারমিন) টাকা দেব না, এই কথা তো বলছি না। তবে শেয়ারবাজারে আমার বিনিয়োগের একটি বড় অংশ ক্ষতি হয়েছে। এখন তো আমার কোনো সামর্থ্য নেই। আমি কী করব স্যার?’ মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গণি সার্বিক অবস্থা বিবেচনা করে এরশাদের জামিন মঞ্জুর করেন। দুই. আরমান আহমেদ (ছদ্মনাম)। আগ্রাবাদের একটি ব্রোকারেজ হাউসের মাধ্যমে শেয়ারবাজারে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেন। পুঁজির সমপরিমাণ তিনি ঋণ (মার্জিন লোন) নেন। নিজের পুঁজি ও ঋণসহ তাঁর মোট বিনিয়োগ ৩০ লাখ টাকার কাছাকাছি ছিল। শেয়ারবাজারে বিপর্যয়ের কারণে তাঁর ১৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। ঋণ পরিশোধের পর তাঁর আর কিছু থাকছে না। আরমান বলেন, ‘বলতে গেলে এখন আমি নিঃস্ব। এ কারণে সংসারে অশান্তির ঝড় বইছে। স্ত্রীর কাছে ছোট হয়ে গেছি। মানসিক যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না।’ তিন. চট্টগ্রাম আদালত ভবনের একজন বিচারকের (নাম প্রকাশ করা যাচ্ছে না) স্ত্রী সঞ্চয়ের এক লাখ টাকা বিনিয়োগ করেন শেয়ারবাজারে। বাজারধসের কারণে পুঁজির বড় অংশ এখন আর নেই। সারা দিন কাজ সেরে বাসায় ফেরার পর স্ত্রীর কথা শুনতে হয় তাঁকে। এতে মানসিক যন্ত্রণায় ভুগছেন ওই বিচারক। চট্টগ্রাম আদালতের বিচারক, গৃহবধূ শারমিন বা আরমানের মতো হাজার হাজার বিনিয়োগকারী শেয়ারবাজারে পুঁজি হারিয়ে এখন নিঃস্ব। তাঁরা ঘরে অশান্তি ও অস্বস্তিতে আছেন। আবার কেউ ক্ষতি পুষিয়ে নিতে স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় ধরনের তহবিল ঘোষণা ও শেয়ার পুনর্ক্রয়ের আইন প্রণয়নের উদ্যোগসহ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরাতে সহায়ক ভূমিকা পালন করেছে। এ কারণে চলতি সপ্তাহে লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে, যা ইতিবাচক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। সূচক যত বাড়ছে ক্ষতিও তত কমে আসছে। ফলে পুঁজিবাজার সংশ্লিষ্ট লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসছে। আগ্রাবাদের ব্রোকারেজ হাউস সূত্রে জানা যায়, আতঙ্কে যাঁরা শেয়ার বিক্রি করে দিয়েছিলেন তাঁরা আবার বাজারে আসতে শুরু করেছেন। ব্রোকারেজ হাউসের একাধিক কর্মকর্তা বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে শেয়ার কেনার পরামর্শ দেন। তাঁরা বলেন, ‘এখনো কিছু কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত, যা কিনলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তবে বাজারে আরও এমন অনেক কোম্পানির শেয়ার আছে, যার দাম অনেক কমে গেছে। তাই কোম্পানির তথ্যভিত্তিক আর্থিক অবস্থা বিশ্লেষণ করে ভালো মানের শেয়ারে বিনিয়োগ করা উচিত।’ক্ষুদ্র বিনিয়োগকারী কবির আহমেদ বলেন, ‘গত বছরের আগস্টে দেড় লাখ টাকার শেয়ার কিনি। নভেম্বরের প্রথম সপ্তাহে ওই শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি বেড়ে যায়। আরও লাভের আসায় বিক্রি না করে অপেক্ষা করতে থাকি। একপর্যায়ে আমার কেনা শেয়ারের দাম ৭৮ হাজার টাকায় নেমে আসে। তবে শেয়ার বিক্রি করিনি। পুঁজি প্রায় অর্ধেক হয়ে যাওয়ায় বাসায় নানা অশান্তির মধ্যে আছি।’আরেক বিনিয়োগকারী আফসার আহমেদ বলেন, ‘পুঁজিবাজারে আমারও দুই লাখ টাকা ছিল। বিপর্যয় দেখা দিলে আমি ১৮ হাজার টাকা ক্ষতিতে সব শেয়ার বিক্রি করি। বাজার আবার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই ভালো কোম্পানির কিছু শেয়ার কিনেছি।’আরও কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাঁদের অনেকে পুঁজি হারিয়ে মানসিক যন্ত্রণায় আছেন বলে জানান। তাঁরা বলেন, ‘পুঁজি হারিয়ে আমরা অনেকে নিঃস্ব। তার ওপর পরিবারের লোকজনের কাছ থেকে নানা কথা শুনতে হয়। এতে যন্ত্রণা আরও বেড়ে যায়। শেয়ারবাজার স্থিতিশীল না হলে ঘরের সুখ-শান্তি ফিরে আসবে বলে মনে হয় না।’