শেয়ারের চাহিদা বেশি সরবরাহ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ সেপ্টেম্বর ছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনেক সিদ্ধান্ত বাস্তবায়নের শেষ দিন। সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর পুঁজিবাজারের চিত্র কিছুটা পরিবর্তনের আশা করেছিলেন সংশ্লিষ্ট লোকজন। কাগুজে শেয়ারের কোম্পানিগুলোকে তাদের শেয়ারসমূহ ডিমেট বা ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরের শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর। ওই দিন বর্ধিত ফি (সরকারি) জমা দিয়ে বিও হিসাব নবায়নের শেষ দিন ছিল। শেয়ার ব্যবসার জন্য ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের ১০ কোটি টাকার ওপর ঋণগ্রহীতাদের ঋণ সমন্বয় এবং ‘শেয়ারের বাজার সম্পদ মূল্য ও প্রকৃত সম্পদ মূল্য (এনএভি)’ ফর্মুলা ছাড়া অন্য কোনো কোম্পানির শেয়ার ক্রয়ে সমন্বয়েরও শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর। পাশাপাশি গত সপ্তাহে এসইসির আরেকটি সিদ্ধান্ত ছিল দৈনিক এক কোটির ওপরে বিনিয়োগকারীদের বিষয়ে তথ্যসংগ্রহ করা। সিএসইর তথ্যমতে এসব বিনিয়োগকারীর বিও হিসাব, এক সপ্তাহের লেনদেনের তথ্য, শেয়ার লেনদেনের তালিকা, ট্রেড সামারি এবং পোর্টফোলিও বিবরণী কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়। এদিকে, বাজার নিয়ন্ত্রণে এসইসি মার্জিন লোন প্রদান নিয়ন্ত্রণের ওপর খুব বেশি গুরুত্বারোপ করছে। এ ক্ষেত্রে মার্জিন লোন প্রদানে প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) পদ্ধতি প্রয়োগের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও বাজার পাগলা ঘোড়ার মতো ছুটছে। প্রত্যেক দিন শেয়ার বাজারের চাঙাভাব লক্ষ করা গেছে। কোনোভাবেই একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, প্রতিদিনই লেনদেন বেড়েই চলছে। এর আগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের আগেই এটার ওপর হাইকোর্টের স্থগিতাদেশ আসে পরবর্তীকালে এসইসি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) বিবেচনায় মার্জিন লোনসংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিল করে। বাজার সংশ্লিষ্ট লোকজন মনে করেন, বর্তমান বাজারে যেহেতু শেয়ারের চাহিদা বেশি সেই কারণে তদারকির পাশাপাশি বাজারে শেয়ারের সরবরাহ বাড়াতে হবে। জেলা পর্যায়ে শেয়ার বাজার প্রসারের জন্য ব্রোকারেজ হাউসসমূহের শাখা খোলার এবং সরকারি ২৬টি প্রতিষ্ঠানের পুঁজিবাজারে আসার অর্থমন্ত্রীর ঘোষণা সাধারণ মানুষের কাছে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। যদিও বা গত সপ্তাহে এসইসির একটি নির্দেশনা আসে শুধু বিভাগীয় শহরগুলো ছাড়া জেলা পর্যায়ে ব্রোকারেজ হাউসের শাখা খোলার অনুমতি দেওয়া হবে না। দিন দিন ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সিডিবিএলের হিসাব মতে, (৭ অক্টোবর ২০১০) নবায়নের পরে বর্তমানে মোট বিও হিসাবের (অ্যাকাউন্ট) সংখ্যা ২৯ লাখ ৪১ হাজার ৮২২। অক্টোবরের মধ্যে যা ৩২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন ব্রোকারেজ হাউস, সিডিবিএল কর্তৃপক্ষসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট লোকজন। সিডিবিএল সূত্র মতে, ফি জমা দিয়ে নবায়ন না করার কারণে কতগুলো বিও হিসাব বন্ধ হয়েছে তা জানা যাবে ১৫ অক্টোবরের পর। পুঁজিবাজার সংশ্লিষ্ট লোকজন মনে করেন, এ মুহূর্তে শেয়ার সরবরাহ না বাড়ালে বাজার তত্ত্বাবধান (মনিটরিং) করে কোনো লাভ হবে না। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক একচেঞ্জে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। সপ্তাহের শেষদিনে ডিএসইতে মোট লেনদেন হয় দুই হাজার ৮০০ কোটি টাকার ওপরে এবং সিএসইতে লেনদেন হয় ২২৪ কোটি টাকার ওপরে। গত সপ্তাহে এইম্স মিউচ্যুয়াল ফান্ডের রায়ের কারণে মিউচ্যুয়াল ফান্ডের দর কিছুটা বেড়ে যায়। পাশাপাশি বিনিয়োগকারীরা এইমেসর রায়ের পরে মিউচ্যুয়াল ফান্ডসমূহের দর বৃদ্ধি যেভাবে আশা করেছিলেন তা হয়নি।