
অপেক্ষাও আনন্দের হয়, যদি সে অপেক্ষার শেষে থাকে প্রিয় ও পছন্দের কোনো কিছুর সঙ্গে আলিঙ্গনের সুযোগ। শৈতী শ্রাবন্তী হালদার এখন সে রকমই এক প্রিয় প্রাপ্তিকে আলিঙ্গনের অপেক্ষায় ক্যালেন্ডারের তারিখের ওপর দাগ কাটছেন প্রতিদিন। রাজধানী ঢাকার সানিডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ লেভেল সম্পন্ন করা এই শিক্ষার্থী নিজেই শোনান সে অপেক্ষার গল্প। ‘যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছি আমি। সেই বৃত্তি নিয়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে যাব বিশ্ববিদ্যালয়টিতে। সব আনুষ্ঠানিকতা শেষ। আসছে আগস্টেই উড়াল দেব নিউইয়র্কের উদ্দেশে।’
শৈতীকে যাঁরা ছোটবেলা থেকে চেনেন, তাঁরা অবশ্য এমন খবর শুনে মোটেও চোখ কপালে তুলছেন না। কারণ, তাঁরা ইতিমধ্যেই শৈতীকে ‘পড়াশোনায় পটু’ হিসেবে আজীবন সম্মাননা দিয়ে ফেলেছেন। তাঁদের চোখের সামনেই এই মেধাবী কীভাবে ও লেভেল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন তা তাঁরা দেখেছেন। তাঁরা দেখেছেন, দেশের প্রথম জীববিজ্ঞান অলিম্পিয়াডে তিনি হয়েছেন চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস। এ ছাড়া বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডে হয়েছেন রানার্সআপ। তাঁরা দেখেছেন, স্কুলের নাচের প্রতিযোগিতায় টানা তিন বছর শৈতী ছিলেন চ্যাম্পিয়ন। একটানা আট বছর ছায়ানটে রবীন্দ্রসংগীত শিখেছেন। এখন শিখছেন সুরের ধারায়। ধ্রুপদি নাচ ও কত্থক নাচের ওপর ডিপ্লোমা সার্টিফিকেট নিয়েছেন বাফা থেকে। এই বাফা থেকে আরও একটি ডিপ্লোমা সনদ আছে তাঁর মণিপুরি নাচের ওপর। এসব অর্জনের মধ্য দিয়ে শৈতীকে যাঁরা একটু একটু করে বেড়ে উঠতে দেখেছেন, তাঁরা তাই শৈতীর বৃত্তি নিয়ে বিদেশে পড়তে যাওয়ার খবর শুনে মোটেও বিস্মিত হন না।
শৈতী নিজেও এসব অর্জন নিয়ে ভাবেন না। বলেন, যে কাজই করেন না কেন তাতে সম্পূর্ণ মনোযোগ ঢেলে দেন তিনি। কাজের প্রতি এই একাগ্রতা আর মনোযোগই তাঁর কপালে সাফল্যের তিলক পরিয়ে দেয়—এমনটাই বিশ্বাস করেন এই মেধাবী। আর বিশ্বাসের সঙ্গে স্বপ্নের মেলবন্ধন ঘটাতে চান বেশ হিসাব কষেই। এক সন্ধ্যায় আমরা যখন তাঁর মুখোমুখি হই, তখন তিনি শোনান তাঁর স্বপ্নের কথা—‘ভবিষ্যতে আমি একজন গবেষক হতে চাই। এবং আমার গবেষণার ক্ষেত্র হবে বায়োমেডিকেল।’
আমরা একটু ধন্দে পড়ে যাই? তাহলে আট বছর ধরে শেখা গানের কী হবে? নাচের ওপর এত কোর্সই বা করা হলো কেন? শৈতী হেসে ফেলেন। সেই হাসি না থামিয়েই বলেন, ‘গবেষক হলে নাচ-গান ছাড়তে হবে এমন তো কোনো নিয়ম নেই। স্নাতক শেষ করার পর ভারতে গিয়ে নাচের ওপর বিশেষ ডিগ্রি নেওয়ার ইচ্ছে আছে আমার। তা ছাড়া গান নিয়েও নিরীক্ষাধর্মী কিছু কাজ করার বাসনা পোষণ করি।’
একই সঙ্গে অনেক বিষয়ে সফল হওয়ার জন্য যে দশভুজা দুর্গা হওয়ার প্রয়োজন নেই শৈতীই সম্ভবত তার উজ্জ্বল উদাহরণ।