সারা দেশের মতো চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় দুই দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আরও দু-তিন দিন এ অবস্থা থাকবে। গতকাল চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন (১১ জানুয়ারি) একই এলাকায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের ওপর থাকায় শীতের তীব্রতা বেড়েছে। একই সঙ্গে নগরসহ গ্রামাঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। শীতের কষ্টে জবুথবু হয়ে নগরের ফুটপাতে ভাসমান মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে গ্রামের রাস্তাঘাটে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা রাশেদা বেগম বলেন, ‘তীব্র শীতের কারণে মেয়ে সাদিয়া ও নাদিয়াকে গতকাল বিদ্যালয়ে যেতে দিইনি।’চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন কামাল উদ্দীন জানান, শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশুরা সর্দি-কাশিসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।