শৈল্পিক অন্দর
ঘরে ঢুকতেই চোখে পড়ল ক্যাকটাসের দুটি টব। দোরগোড়াতে রয়েছে বর্ণিল এক উপজাতীয় থামি। ওয়ালম্যাটের আদলে ব্যবহার করা হয়েছে। বসার ঘরের চারদিকে ছড়ানো-ছিটানো আছে নানা ধরনের কাঠ, বাঁশ, শঙ্খ, ঝিনুক, মাটি, কাঁসা-পিতল, গাছ আর পাতার তৈরি ঘর সাজানোর নানা উপকরণ। একচিলতে বারান্দা কিন্তু তাতেও রয়েছে সবুজের আবেশ। এরই মধ্যে হাজির হলেন শৈবাল সাহা। নান্দনিক এই বাড়িটি তাঁরই। পোশাক ডিজাইন করার পাশাপাশি নিজের ঘরের সজ্জার মধ্যেও আনার চেষ্টা করেন ভিন্নতা। বসার ঘরেই কথা হয় তাঁর সঙ্গে। ছোট্ট বসার ঘর, কিন্তু তার পরও খোলামেলা ভাব। সাজানোর সব উপকরণের মধ্যে মিলছে লোকজ ছোঁয়া। তিনি বলেন, ‘আমি দেশের বাইরে যেখানেই বেড়াতে যাই না কেন, সব সময়ই চেষ্টা করি সেই জায়গার লোকজ ছোট কোনো কিছুকে নিয়ে আসতে। কেননা, কোনো দেশের সংস্কৃতিকে জানতে গেলে লোকজ ঐতিহ্যকে বাদ দিয়ে তা সম্ভব নয়। বসার ঘরের প্রতিটা কোনার মাঝে রয়েছে বিশেষত্ব। কোনো কোনাতে কেবলই বিভিন্ন দেশের লোকজ বাদ্যযন্ত্রের সংগ্রহ। আবার কোনো কোনাতে হরেক রকমের মূর্তি। আবার কোনো কোনাতে প্রদীপের সংগ্রহ। আড়াই শ বছরের পুরোনো প্রদীপও আছে এই সংগ্রহে। তিনি বলেন, আলো-আঁধারের প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। অন্য কোনায় রয়েছে কাঁসা আর পিতলের তৈরি নানা উপকরণ। পিতলের বড় পাত্রে পানিতে ভাসছে কয়েক রকমের ফুল। ফুলের কারণে পরিবেশটাতে অনেক বেশি স্নিগ্ধ ভাব চলে আসে। বসার ঘরের সোফাটা পুরোনো, কিন্তু নান্দনিক। ডিভানের চাদর আর কুশন কভারে রয়েছে নকশিকাঁথার ফোঁড়। বসার ঘর থেকে এক পা বাইরে দিলেই ঝুলবারান্দাতে বেশ কিছু গাছ। শৈবাল সাহা বলেন, ‘প্রকৃতির কাছাকাছি থাকতেই এত ছোট পরিসরেও গাছ রাখার চেষ্টা করি। কেবল বসার ঘরেই নয়, শোবার ঘরেও হালকা আসবাবের সঙ্গে আছে গাছ।’ তিনি বলেন, চাইলে বেত বা বাঁশের ঝুড়িতেও গাছের টবটাকে বসাতে পারেন। এতে ঘরের সৌন্দর্যও বাড়বে, আবার গাছের কাছাকাছিও থাকা যাবে। শৈবাল সাহা বলেন, অনেকেই ঘর সাজানোর কথা মাথায় আনলেই ভাবেন, হয়তো অনেক টাকা খরচ আর ভারী আসবাবের ব্যবহার করতে হবে। বিষয়টা কিন্তু একদমই তেমন না। হালকা আসবাব আর দেশীয় পণ্য দিয়ে অনায়াসেই ঘর সাজানো যায়। দুর্গাপূজার আর বেশি বাকি নেই। এরই মধ্যে অনেকেই হয়তো নিজেকে আর অন্দর সাজানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন। শৈবাল সাহা বলেন, পূজার সজ্জাতে সাধারণত কাঁসা-পিতলের প্রয়োজন পড়ে। এ ক্ষেত্রে কাঁসার ছোট বা বড় পাত্র দিয়ে ঘর সাজানো যেতে পারে। তা না হলে মাটির পাত্রেই কয়েক রকমের ফুল, বেলপাতা, দূর্বা দিয়ে সাজিয়ে ঘরের যেকোনো জায়গায় রাখতে পারেন। এখন যেহেতু শরৎকাল, তাই শিউলি ফুলের ব্যবহারও করা যায়। এ ছাড়া পূজার অন্যতম অনুষঙ্গ হলো শোলা আর কাগজের তৈরি কদম ফুল। কাগজের তৈরি কদম ফুল ঝুলিয়েও ঘর সাজাতে পারেন। সম্ভব হলে ঘরে রাখতে পারেন তুলসীগাছ। এতে করে পূজার আবেশ আর সবুজের মেলবন্ধন ঘটবে।