শৈল্পিক আসবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ঘরে নিত্য বসবাস, তা তো আকর্ষণীয় হওয়া চাই। আর এ জন্য আসবাবের জুড়ি নেই। শুধু ব্যবহারের প্রয়োজনে নয়, ঘর সাজানোর অন্যতম অনুষঙ্গ হিসেবেও এখন বেশ গুরুত্ব পাচ্ছে আসবাব। যে কারণে ব্যবহারিক দিকটির সঙ্গে এর নকশায় যোগ হচ্ছে নান্দনিকতা। খুব জাঁকজমকপূর্ণ নয়, বরং সাদামাটা নকশাতেই ভিন্নতা এনে তৈরি হচ্ছে আধুনিক সব খাট, সোফা, ড্রেসিং টেবিল ইত্যাদি।আসবাব তৈরির প্রচলিত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এখন গড়ে উঠেছে বেশ কিছু ভিন্নধর্মী প্রতিষ্ঠান। খুব দামি বা সংখ্যায় অনেক বেশি নয়; বরং শিল্পকর্মের নান্দনিকতা আর ব্যবহারের উপযোগিতার কথা ভেবেই তারা আসবাব তৈরি করছে। এমন একটি প্রতিষ্ঠান উডমেটাল ক্রিয়েটিভ ফার্নিচারের পরিচালক ও ডিজাইনার রোকনুজ্জামান বলেন, ‘আমাদের প্রতিদিন ব্যবহূত আসবাবগুলো মনের মতো হওয়া জরুরি। আর সে জন্য এর নকশায় বৈচিত্র্য থাকতে হবে, যা আসবাব তৈরির সময় আমরা লক্ষ রাখার চেষ্টা করি।’এ ধরনের আরেকটি প্রতিষ্ঠান পিঁড়ি কথনের পরিচালক ও ডিজাইনার জেনিস মাহমুনের সঙ্গে কথা হয়। ‘আসবাবের নকশা যদি হয় নিজের চেনা পরিবেশের সঙ্গে মানানসই, তাহলে তা সহজে আপন হয়ে ওঠে। তাই আশপাশের চেনা ছবির আদলে আসবাব তৈরি করতে চেষ্টা করি আমরা।’ তিনি আরও বলেন, ‘নিজের পড়ার টেবিল বানাতে গিয়েই শৈল্পিক আসবাবের ধারণাটা মাথায় আসে। এর পরই এদিকে আগ্রহ জন্মে।’ বাহারি সব আসবাবআসবাব নিয়ে সর্বদা চলে ভাঙাগড়ার খেলা। এর রং এবং নকশার রকমফের বদলে দিতে পারে বাড়ির চেহারা। আসবাব বাড়ির বিভিন্ন স্থানেই ব্যবহার করা যায়। তবে তার জন্য বুদ্ধি খাটানো জরুরি বলে মনে করেন উডমেটালের রোকনুজ্জামান। আধুনিক ফ্ল্যাটবাড়ির সিঁড়ির গোড়ায় র‌্যাক, বসার ঘরে সোফা, চেয়ার, বেঞ্চ, খাবার টেবিল, শোবার ঘরের খাট, পড়ার ঘরের আসবাব—সবই নিত্য ব্যবহারের। আসবাবের শৈল্পিকতা নান্দনিক করে তুলতে পারে স্থানটি। জায়গা যতটুকু হোক, তার ওপরই বসাতে পারেন আপনার শখের আসবাব। শৈল্পিক আসবাবনিজের বাড়িটিকে পছন্দসই নানা আসবাবে সাজিয়েছেন মাহমুদুল হাসান। উডমেটাল থেকে ফরমাশ দিয়ে বানিয়ে নিয়েছেন এসব। তিনি বলেন, ‘আসবাব আমার কাছে শখের পোশাকটির মতোই। আর তাই ঘরের প্রতিটি আসবাব তৈরির আগে লক্ষ রাখি তা কতটা শৈল্পিক। কোন স্থানে কোন আসবাব মানানসই, তা বুঝে নিয়ে ঘর সাজাতে হবে।’ ক্রেতাদের এই চাহিদা বুঝেই এখন আসবাবে ডিজাইন করছেন বিক্রেতারা। ‘কেউ চাইলে তার পছন্দের ডিজাইনেও কাজ করি। এতে করে ক্রেতাদের রুচি সম্পর্কে ভালো বোঝা যায়’, জানালেন রোকনুজ্জামান। এই সময়ের নান্দনিক আসবাব কেমন হতে পারে তা বলেন তিনি। ব্যালকনি বা লবিতে ফোমের চেয়ারের প্রচলন বেশি। এর বদলে বাহারি নকশার কাঠের বেঞ্চির ব্যবহার বদলে দিতে পারে জায়গাটির সৌন্দর্য। খাবার টেবিলে ভিন্ন মাত্রা আনতে চারকোনা কাঠের ফ্রেমের ওপর বসাতে পারেন স্বচ্ছ কাচ, যার নিচের কাঠগুলো বসাতে পারেন একটু ফাঁকা করে। এতে করে আলো-ছায়ার খেলা বেশ উজ্জ্বলভাবে চোখে পড়ে। সঙ্গে বসার জন্য থাকতে পারে চেয়ার অথবা বেঞ্চ, যার কাটছাঁট থাকবে টেবিল-উপযোগী। লিভিং স্পেসে রাখার জন্য কম উচ্চতার সোফা বেশ মানানসই। আর সেখানেও বৈচিত্র্য আছে। ছোট জায়গা, কিন্তু বইয়ের তাকটা তো একটু বড় হওয়া চাই। এমন চাহিদা থাকলে পাওয়া যাবে পছন্দের নকশাদার বুক শেলফ; যাতে অনেকগুলো তাকের সঙ্গে আছে প্রয়োজনীয় কাগজ বা ফাইল রাখার অনেক ড্রয়ার। থাকতে পারে পটারি বা শো-পিস রাখার ব্যবস্থাও। পালকির আবহেও পাওয়া যাবে বইয়ের তাক। দুই দেয়ালের কোনার দিকটা ফাঁকা রেখে দিতে পারেন একটা কর্নার শেলফ। আর তার নকশায় ভিন্নতা আনতে রাখতে পারেন নানা ধরনের কর্নার শেলফ। কোনোটি হয়তো শুধুই একটা পালিশ করা লম্বা কাঠের মাঝে মাঝে তাক করা। আবার কোনো শেলফের মাঝে করা হতে পারে কাচের ব্যবহার। ড্রেসিং টেবিলের আকারে আসতে পারে প্রকৃতির চেনা ছবি। যেমন, ময়ূরের আদলে বা লতাপাতাখচিত সাজটেবিল। গরুর গাড়ির চাকার আকৃতিতে বানানো ডিভান রাখতে পারেন দেয়াল ঘেঁষে। এমনকি জুতা রাখার বাক্সটিও পাবেন বড় কোনো খড়মের আদলে নতুবা অন্য কোনো সাজে। নকশার নতুনত্বে মস্ত কোনো পেনসিলের ওপর দাঁড়িয়ে আছে পড়ার টেবিল পর্যন্ত। বাজার ঘুরে জানা যায়, আসবাবের নকশায় এখন দেশি ঢং বেশ জনপ্রিয়। আর তাই বাজারে দেখা মিলছে এ দেশের চেনা দ্রব্যের আদলে তৈরি আসবাব। তো আর কী! আসবাবের শৈল্পিকতায় ফুটিয়ে তুলুন নিজের চেনা ঘর।