শৈশবে অবহেলা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
শৈশবে মানসিকভাবে অবহেলিত হয়েছেন, এমন মানুষের পরিণত বয়সে স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। গবেষকেরা বলছেন, শৈশবে উপেক্ষা ও অসহযোগিতার মতো ঘটনা পরবর্তী সময়ে মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে স্ট্রোকের ঝুঁকি তিন গুণ বেড়ে যায়।সম্প্রতি বিজ্ঞান সাময়িকী মেডিকেল জার্নাল নিউরোলজিতে গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে। গবেষণা নিবন্ধটির লেখক যুক্তরাষ্ট্রের শিকাগোর রাশ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষক রবার্ট উইলসন বলেন, স্ট্রোক ও কম বয়সে অবহেলিতদের সম্পর্ক বের করতে গবেষণাটি চালানো হয়।গবেষণার জন্য পরিচালিত জরিপে অংশ নেন এক হাজার ৪০ জন নারী-পুরুষ। তাঁদের বয়স ৫৫ বা তার বেশি। এঁরা প্রত্যেকেই ১৮ বছর বা তাঁর কম বয়সেই অবহেলার শিকার। গবেষণায় কোথায় তাঁরা অবহেলার শিকার হয়েছেন, কোথায় তাঁরা ভয় পেয়েছেন, কোথায় তাঁদের তিরস্কার করা হয়েছে, কোথায় তাঁরা মারধরের শিকার হয়েছেন কিংবা অন্যান্য কী কারণে তাঁরা কষ্ট পেয়েছেন—এমন প্রশ্নের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সাড়ে তিন বছর গবেষণা চলার সময়েও ২৫৭ জন বৃদ্ধ মারা গেছেন, যাঁদের মধ্যে ১৯২ জনই স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। এঁরা সবাই শৈশব ও কৈশোরে মানসিকভাবে অবহেলার শিকার। এবিসি নিউজ।