শৈশবের শিশুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইচ্ছে হলে যায় না ছোঁয়া আকাশ’ সামিয়া কবিরের এই গানের সঙ্গে চার বুদ্ধি প্রতিবন্ধী শিশুর হাতে মোমবাতি জ্বালিয়ে শৈশব আয়োজিত শিশুমেলা উদ্বোধন করেন নাট্যসংগঠক লিয়াকত আলী লাকী।উৎসবে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। শিশুমেলায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অবদানের জন্য চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং ছড়াকার লুত্ফর রহমান রিটনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুপম সেন বলেন, ‘বড়দের উচিত শিশুরা যাতে সৃজনশীলভাবে বেড়ে উঠতে পারে সেদিকে খেয়াল রাখা। শিশুদের জন্য খেলার মাঠ ও পুকুর তৈরি করতে হবে যাতে তারা অবাধে খেলতে ও সাঁতার কাটতে পারে।’ তিনি শিশুদের ওপর পড়ালেখার চাপ কমিয়ে ভাষা ও গণিত শিক্ষার ওপর গুরুত্ব দেন। লুত্ফর রহমান রিটন বলেন, ‘যাঁরা রাষ্ট্র পরিচালনা করেন তাঁরা শিশুদের জন্য কোনো আনন্দময় ভুবন তৈরি করতে পারেননি। তারা ক্রমাগত ঘরে বন্দী হয়ে পড়ছে।’ শিশুসাহিত্যিক আলী ইমাম বলেন, ‘বিদ্যার বোঝা বইতে বইতে শিশুরা আজ ক্লান্ত। ওরা প্রীতিলতা সূর্য সেনের নাম জানে না। ওরা রমেশ শীলের গান বা বিনয় বাঁশীর ঢোলবাদন শোনেনি।’ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে সরফরাজ খান বলেন, ‘যুদ্ধের সময় আমাকে ও আমার সহযোদ্ধাকে সিনেমা প্যালেসে ধরে এনে নির্যাতন চালানো হয়। আমরা পানি খেতে চাইলে আমাদের মুখে নোংরা পানি ঢেলে দেওয়া সেই রাজাকাররা রাষ্ট্রীয় সম্মানে ভূষিত। কোনো মুক্তিযোদ্ধাকে একুশে পদক দেওয়া হয় না।’ আরও বক্তব্য দেন চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী ইনস্টিটিউটের সভাপতি মো. মোসলেম ও শিশুমেলার চেয়ারম্যান আব্দুল নঈম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গান করে সংগীত ভবন ও ফুলকি। নৃত্য পরিবেশন করে ওডিসি অ্যান্ড ট্যাগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার। জাদু প্রদর্শন করেন রাজীব বসাক। মনোমুগ্ধকর পাপেট শো প্রদর্শন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস। চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী ইনস্টিটিউটের সদস্যরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে ১১ ও ১২ মার্চ শৈশব আয়োজিত প্রতিযোগিতার সনদ বিতরণ করা হয়।