শৈশবের শীত
শীত ছিল আমাদের নিকটাত্মীয়ের মতো। অনুভূতির খুব কাছাকাছি এসে জড়ো হয়ে থাকত। তবে এই নিকটাত্মীয়কে বরং আশ্রয় না দিয়ে বিদায়ী সম্ভাষণ জানানোতেই বেশি ব্যতিব্যস্ত হয়ে উঠতাম! খুব সকালে ঘুম-কুয়াশার সকালে গাদা থেকে আঁটি আঁটি খড় জড়ো করে আগুন জ্বালিয়ে শীত পোহানোর যে কী মজা, শৈশবে কানায় কানায় তা উপভোগ্য করে তুলেছিলাম। আগুনের উত্তপ্ত ধোঁয়ার তাড়া খেয়ে কুয়াশার বরফ জমাট ধোঁয়ার চোরের মতো পিঠ বাঁচিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্যের চেয়ে আনন্দের দৃশ্য আর কয়টাই বা ছিল তখন? আগুনের চারপাশে একদিকে ঠকঠক করে কাঁপছি, অন্যদিকে আরও জমাট শীতের কামনা মনে মনে। কারণ, জমাট শীত ছাড়া আগুন পোহাতে মজা কম! শীত যত বেশি, আগুনের উত্তাপের ঘনিষ্ঠতা ততই নিকটতম, লেপ-কম্বলগুলো অন্তরঙ্গ বন্ধুর মতো। অথচ শীত ছাড়া ওরাও অর্থহীন। এখনো আমাদের এই শহরে শীত পড়ে। বরফরঙা কুয়াশায় ঘাড় নুইয়ে পরাজিতের মতো দাঁড়িয়ে থাকে গাছগুলো, ঘাসগুলো। খুব ভোরে কোনো মাকড়সা জেগে উঠে হয়তো দেখে, তার পাতা জাল ভিজে সারা! ঘাসগুলোও সারারাত ভিজে ভিজে যেন কবিতাময় হয়ে থাকে। ঘাস ছুঁলেই শিহরিত অনুভূতিতে বের হয়ে আসবে একেকটা চমকানো কবিতা! তবে এসব কবিতা এখন আর শোনা হয় না। কর্মব্যস্ততার সিঁড়িতে পা রাখার পর থেকে আবেগের জায়গা কই। শীত আর অনুভূতির আবেগ—সে তো কোনো এক কাল্পনিক অগ্নিতাপে ধোঁয়া হয়ে ফেরারি হয়েছে কবেই!তপু রায়হান আলহেরা পাড়া, হামদহ, ঝিনাইদহ।