২৭ সহপাঠী হারানোর শোক ও বেদনা নিয়ে পরীক্ষা দিচ্ছে আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন শ্রেণীর দ্বিতীয় সাময়িক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। শনিবার পরীক্ষার পর জ্ঞান হারায় নবম শ্রেণীর এক ছাত্রী। চিকিৎ সক ও শিক্ষকদের কাউন্সিলিং সত্ত্বেও শিক্ষার্থীরা এখনো মনোবল ফিরে পায়নি। এদিকে, অভিযুক্ত ট্রাকচালক জসিম উদ্দীন ওরফে মফিজ গত বৃহস্পতিবার বরিশালে গ্রেপ্তার হলেও তাঁকে এখনো মিরসরাই থানায় আনা হয়নি। মফিজকে আনতে আরও কয়েক দিন লেগে যাবে বলে মিরসরাই থানা সূত্রে জানা গেছে।মিরসরাইয়ের সড়ক দুর্ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করতে আরও পাঁচ-সাত দিন সময় নিতে পারে বলে জানা গেছে। অন্যদিকে, দুর্ঘটনায় নিহত ও আহত ছাত্রদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান জানান, ধৃত ট্রাকচালক মফিজকে পুলিশ গত বৃহস্পতিবার বরিশাল আদালতে সোপর্দ করেছে। আদালত থেকে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। মফিজকে মিরসরাইয়ে আনার জন্য চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হয়েছে। ডাকযোগে ওই আবেদন পৌঁছলেই মফিজকে চট্টগ্রাম পাঠানোর ব্যবস্থা করবে বরিশাল কারা কর্তৃপক্ষ।দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান প্রথম আলোকে জানান, তাঁরা তদন্ত প্রতিবেদন যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করছেন। তদন্ত কমিটির এক সদস্য দেশের বাইরে যাওয়ায় একটু বিলম্ব হচ্ছে। ওই সদস্য দেশে ফিরে এলেই কমিটির সব সদস্য একত্রে বসে প্রতিবেদন তৈরি করবেন। এর জন্য আরও পাঁচ-সাত দিন লেগে যেতে পারে বলে তিনি জানান।সহায়তা অব্যাহত রয়েছে: মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ছাত্রদের পরিবারের সদস্যদের বিভিন্ন সংগঠনের সহায়তা অব্যাহত রয়েছে। গত শনিবার বেলা ১১টায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চেয়ারম্যান ও সাংসদ মো. আখতারুজ্জামান এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন সহায়তার অর্থ সবার হাতে তুলে দেন। ইউসিবিএল ব্যাংকের পক্ষ থেকে নিহত ছাত্রদের পরিবারকে ৫০ হাজার এবং আহত ছাত্রদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়। অন্যদিকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন নিহত ছাত্রদের পরিবারকে ১০ হাজার টাকা এবং আহত ছাত্রদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেন।মেয়র শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘শুধু মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাঁদের সহমর্মিতা জানাতে এতদূর থেকে মিরসরাইয়ে ছুটে এসেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা দুর্গত এলাকার মানুষ। আমরা বুঝি স্বজন হারানোর বেদনা।’ সাংসদ আখতারুজ্জামান বলেন, ‘একসঙ্গে অনেক আলো নিভে গেল। অর্থ দিয়ে এই ক্ষতি কখনোই পূরণ হবে না। তার পরও আমরা ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এই টাকা দিয়েছি।’পরীক্ষার সময় অজ্ঞান এক শিক্ষার্থী: আবুতোরাব উচ্চবিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। গত শনিবার নবম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার পরীক্ষা শেষে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় একজন চিকিৎ সক এনে তাকে চিকিৎ সা দেওয়া হয়।শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ মনে হলেও তারা এই ধকল কাটিয়ে উঠতে পারেনি। তারা এখনো মানসিক শক্তি পুরোপুরি ফিরে পায়নি বলে মন্তব্য করেন প্রধান শিক্ষক জাফর সাদেক।উল্লেখ্য, ১১ জুলাই মিরসরাইয়ের সড়ক দুর্ঘটনায় আবুতোরাব উচ্চবিদ্যালয়ের ২৭ জন ছাত্রসহ মোট ৩৮ জন ছাত্র নিহত হয়। ওই সড়ক দুর্ঘটনায় মোট ৪০ জন নিহত হয়।