শোকাতুর হূদয়ে শামসুর রাহমান ও হুমায়ুন আজাদকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার সন্ধ্যায় কবিতা পাঠ এবং আবৃত্তির মধ্য দিয়ে কবি শামসুর রাহমান এবং সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনীরকে স্মরণ করা হলো বিনম্র শ্রদ্ধায়। শামসুর রাহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রমা আবৃত্তি সংগঠন জেলা শিল্পকলা একাডেমীতে এ আয়োজন করে।প্রমার সভাপতি রাশেদ হাসানের পরিচালনায় কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করেন কবি খালিদ আহসান, বিশ্বজিৎ চৌধুরী, এজাজ ইউসুফী, শাহিদ আনোয়ার, আকতার হোসাইন, কামরুল হাসান বাদল, আহমেদ মুনীর, সেলিনা শেলী, সৈকত দে প্রমুখ । কবিতা পাঠের ফাঁকে ফাঁকে চলে আলোচনা। এ সময় আবৃত্তিশিল্পীরা কবি শামসুর রাহমান এবং মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ করেন। অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’, ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ‘পান্থজন’, ‘মাস্টারদার হাতঘড়ি’, ‘পুরান পাখি’, ‘সুধাংশু যাবে না’, ‘আসাদের শার্ট’, ‘বাইবেলের কালো অক্ষরগুলো’, ‘যদি আর ফিরে না আসে’, ‘অভিশাপ দিচ্ছি’, ‘বুক তার বাংলাদেশের হূদয়’সহ মোট ২৭টি কবিতা আবৃত্তি করা হয়। আসরে কবিতা পাঠ করেন টাঙ্গাইলের আবৃত্তি সংগঠন সোনার তরী এবং কুমিল্লা জেলার আবৃত্তিশিল্পীরা। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, বিশ্বজিৎ পাল, শর্মিষ্ঠা বড়ুয়া, মোহিত বিশ্বাস, সাহেলী তাহের, মঞ্জুর মুন্না, সানজিদা খানম, ইব্রাহীম খলিল, রুনা চৌধুরী, এ টি এম সাইফুর রহমান, সোনিয়া ইসলাম, নাজমুল আলিম, জোবায়ের জুয়েল প্রমুখ। মোহিত বিশ্বাস এবং নাজমুল আলিমের গ্রন্থনা ও মোহিত বিশ্বাসের নির্দেশনায় ‘চল ছুটে যাই’ শিরোনামে শামসুর রাহমানের কবিতা থেকে নেওয়া বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন সজীব, ফাহিম, মির্জা মুহিত, রোকসানা, তন্দ্রা, রোমেনা প্রমুখ। চট্টগ্রামের আবৃত্তি সংগঠনগুলোর মধ্যে বোধন আবৃত্তি পরিষদের ইন্দিরা চৌধুরী, প্রবীর পাল, দৃষ্টির মিলি চৌধুরী, উচ্চারক আবৃত্তি কুঞ্জের ফারুক তাহের, নির্মাণ আবৃত্তি সংগঠনের মাহাবুবুর রহমান মাহফুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের আখতারুজ্জামান লাবু, অঙ্গনের ইউসুফ হাসান এবং শব্দ নোঙ্গর আবৃত্তি সংগঠনের হাসান জাহাঙ্গীর।‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’২০০৪ সাল। একুশের বইমেলা থেকে ফিরছিলেন কবি হুমায়ুন আজাদ। পথে ওত পেতে থাকা মৌলবাদী ঘাতকেরা হঠাৎই ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। প্রজেক্টর থেকে সেই দৃশ্য আরও একবার পর্দার ওপর ভেসে ওঠে। বেদনাদায়ক অতীত মুহূর্তেই গ্রাস করে নেয় উপস্থিত সবাইকে। দর্শকসারির মধ্য থেকে স্লোগান দিতে দিতে মঞ্চে উঠে আসে দুটি মিছিল—‘আজাদ স্যারের রক্ত বৃথা যেতে দেব না,’ ‘স্যারের ওপর হামলা কেন? প্রশাসন জবাব চাই,’ ‘মৌলবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। ক্ষোভ ও ঘৃণায় কুঁকড়ে ওঠে মন। দেশের সেরা মেধাবী মানুষটির ওপর কেন এই হামলা? দর্শকের মনে সেই প্রশ্ন আবারও হানা দেয়। হুমায়ুন আজাদের সপ্তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রমা আবৃত্তি সংগঠন আয়োজিত স্মরণসন্ধ্যায় এভাবেই দর্শকের সামনে সেদিনের ঘটনা হাজির করা হয়েছিল। ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় ‘ঘুমিয়ে পড়ার আগে, বাজুক বাঁশি, উঠুক বেজে’ শিরোনামে এই স্মরণসন্ধ্যা অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে। হুমায়ুন আজাদের কবিতা, প্রবন্ধ ও জীবনকথা নিয়ে প্রমার সদস্যরা পরিবেশন করলেন ভিন্ন ধরনের আলেখ্য, ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’।‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’, ‘দেশপ্রেম’, ‘স্বপ্ন’, ‘বিশ্বাস’, ‘যা কিছু আমি ভালোবাসি’সহ প্রায় ২০টি কবিতা ও তিনটি প্রবন্ধ পড়ে শোনান প্রমার সদস্যরা। প্রমার সভাপতি রাশেদ হাসান বলেন, ‘সব প্রগতিশীল দেশপ্রেমিক মানুষেরা হুমায়ুন আজাদকে হূদয়ে ধারণ করে আছে।’প্রযোজনাটিতে আবৃত্তির সঙ্গে সঙ্গে স্লাইডে দেখানো হয় বাঁশখালীর হত্যাকাণ্ড, ২১ আগস্টে গ্রেনেড হামলা ও রমনায় বোমা হামলার ছবি। চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ বললেন, ‘আবৃত্তির সঙ্গে প্রজেক্টরে স্লাইড শো এক ভিন্ন আমেজ এনে দিয়েছে। দেখে আমার চোখে ভাসছে ওই সময়ের ঘটনাগুলো। ভাবছি কবিতাগুলো নিয়ে ছবি আঁকব।ভালো কিছুর প্রত্যাশা ও হতাশার দোলাচলের মধ্য দিয়ে শেষ হয় প্রযোজনাটি। মঞ্চে উচ্চারিত হতে থাকে সবার মিলিত কণ্ঠে ‘ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো...’। আবার একই সঙ্গে একটি কণ্ঠ ভেসে আসে ‘আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে।’ অনুষ্ঠানের গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন রাশেদ হাসান। আলোক পরিকল্পনায় মোসলেম উদ্দিন সিকদার, স্লাইড পরিচালনায় রাজু দাশগুপ্ত এবং আবহসংগীত পরিচালনায় ছিলেন পরিতোষ দাশ, আসলাম হোসেন, মাহফুজ আহমেদ ও মিল্টন দাশ।