শোকের জনপদ সন্দ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাল আমার প্রমোশন হবে। আপনারা দোয়া করবেন আমার জন্য।’ ২৩ এপ্রিল মুঠোফোনে চাচা মো. চোখ ধনকে এমনটা বলেছিলেন সাভারের ধসে পড়া রানা প্লাজা ভবনে অবস্থিত পোশাক কারখানার শ্রমিক মো. রিয়াদ হোসেন (২৮)। রিয়াদের পদোন্নতির খবর আশান্বিত করেছিল তাঁর পরিবারকে। কিন্তু যেদিন পদোন্নতি হওয়ার কথা, সেদিন অর্থাৎ পরদিন ২৪ এপ্রিল ভবন ধসে মৃত্যু হয় তাঁর। তাই এই মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তাঁর পরিবার। উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে এখন তাঁরা দিশেহারা।৩০ এপ্রিল সন্দ্বীপের হারামিয়ায় রিয়াদের লাশ এসে পৌঁছায়। তিন ভাইবোনের সংসারে রিয়াদ ছিলেন একমাত্র চাকরিজীবী। সাভারে কাজ করতে গিয়ে সন্দ্বীপের বেশ কয়েকজন শ্রমিককে রিয়াদের ভাগ্য বরণ করতে হয়েছে। গত ২৯ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত রিয়াদসহ সন্দ্বীপের ১১ শ্রমিকের লাশ এসে পৌঁছে স্বজনদের কাছে।উপজেলার হত্যভাগ্য এসব শ্রমিক কাজ করতেন রানা প্লাজায় অবস্থিত ফ্যান্টম অ্যাপারেলস ও ফ্যান্টম ট্র্যাক নামের দুটি তৈরি পোশাক কারখানায়। কারখানা দুটির মালিক আমিনুল ইসলামের বাড়ি সন্দ্বীপ হওয়ায় ওই প্রতিষ্ঠান দুটিতে কাজ পেয়েছিলেন তাঁরা। ভয়াবহ এ দুর্ঘটনায় দ্বীপের ঠিক কতজন কর্মী নিখোঁজ হয়েছেন, তার সঠিক হিসাব এখনো দিতে পারেননি কেউ।রানা প্লাজা ধসের চার ঘণ্টা পর উদ্ধার হন সন্দ্বীপের দৌলত খাঁ এলাকার আবুল হাসেম। তিনিও ফ্যান্টম অ্যাপারেলেস কারখানায় কর্মরত ছিলেন। গত ৬ মে দৌলত খাঁ এলাকায় তাঁর বাড়িতে গেলে তিনি জানান, রানা প্লাজায় সন্দ্বীপের বিভিন্ন এলাকার অন্তত ৬০-৭০ জন শ্রমিক কর্মরত ছিলেন। তাঁদের অনেকেই ঢাকায় বসবাস করেন। তাই ঠিক কতজন দুর্ঘটনায় মারা গেছেন তা বলা সম্ভব নয়।’পর পর বেশ কয়েকজনের লাশ এসে পৌঁছানোর পর সন্দ্বীপের হারামিয়া এখন শোকের জনপদে পরিণত হয়েছে। ৫ মে রওশন আলী (৬০) ও কামরুল আলমের (২৭) লাশ এসে পৌঁছায় তাঁদের গ্রামের বাড়িতে। এর কয়েক দিন আগে আসে লিয়াকত আলীর (২৫) লাশ। রওশন আলীর প্রতিবেশী ও স্বজনেরা জানান, ফ্যান্টম অ্যাপারেলসে ‘টাইম কিপার’ ছিলেন তিনি। ভবন ধসের পর দুপুর পর্যন্ত তিনি বারবার পানি ও অক্সিজেন চেয়ে স্বজনদের ফোন করেছিলেন। তবে শেষ পর্যন্ত হেরে যান মৃত্যুর কাছে।’সদ্য বিবাহিত কামরুল আলমের নবপরিণীতা স্ত্রী নাসিমার হাতের মেহেদির রং এখনো মলিন হয়নি। বিয়ের পর একবার মাত্র ছুটিতে এসেছিলেন তাঁর স্বামী। ভালো করে স্বামীর সঙ্গে কথাও বলা হলো না তাঁর। কামরুলের লাশ এসে পৌঁছানের পর এসব বলে বিলাপ করছিলেন আর ঘন ঘন মূর্ছা যাচ্ছিলেন তিনি।হারামিয়ার দৌলত খাঁ এলাকার হেদায়েত উল্লাহ ছেলে লিয়াকত আলী ফ্যান্টম অ্যাপারেলসে কর্মকর্তা হিসেবে চাকরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে পড়ছিলেন। সাত ছেলেমেয়ের মধ্যে লিয়াকত ছিলেন একমাত্র উপার্জণক্ষম ব্যক্তি। ছেলের লাশ দেখে নির্বাক হয়ে গেছেন বাবা হেদায়েত উল্লাহ। ১০ মে শুক্রবার পর্যন্ত সন্দ্বীপের ১১ জনের লাশ এসে পৌঁঁছছে স্বজনদের কাছে। তাঁরা হলেন জ্যোৎস্না বেগম, বিল্লাল হোসেন, আকলিমা বেগম, মো. দুলাল, মো. কামরুল আলম, লিয়াকত আলী, আবদুল কাদের, রওশন আলী, রিয়াদ হোসেন, জবিরুল মাওলা ও মো. রিদোয়ান। এখনো নিখোঁজ রয়েছেন মো. ফরিদ।সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-খাজা নিহত ব্যক্তির স্বজনদের ১০ হাজার টাকা করে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া সরকারিভাবে আরো সাহায্যের জন্য নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠিয়েছেন বলে জানান।