শোকের শক্তিতে কাঠের সেতু
ঝারকাটা নদী নিয়ে চর রৌহা গ্রামের মানুষের গল্পের শেষ নেই। সেই গল্পের কিছুটা জুড়ে আছে প্রজন্মান্তরের ভোগান্তি। যমুনার এই শাখানদী পার হয়েই চর রৌহাসহ ছাতারিয়া, নান্দিনা, বাঘমারা, আদ্রা, চুনিয়াপটল, জামিরা, সিধুলির মতো আশপাশের ১৫ গ্রামের প্রায় ৮০ হাজার মানুষের যাতায়াত। ভরা বর্ষায় খেয়ানৌকায় শুকনো মৌসুমে পার হতে হতো নদীর ওপরে বাঁশের সাঁকো তৈরি করে। নদীতে প্রায়ই ঘটত দুর্ঘটনা। বছর কয়েক আগে খেয়ানৌকা ডুবে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা যায়। সে শোক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর রৌহার মানুষকে মুহ্যমান করে তুলল।
শোককে শক্তিতে পরিণত করতে চাইলেন এলাকাবাসী। দুর্ঘটনার পর সাতপোয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও চর রৌহা গ্রামের বাসিন্দা রেজাউল করিম উদ্যোগী হলেন। গ্রামবাসীকে নিয়ে বৈঠক করলেন। অর্থ জোগাড় করতে গিয়ে সময় লাগল বটে, কিন্তু সেতু নির্মাণের উদ্যোগ থেকে পিছিয়ে এলেন না গ্রামবাসী। অবশেষে গত বছরের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমে ও নিজেদের অর্থে একটি কাঠের সেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়।
৭ নভেম্বর শুরু হয় নির্মাণকাজ। চর রৌহা গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে নিজেদের অর্থায়নে এগিয়ে আসেন কাঠের সেতু নির্মাণের কাজে। প্রতিদিন গ্রামের নারী-পুরুষ পালাক্রমে সেতু তৈরির কাজ করেন। শুরুতে খুঁটি বসানোর জন্য নদী খনন করা হয়। এর মধ্যে ২০ ফুট কাঠের গোলাই পোঁতা হয়। এসব কাঠের গোলাইয়ের ওপর পাটাতন বসানো হয়েছে, সেগুলোও কাঠের। ।
ইউপি সদস্য রেজাউল করিম বললেন, যাতায়াতব্যবস্থা ভালো না থাকায় গ্রামের মানুষ অনেক কষ্ট করত। সবার সহযোগিতায় এখন কাঠের সেতু নির্মাণের উদ্যোগ পূর্ণতা পেল। এলাকাবাসীর যাতায়াত সহজ হলো। এ কাজে ব্যয় হয়েছে প্রায় ১১ লাখ টাকা। এখন সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়।