শোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালদিঘীর ময়দানে জব্বর মিয়ার বলী খেলায় বিচিত্র ধরনের সব লোকের সমাগম ঘটে। ঘণ্টা দুয়েক মেলায় ঘুরে ক্লান্ত-বিধ্বস্ত হয়ে বেরিয়ে আসার সময় এক কান্নারত বৃদ্ধ লোকের পাশে আমি থমকে দাঁড়াই। আমি যখন মেলায় ঢুকছিলাম, তখনো এই লোকটা সমানভাবে কাঁদছিল। আমার কৌতূহল হয়, তাঁকে জিজ্ঞেস করি, চাচা কোত্থেকে এসেছেন?
বৃদ্ধ জবাব দেন, ‘দইজ্জার ওই পাড়ত থুন।’
কর্ণফুলীর ওই পাড় থেকে আসলে কি সারা দিন বসে বসে কাঁদতে হয়! আপনি সেই তখন থেকে কাঁদছেন, ঘটনা কী?
বৃদ্ধের কান্না একটু থামে, আজ থেকে ২৫ বছর আগে আমার ছেলে যখন নতুন নতুন দুনিয়া দেখছে, তখন একদিন তাঁকে আমি প্রথম এই মেলায় নিয়ে এসেছিলাম। সেবার প্রথম তাঁকে কর্ণফুলী চিনিয়েছি, সাম্পান চিনিয়েছি, লালদিঘীর ময়দান চিনিয়েছি।
চাচা, এটাই তো নিয়ম। আপনি পিতা, আপনার ছেলেকে পৃথিবীর নিয়মকানুনগুলো শিখিয়ে দেবেন, এটাই তো স্বাভাবিক।
বৃদ্ধ এবার ম্লান হাসেন,‘আমি এখন একদম চোখে দেখতে পাই না। আজকে আসার সময় ছেলেকে জিজ্ঞেস করি, এখন কোথায় আছি। সে বলে কর্ণফুলী ব্রিজের ওপর। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করতেই সে ধমক দেয়, “চুপচাপ বসে থাকো, তুমি এই বয়সে জায়গা চিনে কী করবে!”’
ছেলের ধমক খেয়ে মন খারাপ করে কান্না করেছেন?
বৃদ্ধ আবার কাঁদতে শুরু করেন, ‘মন খারাপ করে কাঁদছি না বাবা, কাঁদছি অপমানে।’
বৃদ্ধকে ইচ্ছেমতো কাঁদতে দিয়ে আমি রাস্তায় নেমে আসি। এই বৃদ্ধের ছেলেও একদিন বাবা হবে, তখন সেও কি এমন করে কাঁদবে।