শোনার ভুল
আমি তখন ক্লাস টেনে পড়ি। আমার পাশের বাসায় থাকত ক্লাস এইটে পড়া এক মেয়ে। আমরা একই স্কুলে পড়তাম। মেয়েটি ছিল খুবই সুন্দরী। তাই পাশাপাশি থাকার দরুন কিংবা মনের অজান্তেই মেয়েটিকে ভালোবেসে ফেলি। মেয়েটিও একটু-আধটু তা জানত। তো যা-ই হোক, আমাদের স্কুল যখন ছুটি হতো, তখন সাইকেলে আমি একটু আগেই বাসায় চলে আসতাম। আর ও আসত তার পরপর। একদিন স্কুল ছুটির পর বাসায় এসে সাইকেলটা রেখে যখনই হাত-মুখ ধুতে যাব, ঠিক তখনই শুনি গেটে কে যেন আর্তনাদ করছে। কাছে এসে দেখলাম ও রক্তঝরা হাত নিয়ে খুব কাঁদছে আর আর্তনাদ করছে। মনে হয় দরজা লাগাতে গিয়ে হাতে ছেঁচা লেগেছে। তাই অনতিবিলম্বে আমার মধ্যে ভালোবাসার টানে কিংবা অন্য কোনো কারণে মনুষ্যত্ব বোধটা এভারেস্টের চূড়ায় গিয়ে উঠল। তাই ওর জন্য স্যাভলন, তুলা আর কাপড় খুঁজতে লাগলাম। ইস! দরকারের সময় সবকিছু ঠিকমতো পাওয়া যায় নাকি? অনেক কষ্টে পাওয়ার পর ওর হাতের আঙুলে কাপড় পেঁচিয়ে দিচ্ছিলাম। আর ও তখনো কেঁদেই যাচ্ছে। ওকে দেখে খুবই মায়া লাগছিল। যখন কাপড় বাঁধা হয়ে গেল, তখন ওকে বললাম, বাসায় গিয়ে আন্টিকে বোলো এক গ্লাস দুধ খেতে দিতে। ও মনে হয় আমার কথা ঠিক বুঝতে পারিনি যে আমি ওকেই দুধ খেতে বলছিলাম। তাই কিছুক্ষণ পর দেখি, দরজায় কে যেন নক করছে। দরজা খুলতেই দেখি, আন্টি এক গ্লাস দুধ হাতে নিয়ে বললেন, ‘বাবা, দুধটুকু খেয়ে নাও।’ তানভীরুল ইসলামপার্বতীপুর, দিনাজপুর