শোভনছড়ি সড়ক যেন চষা জমি

বৃষ্টি এলে থকথকে কাদার জন্য সড়কে পা ফেলাই কঠিন হয়ে দাঁড়ায়। আর রোদ উঠলে ধুলাবালির অত্যাচারে চলাচল করা যায় না। ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের নয় কিলোমিটার দীর্ঘ চুনখাঁরহাট-শোভনছড়ি সড়কের এমন দশা। সড়কটির মাত্র দুই কিলোমিটার অংশ পাকা হলেও বাকি অংশ কাঁচা। এই সড়কের এমন অবস্থার কারণে শোভনছড়ি গ্রামটি আজও দুর্গম রয়ে গেছে।
সুয়াবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, চুনখাঁরহাট-শোভনছড়ি সড়কটি শোভনছড়ি গ্রামের একমাত্র যোগাযোগের মাধ্যম। সড়কটি দিয়ে প্রতিদিন চাঁদের গাড়ি (জিপ), বালুবাহী মিনি ট্রাক ও অটোরিকশা চলাচল করে। সড়কের চুনখাঁরহাট এলাকায় এক কিলোমিটার, বনবিট এলাকায় এক কিলোমিটারসহ মোট দুই কিলোমিটার পাকা হলেও বাকি সাত কিলোমিটার কাঁচা। সড়কের বেহাল অবস্থার কারণে শোভনছড়ি গ্রামের ১৫ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
সম্প্রতি শোভনছড়ি গ্রামে গেলে সড়কের এমন দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামটিতে দুটি প্রাথমিক বিদ্যালয়, চারটি ফোরকানিয়া মাদ্রাসা, একটি সরকারি বন বিট রয়েছে। গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থান। ফলে গ্রামের শিক্ষার্থীরা ধুলা-কাদা মাড়িয়েই প্রতিদিন বিদ্যালয় ও মাদ্রাসায় যাচ্ছে।
শোভনছড়ি ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আনোয়ার বলেন, ‘বিপদ-আপদের সময় এ সড়ক আমাদের দুর্ভোগ বাড়ায়। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। জনপ্রতিনিধিরা বহুবার বলেছেন সড়কটি পাকা করে দেবেন। অথচ কেউ কথা রাখেননি।’
স্থানীয় শাপলা সংঘের সভাপতি সাইফুল ইসলাম বলেন, দিন-রাত বালুর গাড়ি চলাচলের কারণে সড়কে প্রচুর গর্ত সৃষ্টি হয়েছে। কাদাজলে একাকার হয়ে আছে সড়ক।
শোভনছড়ি যতীন্দ্র মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিব উল্লাহ বলেন, বর্ষাকালে সড়কটির অবস্থা এমন হয় যে, শিক্ষার্থীদের স্কুল-কলেজ-মাদ্রাসায় যাওয়া বন্ধ হয়ে যায়। তখন বিদ্যালয়ের উপস্থিতি অর্ধেকে নেমে আসে।
এ বিষয়ে সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী বলেন, চুনখাঁরহাটের সঙ্গে সংযোগকারী নয় কিলোমিটার দীর্ঘ এ সড়ক অনেক দিন ধরে অবহেলিত। ইতিপূর্বে সড়কের দুই কিলোমিটার অংশ কার্পেটিং করা হয়েছে। বাকি অংশে ইট বিছানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইলসাম প্রথম আলোকে বলেন, শোভনছড়ি গ্রামের এই সড়কে ইট বিছিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।