শৌচাগারের দুর্গন্ধে বিদ্যালয় ছুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা আতাতুর্ক আদর্শ উচ্চবিদ্যালয় ও বিদ্যালয়ের বিপণিকেন্দ্রের শৌচাগারগুলোর দুর্গন্ধে শ্রেণীকক্ষসহ আশপাশের পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। এতে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। দুর্গন্ধ প্রকট হওয়ায় প্রায় সময় বিদ্যালয় ছুটি হয়ে যায়। এতে বিদ্যালয়ে স্বাভাবিক পড়ালেখা ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থী-শিক্ষকেরা জানান, বিদ্যালয়ের শৌচাগারের সেফটি ট্যাংকের ময়লা পানি জমা হয় একাডেমিক ভবনের পেছনে শ্রেণীকক্ষসংলগ্ন একটি গর্তে। সেই পানির দুর্গন্ধ প্রায় সময় শ্রেণীকক্ষসহ আশপাশে ছড়িয়ে পড়ে। এতে শ্রেণীকক্ষে বসে পাঠ দেওয়া-নেওয়া অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে বৃষ্টি হলে দুর্গন্ধ অসহ্য হয়ে ওঠে। এ অবস্থায় অনেকে অসুস্থ হয়ে পড়ে।
শিক্ষকেরা জানান, ১০ সেপ্টেম্বর শ্রেণীর কাজ চলার একপর্যায়ে দুর্গন্ধ সহ্য করতে না পেরে রনি ও হূদয় নামের সপ্তম শ্রেণীর দুই ছাত্র অসুস্থ হয়ে পড়ে। কর্তৃপক্ষ ওই দিনের জন্য বিদ্যালয় ছুটি ঘোষণা করে। কিছুদিন পর পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক শাহ আলম বলেন, ছেলেরা বিভিন্ন সময় তাদের সমস্যার কথা বলে। এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি।
গত বুধবার সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ওই শৌচাগারের ময়লা পানি ছাড়াও বিদ্যালয়ের মালিকানাধীন তিনতলার বিশাল আয়তনের বিপণিকেন্দ্রের শৌচাগার এবং স্থানীয় বাজারের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর পয়োনিষ্কাশনের নালার মুখও ওই গর্তের সঙ্গে মিলেছে। গর্তটি সারা বছরই ময়লা পানিতে সয়লাব থাকে এবং দুর্গন্ধ ছড়ায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষার্থীর জন্য একাডেমিক ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় তিনটি করে মাত্র ছয়টি শৌচাগার রয়েছে। এর মধ্যে বেশির ভাগই ব্যবহারের অনুপযোগী।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, বিদ্যালয়ের বিপণিকেন্দ্রের আয় দিয়ে শৌচাগার সংস্কার সম্ভব হলেও বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় তা হচ্ছে না।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিববুর রহমান ভূঁইয়া জানান, পয়োনিষ্কাশন-ব্যবস্থা না থাকায় বিদ্যালয় ও বিপণিকেন্দ্রের শৌচাগারের সেপটি ট্যাংকগুলোর ময়লা পানি বাইরে কোথাও নিষ্কাশন করা যাচ্ছে না। এ কারণে ময়লা পানি গর্তে জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি এ জন্য পৌর কর্তৃপক্ষকে দায়ী করেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অসীম কুমার সাহা প্রথম আলোকে বলেন, এ রকম দুর্গন্ধযুক্ত ময়লা পানি থেকে মিথেন গ্যাস সৃষ্টি হয়। এ কারণে শ্বাসকষ্ট ও কিডনির সমস্যা হতে পারে।
দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান জানান, বিদ্যালয়ের পয়োনিষ্কাশনের সমস্যার কথা তিনি জেনেছেন। এ ব্যাপারে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে।