শ্বশুরবাড়িতে প্রথম দিন রোস্ট রান্না করেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন লাকি ছবি: অধুনা
শারমিন লাকি ছবি: অধুনা

বিয়ের আগে নিজের হাতে খুব একটা রান্না করতেন না শারমিন লাকি৷ তবে তাঁর মা যখন রান্নাঘরের খুঁটিনাটি কাজগুলো করতেন, সেগুলো মুগ্ধ হয়ে দেখতেন তিনি৷ বিয়ের আগে এমনটাই ছিলেন শারমিন লাকি৷ বিয়ের পর যখন শ্বশুরবাড়ি এলেন, তখন সেখানেও শারমিন লাকির শাশুড়িই সামলাতেন রান্নাঘরের যাবতীয় দায়িত্ব৷ মাঝেমধ্যে তাঁর কাজে সহযোগিতা করতেন তিনি৷ ‘এখন ঠিক মনে পড়ছে না৷ বাসায় কী জানি একটা অনুষ্ঠানে শ্বশুরবাড়ির সবাই আমন্ত্রিত ছিলেন৷ আমার শাশুড়ি মা-ই সব রান্নার দায়িত্ব সামলাচ্ছিলেন, তবে শুধু মুরগির রোস্টটা রান্না করার দায়িত্ব পড়ল আমার ওপর৷ আর সেটাই ছিল শ্বশুরবাড়িতে আমার প্রথম রান্না৷’ কেমন ছিল সবাইকে নিজ হাতের প্রথম রান্না খাওয়ানোর অনুভূতি জানতে চাইলে শারমিন লাকি বললেন, ‘রান্নার পরই বুঝতে পেরেছিলাম খেতে তা মোটেও সুস্বাদু হয়নি৷’
বাড়ির একমাত্র বউ শারমিন লাকির শ্বশুরবাড়ির লোকজনের কোনো কিছুতেই কোনো অভিযোগ নেই৷ স্বাদ না হলেও তাঁরা খুব স্বাভাবিকভাবেই সেই খাবার খেয়েছিলেন৷ ‘তবে বাড়িতে তো আমি একমাত্র মামি৷ তাই ভাগনে-ভাগনির সংখ্যাটাও বিশাল৷ ছোটরা যখন খুব আনন্দ নিয়ে সেই রোস্ট খাচ্ছিল, তখন বড়রা একটু অবাকই হয়েছিলেন বটে৷ আর তখন আমিও মনে মনে বেশ লজ্জা পেয়েছিলাম৷’ তবে সেদিন নাকি একদিক থেকে বেঁচে গিয়েছিলেন শারমিন লাকি৷ কারণ তখনো তিনি রান্নার অনুষ্ঠানে সিদ্দিকা কবীরের সহযোগী হননি৷ এই অনুষ্ঠান করতে গিয়েই শারমিন লাকি রান্নার প্রতি হয়ে উঠলেন বিশেষ মনোযোগী৷ নিজে যেমন মাছ খেতে ভালোবাসেন, তেমনি ভালোবাসেন অন্যকে মাছের নানা পদ রান্না করে খাওয়াতে৷ মায়ের কাছ থেকে শারমিন লাকি শিখেছিলেন দই-ইলিশ রান্নার পদ্ধতি৷ এখন শ্বশুরবাড়ির লোকেরা তাঁর হাতের রান্না করা দই-ইলিশ পদটি খুব পছন্দ করেন৷

>‘তবে বাড়িতে তো আমি একমাত্র মামি৷ তাই ভাগনে-ভাগনির সংখ্যাটাও বিশাল৷ ছোটরা যখন খুব আনন্দ নিয়ে সেই রোস্ট খাচ্ছিল, তখন বড়রা একটু অবাকই হয়েছিলেন বটে৷ আর তখন আমিও মনে মনে বেশ লজ্জা পেয়েছিলাম৷’