শ্বশুরালয়ে অর্থনীতি শিক্ষা
শ্বশুরবাড়ি থেকে বেশ বাবুটি সেজে বেরোচ্ছিলেন। একটু হাওয়া খেয়ে আসবেন। মমতাময়ী শাশুড়ি এগিয়ে এসে হাসিমুখে ধরিয়ে দেবে বাজারের ব্যাগ। অপমানিত বোধ করছেন? করবেন না। ষষ্ঠ দিন আপনার হাতে ঝাড়ু ধরিয়ে দেওয়া হতে পারে। সপ্তম দিন নিজেকে আপনি আবিষ্কার করতে পারেন হারপিক আর একটা ব্রাশ হাতে।ক্রমহ্রাসমান উৎপাদনবিধির তত্ত্বটা আগে শুনেছেন? শোনেননি? তাহলে আপনাকে, অর্থনীতির ঢাউস সব বই পড়তে হবে না; বিয়ে করলেই চলবে! মোটেও ঠাট্টা হচ্ছে না। আচ্ছা, সহজভাবেই আপনাকে বোঝাই। ধরুন, আপনি শ্বশুরবাড়িতে গেছেন অনেক দিন পর। ঘরে ঢুকতে না-ঢুকতেই কাঁধ থেকে ব্যাগটা নামাতে না-নামাতেই রান্নাঘর থেকে ছুটে আসবেন শাশুড়িআম্মা। আঁচল দিয়ে চুলার আঁচ থেকে উৎপন্ন ঘাম মুছতে মুছতে বলবেন, ‘আহা বাবা, এত দিন পরে এলে! আর দ্যাখো, কেমন শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছো! এত কম ওজন নিয়ে তোমরা যে বাপু কীভাবে কাজকর্ম করো, বুঝি না!’ (ধৈর্যহীন পাঠক, ধৈর্যহীনা পাঠিকা, দরদমাখা এই সংলাপখানি মনে রাখিও, কাজে দেবে)। জবাবে আপনি লাজুক একটা হাসি দিয়ে সালাম করবেন... ইত্যাদি ইত্যাদি। আমরা গার্হস্থ্যবিজ্ঞান নিয়ে নয়, আলোচনা করছিলাম অর্থনীতি নিয়ে। তাই বাকি সব দৃশ্য ঘচাৎ করে একেবারে পরদিন সকালের নাশতার টেবিলে চলে যাই। একপাশে ডিমের পোচ। দুটো সবরি কলা। তিনটে কালো জাম। চারটে পরোটা। শাশুড়ি জানেন, আপনি আলুভাজি খুব পছন্দ করেন। আর পছন্দ করেন গরুর ভুঁড়ি। সেটাও আছে। (ধৈর্যহীন পাঠক, ধৈর্যহীনা পাঠিকা, মেন্যুটা স্মরণ রাখিও, কাজে দেবে)। নিজেকে আপনার সম্রাট শাহজাহান মনে হতে পারে। মনে হতে পারে, নফর, খিদমতগার, আবতাবচি সব আপনার সেবার জন্য প্রস্তুত। ইয়াল্লা, আপনিও কী পেটুক! সব টপাটপ গিলে বিচ্ছিরিভাবে দুটো ঢেঁকুরও তুললেন। এরপর পেটে হাত বোলাতে বোলাতে গলায় ঢাললেন এক গ্লাস দুধ।সেদিনের দুপুরের মেন্যুটাও বলতে হবে? খাসি, গরু দুটোই আছে। আপনার আবার পাবদা মাছের ঝোল খেতে ভালো লাগে। সেটাও আছে। পোলাওয়ের চেয়ে সাদা ভাতই বেশি পছন্দ করেন। তাই ভাত আছে। আবার যদি পোলাও চেয়ে বসেন! পোলাও আছে। আয়োজন দেখে আপনার মনে হতেই পারে, আপনার শাশুড়িআম্মার আসলে মাস্টার শেফ অব বাংলাদেশ খেতাব পাওয়ার সময় চলে এসেছে।আমাদের তত্ত্বটা বুঝতে হলে মাঝখানের তিনটি দিন স্রেফ ভ্যানিশ করে দিতে হবে। শ্বশুরবাড়িতে আপনার চতুর্থ দিনের সকাল। নাশতা খেতে বসেছেন। ডিমের পোচ আছে ঠিকই, কিন্তু দুটোর বদলে একটা কলা। একটা কালোজাম। আধ গেলাস দুধ। আপনি ভাবলেন, স্বল্পাহার হজম বাড়াতে সহায়ক। ঠিক হ্যায়। হাসিমুখেই নাশতা সাবাড়। দুধের বদলে পানিই ভালো।এবার দুপুরের খাবার টেবিল। মাংস নেই, মাছ আছে। তবে পাবদা নয়, পাঙাশ। রোজ রোজ একই খাবার খাওয়ার চেয়ে বৈচিত্র্য আনাই ভালো। তা ছাড়া রেডমিট বেশি খাওয়া ভালো না। এ তো চিকিৎসকেরাই বলেন। ভাবলেন আপনি। সবজি অবশ্য কয়েক পদের আছে। এবার ষষ্ঠ দিনের সকাল। দুটো পরোটা, আলুভাজি। আর কিচ্ছু নেই। আপনার মনে ক্ষীণ সন্দেহের রেখা উঁকি দিতে শুরু করল। উৎপাদন ক্রমহ্রাসমান গতিতে ধাবমান। দুপুরে সন্দেহ আরও প্রকট। শুধু ডিমভাজি আর ভাত। খোদা, ডালও নেই যে সহজে গিলবেন। খাওয়া তো নয়, এ যেন শাস্তি!সপ্তম দিনের...ওহ, আমাকে আর লিখতে বলবেন না। আমার চোখে পানি এসে যাচ্ছে। এর চেয়ে নেকা নেকা সংলাপের মেলোড্রামাটিক বাংলা সিনেমার স্ক্রিপ্ট লেখা অনেক সহজ: যেখানে বাবার প্যারালাইসিস, মায়ের ক্যানসার, বড় বোনের শ্বশুরবাড়ি থেকে যৌতুকের চাপ, ছোট বোনের বিয়ে দেওয়া যাচ্ছে না, বড় ভাই নেশা করে—এই কাহিনিও আমি লিখতে রাজি আছি।শুধু খাবার টেবিল দিয়েই কি ক্রমহ্রাসমান উৎপাদনবিধি বোঝা যায়? আপনাদের মধ্যে থেকেই কে যেন প্রশ্নটা করল দেখছি। না, আরও উপায় আছে। ধরুন, পঞ্চম রাতে, আপনি ঘুমাতে গেলেন। দেখলেন, তোশক উধাও। আপনি ভাবলেন, নরম গদিতে শুলে স্পন্ডিলাইটিথ্রম্বসিস না কী জানি এক রোগ হয়। এর চেয়ে তোশকহীন শক্ত বিছানাতেই শোয়া ভালো। ইদানীং বড় লোকেরাও তোশক, ফোম ছাড়া ঘুমাচ্ছে। চিকিৎসকের পরামর্শ। ষষ্ঠ রাতে দেখলেন, মশারিও উধাও! ভাবলেন, মশারির ভেতরে ঘুমানো ভালো না। ডি-অক্সিডাইজেশন না কী যেন হয়। ইত্যাদি ইত্যাদি।আরও আছে। পঞ্চম দিন, শ্বশুরবাড়ি থেকে বেশ বাবুটি সেজে বেরোচ্ছিলেন। একটু হাওয়া খেয়ে আসবেন। মমতাময়ী শাশুড়ি এগিয়ে এসে হাসিমুখে ধরিয়ে দেবে বাজারের ব্যাগ। অপমানিত বোধ করছেন? করবেন না। ষষ্ঠ দিন আপনার হাতে ঝাড়ু ধরিয়ে দেওয়া হতে পারে। সপ্তম দিন নিজেকে আপনি আবিষ্কার করতে পারেন হারপিক আর একটা ব্রাশ হাতে।ওহ্ হ্যাঁ, ভালো কথা। ভুলেই গিয়েছিলাম। এরই মধ্যে শাশুড়ি আপনার কানের কাছে একটা কথাই ভাঙা রেকর্ডের মতো বাজিয়ে চলবে, ‘বাবা, তোমার স্বাস্থ্য দেখি মাশাল্লা। ভুঁড়িও তো বাড়ছে। এই বয়সে কিন্তু, বাবা, শরীরে মেদ ভালো না। ব্যায়াম-ট্যায়াম করো।’ এমনও হতে পারে, আপনার স্বাস্থ্যের কথা ভেবে, শুধু আপনার স্বাস্থ্যের কথা ভেবে অতিউত্তম ব্যায়ামের ব্যবস্থা করা হলো। হাতে ধরিয়ে দেওয়া হলো কুড়াল। আপনার কাজ, আমগাছের ডালগুলো চিড়ে চ্যালাকাঠ বানানো। এর চেয়ে ভালো ব্যায়াম আর কী হতে পারে, বলুন!পাঠকদের মধ্যে থেকেই মনোযোগী একজন শুধালেন, ‘আচ্ছা, আপনি শুধু সাত দিনের প্রেসক্রিপশনে আটকে যাচ্ছেন বারবার। অষ্টম বা নবম দিনে কী হয় বলুন? জামাই খেদাতে মারটার লাগায় নাকি!’ভাই, আমি কী করে বলব? সাত দিনের বেশি শ্বশুরবাড়িতে আমি কোনো দিনই থাকি না।