পুরোদস্তুর গবেষক পরিবারের সদস্য সল পার্লমুটার। বাবা ড্যানিয়েল ডি. পার্লমুটার ছিলেন ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অব ইমেরিটাস। টেম্পল ইউনিভার্সিটির স্কুল অব অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ইমেরিটাস ছিলেন মা ফেলিস ডি. পার্লমুটার। এ বছর পদার্থে নোবেলজয়ী এই জ্যোতির্বিজ্ঞানীর পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার কাছে মাউন্ট এইরিতে। স্নাতক সম্পন্ন করেন ১৯৮১ সালে হার্ভার্ড ম্যাগনা কাম লাওডে থেকে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় পিএইচডি করেন ১৯৮৬ সালে। এর পর থেকে বিশেষ করে, নব্বই দশকের শুরু থেকে দুটি শ্বেতবামনের সংঘর্ষ নিয়ে গবেষণা শুরু করেন পার্লমুটার। উল্লেখ্য, এ বছর পদার্থে নোবেলজয়ী তিনজনের মধ্যে অ্যাডাম রিয়েস এবং ব্রায়ান স্মিড একসঙ্গে কাজ করতেন। অন্যদিকে একই বিষয়ে একদম একাই কাজ করতেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এই অধ্যাপক।এই গবেষণার বাইরেও পার্লমুটার কাজ করছেন সুপারনোভা/অ্যাকসেলারেশন প্রব প্রজেক্টের প্রধান অনুসন্ধানী হিসেবে। দূরবর্তী মহাকাশের আরও সুপারনোভা বা নাক্ষত্রিক বিস্ফোরণ খুঁজে বের করার জন্য একটি উপগ্রহ তৈরি করাই এ প্রকল্পের উদ্দেশ্য। ফলে মহাবিশ্বের গতি বৃদ্ধির সঠিক মাত্রা নিরূপণ করা সম্ভব হবে। বার্কলে আর্থ সার্ফেস টেমপারেচার প্রজেক্টের সঙ্গেও যুক্ত আছেন পার্লমুটার। এই প্রকল্প জলবায়ু-সম্পর্কিত তথ্যের উন্নত বিচার-বিশ্লেষণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতার ব্যাপারে সচেতন করে তুলছে মানুষকে।২০০৬ সালে জ্যোতির্বিজ্ঞানে অবদান রাখার জন্য যৌথভাবে শ প্রাইজ পেয়েছিলেন পার্লমুটার। সঙ্গী ছিলেন এবারের নোবেল বিজয়ী বাকি দুজন। এই দলটিই ২০০৭ সালে জিতে নিয়েছিল গ্রাবার কসমোলজি পুরস্কার। পার্লমুটার পদার্থে ই ও লরেন্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন ২০০২ সালে। পরের বছরই পান ক্যালিফোর্নিয়া সায়েন্টিস্ট অব দ্য ইয়ারের মতো সম্মাননা। আর এ বছরই অ্যাডাম রিয়েসের সঙ্গে ভাগাভাগি করেছেন আলবার্ট আইনস্টাইন মেডেল। মজার বিষয় হলো, পদার্থে এবার তিনজন নোবেল পুরস্কার পেলেও টাকার অঙ্কটা ভাগ করা হবে দুই ভাগে! তার এক ভাগ পাবেন পার্লমুটার, বাকি অর্ধেক আবার ভাগ হবে বাকি দুজনের পাতে!পার্লমুটারের স্ত্রী লরা নেলসন। পেশায় নৃতত্ত্ববিদ। তাঁদের একমাত্র সন্তানের নাম নোয়া। মহাকাশ, মহাকাশের গ্রহ-নক্ষত্র নিয়ে মাথা ঘামান পার্লমুটার। পুরস্কার প্রাপ্তির খবর জানিয়ে নোবেল প্রাইজ ডট ওআরজি ওয়েবসাইট কথা বলেছিল এই বিজ্ঞানীর সঙ্গে। সেই সাক্ষাৎকারের শেষের দিকে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘এখন তো আপনি সংবাদমাধ্যমের মুঠোবন্দী হয়ে পড়বেন! তো আপনার কী মনে হয়, কবে সেলিব্রেট করতে পারবেন আপনি?’ পার্লমুটারের উত্তর, ‘আমার মনে ধীরে ধীরে সবকিছু থিতিয়ে আসবে। চমৎকার একটা সন্ধ্যায় হয়তো বন্ধুদের ডাকব আমরা। একসঙ্গে বসব, আনন্দ করব!’‘ওকে হয়তো আকাশের তারাও দেখবে!’ হাসতে হাসতে পার্লমুটারের উত্তর, ‘ঠিক তা-ই! তবে এই মৌসুমের প্রথম বৃষ্টি হয়ে গেছে। তাই আকাশে খুব বেশি তারা না ওঠারই সম্ভাবনা বেশি!’টুকরো জীবনজন্ম: ১৯৫৯, ইলিনয়, যুক্তরাষ্ট্রকর্মস্থল: লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরি এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াযে কারণে নোবেল: মহাবিশ্ব সম্প্রসারণের গতি বৃদ্ধি পাচ্ছে, তার প্রমাণ উপস্থাপনের জন্যউল্লেখযোগ্য পুরস্কার: আর্নেস্ট অর্লান্দো লরেন্স অ্যাওয়ার্ড (২০০২), শ প্রাইজ ইন অ্যাস্ট্রোনমি (২০০৬) ও গ্রুবার প্রাইজ ইন কসমোলজি (২০০৭)