শ্যামল চন্দ্রের বিয়ে নিয়ে সবার এত আগ্রহ কেন
শ্যামল চন্দ্রকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আগে, তাঁর সম্পর্কে বরং একটি শুভ সংবাদ দিই। ১২ আগস্ট তিনি বিয়ে করেছেন। কেন তাঁর বিয়ের সংবাদ দেওয়া হলো, তা শ্যামল চন্দ্রকে যাঁরা চেনেন, তাঁরা নিশ্চয় বুঝতে পেরেছেন!
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিভৃত মনমথ গ্রামে শ্যামল চন্দ্রের (৩০) বাড়ি। কথায় কথায় তিনি ইংরেজি শব্দ ব্যবহার করেন। কখনো তা ভুল, কখনো শুদ্ধ। তবু মানুষের সঙ্গে কথা বলেন হেসে হেসে। উচ্চারণভঙ্গি স্পষ্ট। কথায়ই তাঁর স্বভাবজাত সরলতা মিশে থাকে। এককথায় নিপাট ভদ্রলোক শ্যামল চন্দ্র।
গত বছর তাঁর এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে প্রশ্নকর্তার জবাবে নিজের সম্পর্কে বলেন শ্যামল। কথোপকথনের একপর্যায়ে শ্যামল বলেন, ‘হ্যাভি রিলাক্স, সি ইউ নট ফর মাইন্ড...’। এই শব্দটি এখন ফেসবুক দুনিয়ার বাসিন্দাদের চেনা শব্দ, যেমন চেনা শ্যামল চন্দ্র নিজেও।
শ্যামল চন্দ্রের বাবার নাম নেপাল চন্দ্র। তিনি মাছ ব্যবসায়ী। মা শেফালি রানি গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে শ্যামল সবার বড়। ছোট ভাই কমল চন্দ্র ও রাজা চন্দ্র বাবার সঙ্গে মাছের ব্যবসা করেন।
শ্যামল চন্দ্র ২০০৫ সালে কাঠগড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে তিনি অকৃতকার্য হন। এরপর অর্থাভাবে আর পরীক্ষা দেওয়া হয়নি।
মাধ্যমিকে অকৃতকার্য হওয়ার পর গ্যাস লাইটারের ব্যবসা শুরু করেন শ্যামল। পাইকারিভাবে গ্যাস লাইটার কিনে দোকানে দোকানে বিক্রি করতেন। আয়ের টাকায় সংসার চলত না বলে ব্যবসা ছেড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে কাজ নেন তিনি। চার বছর ধরে সেই কাজই করছেন।
শ্যামল চন্দ্র বলেন, ‘ভাইরাল ভিডিওটি ২০২০ সালের ঈদুল ফিতরের আগের। স্বাভাবিকভাবেই নিজের কথা বলেছিলাম। কিন্তু এভাবে ভাইরাল হবে বুঝতে পারিনি।’
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শ্যামল চন্দ্র তাঁর নিজের সম্পর্কে বলছেন। একপর্যায়ে প্রশ্নকর্তা জানতে চান, এখনো তিনি বিয়ে করছেন না কেন। তখন শ্যামল বলেন, ‘...ওয়াইফকে সময় দেওয়ার মতো সময় আমার বর্তমান নাই’।
তবে এখন সময় হলো কী করে? প্রশ্ন শুনে শ্যামল চন্দ্র বলেন, ‘বিধিনিষেধে গাড়ি (ট্রেন) চলাচল বন্ধ ছিল। বাড়িতেই বসে ছিলাম। পারিবারিকভাবেই বিয়ে আয়োজন করা হলো। আর বিয়ে তো করতেই হতো!’
শ্যামল চন্দ্রের স্ত্রীর নাম দীপা ঘোষ। কলেজপড়ুয়া দীপার বাড়ি রংপুর মিঠাপুকুর উপজেলায়।