‘মা, জানো, আমাদের স্কুলের পাশে যে এত্ত বড় একটা আমগাছ আছে না? আমি আজ সেই গাছ থেকে আম পেড়েছি। ডান হাতটা একটু ছিলে গিয়েছে, তবে ও কিছু না, যখন আমটা হাতে নিয়েছি, তখন এত্ত আনন্দ হচ্ছিল যে বলার নয়। আমি তোমার জন্যও এক ফালি নিয়ে এসেছি। নিজের হাতে এই প্রথম আম পেড়েছি আর তোমাকে খাওয়াব না, তা কি হয়! এই যে এখানে রেখে গেলাম, মনে করে খেয়ো কিন্তু। তুমি তো আবার বড্ড মনভোলা হয়েছো, প্রতিদিনই কিছু না কিছু রেখে যাই, পরের দিন এসে দেখি ঠিক অমনই পড়ে রয়েছে! আজ এমন করলে কিন্তু আমার খুব কষ্ট হবে, বুঝলে মা?’হাতে রাখা এক টুকরো আমের ফালি মীরা তার মায়ের দিকে বাড়িয়ে দেয়। এরপর সারা দিনে ঘটে যাওয়া এবড়োখেবড়ো কাহিনিগুলো মীরা বলে যায় তার জবানিতে। কী নেই ওর ঝুলিতে? স্যারের চোখরাঙানি, ম্যাডামের বকুনি, ক্লাসরুমের পলেস্তারা খসা ধূসর গল্পগাথা, বাগানের মালীর চোখে ধুলো দেওয়া, এত্ত মোটা মোটা বইয়ের মলাটের ফাঁকে ফাঁকে জমিয়ে রাখা দুষ্টুমি—আরও কত কি! এরপর ঝুলির তলানিতে পড়ে থাকা গল্পটাও যখন শেষ হয়ে যায়, তখন মীরা তার মাকে খুব আদুরে গলায় বলে, ‘ওহেহা, তোমাকে তো আসল কথা বলাই হয়নি! আমার বান্ধবীরা তোমাকে দেখতে চেয়েছে। কাল ওরা আসবে বলেছে। তুমি কিন্তু সুন্দর করে সেজে থাকবে, কেমন? ওই যে কাঁচা সবুজ রঙের যে শাড়িটা তোমার আছে না, ওটা পরবে। ওটাতে তোমাকে যা মানায়! মনে হয়, যেন আসমানের সবুজ পরি পথ ভুলে আমাদের রাজ্যে এসে তার আঁচল বিছিয়ে রেখেছে!’নিজের কথা শুনে নিজেই একচোট হেসে নিল মীরা। তারপর মায়ের শরীর জড়িয়ে ধরে তার কাছ থেকে বিদায় নিল ছোট্ট মীরা।পুরো ঘটনাই দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখছিলেন আফজাল সাহেব, মীরার বাবা। মীরার মা মারা যাওয়ার পর থেকেই মীরার এই কাণ্ডকারখানা লক্ষ করে এসেছেন তিনি, কিন্তু এর কোনো সুরাহা আজ অবধি তাঁর মাথায় আসেনি। মীরা বড় হচ্ছে, আজকাল অনেকেই ওর এহেন আচরণকে পাগলামি ঠাওরাচ্ছে। আফজাল সাহেব এ বিষয়টা নিয়ে অনেকের সঙ্গেই আলোচনা করেছেন, অধিকাংশ মানুষ তাঁকে একই পরামর্শ দিয়েছেন।এত দিন তিনি ঠিক বুঝে উঠতে পারেননি কী করলে তাঁর দুশ্চিন্তা দূর হবে, আবার একই সঙ্গে মীরার জন্যও ভালো হবে। কিন্তু এখন মনে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। আর আফজাল সাহেবও দেরি করলেন না তাঁর সিদ্ধান্তটিকে বাস্তবায়ন করতে।২.মীরা আজ অনেক খুশি। আজ ওর সঙ্গে অনেক বান্ধবী এসেছে। ওরা সবাই এসেছে মীরার মায়ের সঙ্গে দেখা করতে। মীরা ওর মায়ের কথা ওদের এত বলেছে যে, ওরা তাঁকে সামনাসামনি দেখার জন্য একরকম উন্মুখ হয়ে আছে! বাগানের গেট পর্যন্ত মীরা তার ছোট্ট দলটাকে নেতৃত্ব দিতে দিতে নিয়ে এল। গেট খোলার পরপরই দলটার কিচিরমিচির থমকে গেল, একঝটকায় হারিয়ে গেল ওদের আনন্দ। নিমেষেই নীরবতার ধারালো কামড়ে আটকে গেল ছোট্ট দলটির উচ্ছলতা। চারদিকে শুধু মীরার নিস্তব্ধতা বোবা কান্না হয়ে পড়ে রইল।ওদের সামনে একটি অতিকায় বটগাছ তার শরীরের প্রতিটি অঙ্গ নিয়ে বাগানের পুরোটাজুড়ে পড়ে রয়েছে। নিশ্চুপ, নিথর। কাটা বটগাছটার গায়ে যেন তার কাঁচা সবুজ বর্ণের পলকা শাড়ি, ঠিক যেমনটি মীরা চেয়েছিল অথচ শাড়িটায় বিন্দু পরিমাণ প্রাণ নেই, প্রাণ নেই বিরাট শরীরটার কোনো অংশেই।হঠাৎ করেই মীরা চিৎকার দিয়ে উঠল, ‘মা! মাগো!’ বাগানের আর সব গাছ তাদের পাতা বাতাসে উড়িয়ে যেন শোক পালন করল। এই শোক একজন মা হারানোর। মীরা আজ তার মাকে হারিয়েছে, দ্বিতীয়বারের মতো।নাদিরা মুসতারী[email protected]