শ্যামল বাংলা
ভোজ্যতেলের বাজার অস্থির, সংকটে পল্লী উন্নয়ন বোর্ড কিংবা নারায়ণগঞ্জে মেসবাড়িতে আগুন। সেদিনের পত্রিকার প্রথম পাতার খবরগুলোর সিংহভাগই ছিল বড় পীড়াদায়ক। অপ্রিয় সত্যি কথা এই, হররোজ সাত-সকালে পত্রিকার পাতা খুলে এমন সব অলক্ষুণে খবরেই আসলে আজকাল অভ্যস্ত হয়ে গেছি আমরা। পত্রিকার পাতা খুলতেই দৈনন্দিন দুঃখ-দুর্দশা আর বেদনার খবর যেন ঝাঁপিয়ে পড়ে আমাদের ওপর। সংবাদপত্র সময়ের দর্পণ। কঠিন বাস্তব মুখ বুজে দেখে যাওয়া ছাড়া কীই-বা উপায়!দুঃসংবাদে আক্রান্ত হওয়ার ভয়েই যেন প্রায়ই ‘স্বাস্থ্যবটিকা’ ‘বিলিভ ইট অর নট’ অথবা ‘বেসিক আলীর’ খোপে দু-দণ্ড শান্তি খুঁজি। গেল ১৯ অক্টোবরের পত্রিকা হাতে নিয়ে অবশ্য একটু অন্য রকম ব্যাপার ঘটল। দৃষ্টি কেড়ে নেয় ৫ নম্বর পাতার আদিগন্ত বিস্তৃত শাপলা ফুলের ছবি। আহ! ফুল। রাজ্যের দুঃসংবাদের ভিড়ে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা-বাগদা বিলের শাপলাগুলো যেন একঝলক শান্তির পরশ বুলিয়ে দেয়। আমরা যে সবুজ-শ্যামল বাংলার কথা সেই শিশুকাল থেকে জানি, সেই শ্যামল বাংলার একটা প্রতীকী চিত্র হয়ে যেন চোখের সামনে ভেসে ওঠে বরিশালের সাতলা-বাগদা বিল। বড় ভালো লাগে!— ইকবাল হোসাইন চৌধুরী