
সুন্দরবনের অতি মনোরম এক সকাল। ঘুম ভাঙল বনের রাজার। ইদানীং সকালে তার ঘুম ভাঙতেই চায় না। শিয়াল পণ্ডিতের ওপর তখন তার খুব রাগ হয়। ব্যাটা শেখানোর আর কিছু পেল না? রাত জেগে ফেসবুকিং করাই শেখাতে হলো তাকে? রাজা বলে কথা, ফেসবুক খোলার কয়েক মাসেই তার ফ্রেন্ডলিস্ট ভরে গেল, হাজারো ভক্ত, অনুসারী। তার ওপর আবার তিনি প্রতিদিনই নতুন নতুন স্ট্যাটাস দেন। একই ধরনের স্ট্যাটাস দ্বিতীয়বার দেওয়া তার একেবারেই পছন্দ নয়। এই যেমন: কদিন আগে ক্রিকেটে বাংলাদেশের জয় নিয়ে লিখেছিলেন, ‘হালুম হালুম!’ গত পরশু পরিবেশের ভারসাম্য নিয়ে লিখেছিলেন, ‘হালুম হালুম হালুম!’ তার ঠিক আগের দিন নিকারাগুয়ার জাতীয় নির্বাচন নিয়ে লিখেছিলেন, ‘হালুম হালুম হালুম হালুম!’ আজ ঠিক করেছেন, সুন্দরবন ও তার জীববৈচিত্র্য নিয়ে লিখবেন, ‘হালুম!’
‘মৃগমারী, চাঁদপাইয়ের অধিপতি, রাজাধিরাজ, সুলতানে সুন্দরবন জনাব রয়েল বেঙ্গল টাইগার, শুভ সকাল!’ গুহার দরজার ওপাশ থেকে বানরের গলা শোনা গেল।
ঘুম ভাঙার কারণ বুঝতে পেরে বানরের ওপর মেজাজ চরম বিগড়ে গেল রাজার, ‘এত তৈলমর্দন বাদ দিয়ে কাজের কথা বল।’
: হুজুর, সুন্দরবনের শ্যালা নদী তেলে ভেসে যাচ্ছে।
: রানিকে বলে আমার ডিএসএলআর ক্যামেরাটা নিয়ে যা, ছবি তুলে আনিস।
: ছবি দেখে ঘটনার ভয়াবহতা আঁচ করতে পারবেন না, জনাব।
: ভয়াবহতা আঁচ করতে কে চাইছে? ফেসবুকে দেওয়ার জন্যই না ছবি চাইলাম। আচ্ছা বাদ দে, নিজে গিয়ে একটা সেলফি তুলে আনবনে।
কয়েকবার হাই তুলে শয্যা ত্যাগ করলেন সুন্দরবনের অধিপতি। অতঃপর আরও কিছুক্ষণ ব্যয় করলেন ত্যাগের পেছনে। তারপর গুহা থেকে বের হলেন ‘ঘড়ড়ড়ড়ড় ঘড়ড়ড়ড়ড়’ আওয়াজ তুলে। পিছু নিল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা সভাসদেরা। সবার চেহারায় উদ্বেগের ছাপ।
রাজা জিজ্ঞেস করলেন, ‘ঘটনা কী?’
: হুজুর, শ্যালা নদীতে জাহাজ ডুবে প্রায় ৩৫০ বর্গকিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে!
: ভালো তো, রাজ্যের কারও আর তেলের অভাব হবে না, গোসল করার পর নদীতে থেকেই গায়ে তেল মেখে ফেলতে পারবে। তা ছাড়া রান্নাবান্নার কাজেও তেল বাবদ খরচ কমে যাবে।
: কিন্তু হুজুর, এর জন্য এ রাজ্যের প্রচুর ডলফিন আর মাছ মারা যাচ্ছে। অনেক গাছও কোমায় চলে যাচ্ছে। এটি একটি পরিবেশ বিপর্যয়! আমাদেরও ঝামেলা হবে।
: আরে না, এসব কথার কোনো বাস্তব ভিত্তি নেই, এসব কেবলই মিডিয়ার সৃষ্টি। কয়েক ঘণ্টা আগেই তো ফেসবুকে নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হলো, তিনি তো দেখলাম বেশ খোশমেজাজে আছেন, এ রকম কিছু শুনেছেন বলেও তো মনে হলো না।
কথা বলতে বলতেই রাজা তার সফরসঙ্গীদের নিয়ে পৌঁছে গেলেন ঘটনাস্থলে। মুগ্ধ হয়ে অপলক নয়নে তিনি তাকিয়ে রইলেন পানির দিকে। এ যেন শ্যালার পানিতে বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গঘের আঁকা নয়নাভিরাম একটি তৈলচিত্র! মাননীয় পরিবেশ ও বনমন্ত্রী এবং মাননীয় নৌপরিবহনমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজা। তঁারা যদি ইউনিসেফ আর সুশীলদের কথায় এই নদী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল আগেই বন্ধ করে দিতেন, তাহলে সুন্দরবনবাসী এমন তৈলচিত্র কি আর কোনো দিন দেখতে পেত?
রাজা মশায়ের সঙ্গীসাথিদের মেজাজ চরম খারাপ হয়ে গেল। ‘হুজুর, আপনি তো মানব সম্প্রদায়ের নেতাদের মতো ভুলভাল বকছেন!’ মেজাজ হারিয়ে চিৎকার করে উঠল নদীতে ভেসে থাকা অসুস্থ এক কুমির।
রাজা ধমকে উঠলেন, ‘চুপ, চুপ! কেউ কথা বলবি না, তোরা কি ভুলে যাচ্ছিস, সুন্দরবনের রাজা কে? তোদের রাজা কে?’
‘কে আবার! আপনি।’ সুযোগ পেয়ে একটু তেল মারল শিয়াল।
বানরের দিকে তাকিয়েও আবার একই প্রশ্ন করলেন রাজা, ‘বল, সুন্দরবনের রাজা কে?’
‘আপনি ছাড়া কেউ কি হতে পারে?’ আরেকটু বাড়িয়ে তেল মারল বানর।
রাজা এবার হাতির দিকে তাকিয়ে বললেন, ‘কী ব্যাপার, তুমি চুপ কেন? বলো, বনের রাজা কে?’
কোনো উত্তর না দিয়ে রাগে ফুঁসতে থাকা হাতি রাজাকে শুঁড়ে পেঁচিয়ে ওপরে তুলে আছড়ে ফেলল শ্যালা নদীতে। রাজা ফার্নেস তেল মেশানো পানি গিলতে গিলতে শেষবারের মতো বললেন, ‘এত খ্যাপার কী আছে! উত্তর জানো না, তা বললেই পারতা! বোকা হাতি!’