শ্রদ্ধায়, ভক্তিতে বনভান্তেকে স্মরণ
বনভান্তে নামে খ্যাত বৌদ্ধধর্মগুরু সাধনানন্দ মহাস্থবিরের ৯৮তম জন্মদিন ৮ জানুয়ারি রাঙামাটির রাজবন বিহারে উদ্যাপিত হয়েছে। উপাসক–উপাসিকা কমিটির উদ্যোগে প্রয়াত এই সাধকের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান।
ভোর পাঁচটায় কেক কেটে শুরু করা হয় বনভান্তের জন্মদিনের আনুষ্ঠানিকতা। বনভান্তের শিষ্য প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ও খাগড়াছড়ির গামারিঢালা বনবিহার অধ্যক্ষ বোধিপাল মহাথের ভিক্ষুসংঘ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিহারে রক্ষিত বনভান্তের মরদেহে হাজারো মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও বনবিহার উপাসক–উপাসিকা পরিষদের জ্যেষ্ঠ সভাপতি গৌতম দেওয়ান বনভান্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল নয়টা থেকে দিনব্যাপী সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল গ্রহণসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভক্তরা বনভান্তের প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, বনভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারি পরিনির্বাণ (মৃত্যুবরণ) লাভ করেন। তখন থেকে তাঁর মরদেহ বিশেষ ব্যবস্থায় রাঙামাটি রাজবন বিহারে সংরক্ষণ করা হয়। তিনি ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটির মোরঘোনা এলাকায় জন্মগ্রহণ করেন।