শ্রদ্ধায় স্মরণ শাহরুখ শহীদ
গত ২৭ ফেব্রুয়ারি ছিল ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদের প্রথম মৃত্যুবার্ষিকী। এ দিন ঢাকার রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন আয়োজন করে এক আলোচনা সভার। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরীন চৌধুরী, পারসোনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, পরিচালক চয়নিকা চৌধুরীসহ শাহরুখ শহীদের বন্ধু ও শুভানুধ্যায়ী। প্রথমে মোমবাতি জ্বালিয়ে শাহরুখ শহীদকে স্মরণ করা হয়। শাহরুখ শহীদের স্মৃতিচারণা করতে গিয়ে গুলশান নাসরীন চৌধুরী বলেন, ‘ওর মতো মানুষ হয় না। যারা তাকে অনুসরণ করতে পারবে, তারা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠবে।’ কানিজ আলমাস খান বলেন, ‘আমরা বন্ধু ছিলাম। যাকে হারিয়েছি, তাকে তো আর ফিরে পাব না; এখন শুধু পারি তার জন্য দোয়া করতে।’ কারও কাছে শাহরুখ ছিলেন ছোট ভাইয়ের মতো। শাহরুখই আবার কাউকে ডাকতেন বউমা অথবা মা বলে। এসব কথা বলতে গিয়ে সবার চোখই হয়ে উঠছিল অশ্রুসজল।ফ্যাশন ডিজাইনার হিসেবে বেশি পরিচিত হলেও তাঁর ভালো লাগার আরও একটি বিষয় ছিল, কবিতা লেখা। মৃত্যুবার্ষিকীতে তাঁর লেখা কবিতা আবৃত্তি করে শোনান তন্বী তারেক চৌধুরী। তিনি নাটকও লিখেছেন। ‘আমাকে মৃত্যুর আগে যদি ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়, তবে আমি ২৩ ঘণ্টা আমার বন্ধুর সঙ্গে কাটাব এবং বাকি এক ঘণ্টা তাকেই খুঁজে বেড়াব, যে আমার বন্ধুকে দেখে রাখবে।’ তাঁর লেখা শেষ নাটক সায়াহ্ন-এর মাধ্যমে এ কথাগুলোই বলেছেন শাহরুখ শহীদ।। চয়নিকা চৌধুরীর পরিচালনায় তৈরি নাটকটি সেদিন প্রদর্শন করা হয়।একজন শিল্পীকে শ্রদ্ধা জানানোর সর্বোত্তম উপায় কী? অবশ্যই শিল্পকলার যে অংশটির প্রতি তাঁর ভালোবাসা, সেই কাজের মধ্য দিয়েই তাঁকে শ্রদ্ধা জানানো। তাই সবশেষে রেডিয়েন্টের শিল্পীরা শাহরুখ শহীদের ডিজাইনের থিম নিয়ে ফ্যাশন শোর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান তাঁর আত্মার প্রতি।