
একজন জন্মবধির মানুষ। তাঁর কাছে পুরো জগৎ স্তব্ধ। পৃথিবীর কোনো শব্দের সঙ্গেই যাঁর পরিচয় নেই। এভাবে জীবনের দীর্ঘ ৪০ বছর পার করার পর তাঁর কান যদি হঠাৎ শুনতে পায় পৃথিবীর সুর, শব্দ, ঝংকার—অনুভূতিটা কেমন হবে? নিশ্চই অবিশ্বাস্য আবেগে কণ্ঠ রোধ হয়ে আসবে, চোখ বেয়ে নামবে অশ্রুর ফোয়ারা!
জোয়ান মিলেনরও তাই হয়েছে। ‘প্রথমবারের মতো শব্দ শুনতে পেয়ে আমি আবেগের জোয়ারে ভেসে যাচ্ছিলাম। কান্না থামাতে পারছিলাম না। কারণ, আমি আগে থেকেই জানতাম এই ঘটনা আমার জীবনকে কীভাবে বদলে দেবে।’ বলছিলেন মিল্নে।
ককলিয়ার নামে একটি দ্বিপার্শিক যন্ত্র সত্যি সত্যিই মিস মিলেনর জীবনকে বদলে দিয়েছে। তাঁর ভাষায়, ‘এখন আমি আমার পাশের বন্ধুর হাসির শব্দ উপলব্ধি করতে পারি, পাখির কিচিরমিচির শুনতে পাই। তবে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, দৃষ্টি আকর্ষণের জন্য বন্ধুরা আর আমার হাতে টোকা দেবে না!’
ছোট্ট বৈদ্যুতিক যন্ত্র ককলিয়ার। এটি কানের স্বাভাবিক শ্রবণক্ষমতাকে ফিরিয়ে দিতে পারে না, কিন্তু একজন বধির মানুষকে শব্দ ও কথা বুঝতে সাহায্য করে। বলা হচ্ছে, এই যন্ত্র বিভিন্ন সংকেত তৈরি করে শ্রবণানুভূতি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়, আর মস্তিষ্ক সে সংকেতকে শব্দ হিসেবে উপলব্ধি করে। যন্ত্রটির অতিরিক্ত একটা অংশ কানের পেছনে লাগানো হয় আর একটি অংশ চামড়া কেটে ভেতরে বসানো হয়। চিকিৎসকেরা অবশ্য স্বীকার করছেন, এই প্রতিস্থাপক যন্ত্রের মাধ্যমে শব্দ শোনা স্বাভাবিকের চেয়ে ভিন্ন এবং এতে অভ্যস্ত হতে সময় লাগে।
বিরল রোগ ‘আসার সিন্ড্রোম’ নিয়ে জন্মেছিলেন মিলেন। এটি একটি বংশগত রোগ যা মানুষের শ্রবণশক্তিকে ক্ষতিগ্রস্ত করে। মিলেনকেও এ রোগ জন্ম থেকে বধির করেছে এবং মধ্য কুড়িতে তাঁর দৃষ্টিশক্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে। অবশেষে ৪০ বছর বয়সে, গত মাসে মিলেন মুখোমুখি হলেন তাঁর জীবনের সেই মাহেন্দ্রক্ষণের। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কানে বসানো হলো ককলিয়ার। সফলভাবে অপারেশন শেষ করতে তাঁকে প্রায় চার সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে।
মারুফ ইসলাম, সূত্র: ডেইলি মেইল