শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধান খুঁজছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা মোতায়েনের পর চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সাময়িক ব্যবস্থা হিসেবে সেনা মোতায়েন করলেও কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধানের জন্য কাজ শুরু করেছে। এ লক্ষ্যে শ্রমিকদের যেসব দাবি যুক্তিসংগত সেগুলো মেনে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।প্রসঙ্গত, টানা ছয় দিন বন্দরে আংশিক অচলাবস্থার পর গত বুধবার রাতে পণ্য ওঠানামার কাজে সেনাবাহিনী মোতায়েন হয়। সাময়িক ব্যবস্থা হিসেবে সেনাবাহিনী মোতায়েন করে বন্দর সচল করায় ব্যবহারকারীরা খুশি। কারণ সেনাবাহিনী মোতায়েনের পর বন্দরে শৃঙ্খলা ফিরে এসেছে। বন্দর জেটিতে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বন্দরের নিরাপত্তাও নিশ্চিত হয়েছে। বন্দর কর্তৃপক্ষ এখন শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধানের প্রক্রিয়া শুরু করেছে।বন্দর প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রমিকদের অন্যতম দাবি বন্দরের পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হয়েছে। চার সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। বার্থ অপারেটরদের যেহেতু তিন বছরের জন্য জেটি পরিচালনায় নিয়োগ দেওয়া হয়েছে সেজন্য পরিচয়পত্রের মেয়াদও তিন বছর নির্ধারণ করা হয়েছে। পরিচয়পত্রে সংশ্লিষ্ট শ্রমিক কোন বার্থে কাজ করছেন তা উল্লেখ থাকবে। এ ছাড়া যাচাই-বাছাই করা প্রায় দুই হাজার ৬০০ শ্রমিককে কোথায় এবং কী পদ্ধতিতে নিয়োগ করা হবে সে ব্যাপারে মন্ত্রণালয়ের গঠিত একটি কমিটি কাজ শুরু করেছে। কমিটি প্রতিবেদন (রিপোর্ট) জমা দিলে নিয়োগের বিষয়েও কাজ শুরু হবে। এ ছাড়া শ্রমিকদের অন্যান্য কল্যাণমূলক সুযোগ-সুবিধা চালুর বিষয়গুলো খতিয়ে দেখছে বন্দর কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ বলেন, ‘বন্দরে সেনাবাহিনী মোতায়েন স্থায়ী সমাধান নয়। সাময়িক ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে।’ তিনি বলেন, ‘শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো আমরা মেনে নিয়েছি। কাজও শুরু হয়েছে।’ তবে বার্থ অপারেটরদেরও শ্রমিকদের আস্থায় নিয়ে কাজ করতে হবে বলে তিনি মনে করেন। বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন মনে করেন, বন্দরের বাছাই করা সব শ্রমিক বার্থ অপারেটরের অধীনে নিয়োগ করা সম্ভব নয়। কারণ বার্থ অপারেটরেরা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নিয়োগ পেয়ে বাড়তি শ্রমিক দিয়ে কাজ করাবে না। বন্দরের কনটেইনারে পণ্য বোঝাই ও খালাসসহ অনেক কাজ এখন বেসরকারি কনটেইনার ডিপোগুলো করছে। কনটেইনার ডিপোগুলোতেও বাছাই করা শ্রমিক নিয়োগের বিষয়টি ভাবতে হবে বলে তিনি মনে করেন। প্রসঙ্গত, বন্দরের মূল ১৬টি জেটিই এখন বেসরকারি অপারেটরেরা পরিচালনা করছে। শ্রমিকেরা এসব বেসরকারি অপারেটরের অধীনে কাজ করে। বন্দর কর্তৃপক্ষের অধীনে শ্রমিকেরা কাজ না করলেও দাবি আদায়ের জন্য বার বার বন্দর অচল করেছে তারা। বন্দর কর্তৃপক্ষের মতো ব্যবহারকারীরাও বন্দরে শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধান চান। দাবি আদায়ের জন্য বন্দর অচল করার সংস্কৃতি বন্ধ করতে প্রয়োজনে আইন প্রণয়নের ব্যাপারে মত দেন ব্যবহারকারীরা।এ প্রসঙ্গে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দেরিতে হলেও সেনা মোতায়েন করে সরকার ভালো পদক্ষেপ নিয়েছে। কারণ বন্দর অচল থাকায় পোশাক খাতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তিনি বলেন, সেনাবাহিনী থাকাবস্থায় বন্দরের শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। এখন কঠোর আইন প্রণয়ন করতে হবে, যাতে কেউ বন্দর অচল করতে না পারেন। আন্দোলনরত শ্রমিকেরা মনে করেন, যৌক্তিক দাবি মেনে নেওয়া হলে বন্দরের এমন পরিস্থিতি হতো না। সাধারণ শ্রমিকেরাও ক্ষুব্ধ হবে না। মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে বৈঠক করে যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বাস্তবায়ন করলে বন্দর সমস্যার স্থায়ী সমাধান হবে বলে শ্রমিকনেতারাও মনে করেন। এ প্রসঙ্গে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ প্রথম আলোকে বলেন, বন্দর কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয় যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বাস্তবায়ন হলেই বন্দরে শ্রম অসন্তোষ থাকবে না। বন্দরে স্থায়ী সমাধানের জন্য সিদ্ধান্তগুলো বাস্তবায়ন জরুরি। বন্দর অচল করে দাবি আদায় প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েও বাস্তবায়ন না করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছিল সাধারণ শ্রমিকেরা। এ কারণেই বন্দরের ১২টি জেটিতে কাজে যোগ দেয়নি তারা।