শ্রমিক পরিবহনের কারণেই বাসের সংকট
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও কর্ণফুলী ইপিজেডের কারখানার শ্রমিকদের পরিবহনের জন্য প্রতিদিন ২২০টি গাড়ির প্রয়োজন। অথচ কারখানার মালিকেরা নিজস্ব ব্যবস্থাপনায় ৮০টি গাড়ি সরবরাহ করতে পেরেছেন। বাকি গাড়িগুলো নগরের বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহন থেকে সরবরাহ করা হয়। এর ফলে কর্মব্যস্ত সময়ে (পিক আওয়ার) সংকট দেখা দেয় গণপরিবহনের।এ ছাড়া নগরে যানজট বেড়ে যাওয়ায় একটি বাস গড়ে ১৬ বা ১৭ বারের পরিবর্তে নয় বা ১০ বার চলাচল করতে পারছে। এসব কারণে নগরের কাউন্টারগুলোতে সময়মতো পর্যাপ্ত গাড়ি মিলছে না। এতে যাত্রী-ভোগান্তি বাড়ছে। নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা আনতে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু হয়। এ ব্যবস্থায় নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কিনে যাত্রীদের বাসে ওঠার কথা। কিন্তু এক সপ্তাহে সেই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়নি। বরং যাত্রী হয়রানি বেড়েছে বলে অভিযোগ রয়েছে। চট্টলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম লাইন সম্পাদক অরুণ দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘নগরের ৫, ৬, ১০ ও ১০-এ রুটে কাউন্টার সার্ভিস চালু হয়েছে। নতুন এ ব্যবস্থায় প্রথম দিকে সমস্যা দেখা দেয়। বিশেষ করে কাউন্টারে দেরিতে বাস এসে পৌঁছায় বলে আমরা অভিযোগ পাই। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। ধীরে ধীরে আমরা সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। পাশাপশি অন্য রুটগুলোতে কাউন্টার চালুর প্রক্রিয়া চলছে।’খোঁজ নিয়ে জানা যায়, নগরে ১১টি রুটে ৮৭৭টি বাস চলাচলের অনুমোদন আছে। যদিও গড়ে এক-তৃতীয়াংশ বাস মেরামতের জন্য গ্যারেজে থাকে কিংবা পুরোপুরি বন্ধ আছে। আর প্রতিদিন সন্ধ্যায় চট্টগ্রামের দুটি ইপিজেডে ১৮০টি বাস শ্রমিক পরিবহনের জন্য চলে যায়। এ কারণে কাউন্টারগুলোতে পর্যাপ্তসংখ্যক বাস মিলছে না। নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের দুটি ইপিজেডে এক লাখ ৮৬ হাজার শ্রমিক কাজ করে, যাঁদের ৩০ থেকে ৩৫ শতাংশের আবাস বহদ্দারহাট, মুরাদপুর, আন্দরকিল্লা, বায়েজিদসহ বিভিন্ন এলাকায়। তাঁদের পরিবহনের কারণে নগরে বাসস্বল্পতা দেখা দেয়। আর ওই সময় অন্যান্য অফিস-আদালত ছুটি হয়। তাই কর্মজীবী মানুষের বাসায় ফেরার ভোগান্তি চরমে ওঠে।’ পুলিশ ও পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৭ সালের পর নগরের কোনো রুটে নতুন বাস চলাচলের অনুমতি দেওয়া হয়নি। জনসংখ্যা বাড়লেও বাড়েনি গণপরিবহন। সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন মৌখিকভাবে অনুরোধ করেছে। পরিবহন মালিক সমিতির নেতাদের দাবি, একটি বাস মাসে ২০-২১ দিনের বেশি চলাচল করতে পারে না। যান্ত্রিক ত্রুটির কারণে এসব সমস্যা হচ্ছে। তাই মেরামতের জন্য প্রতিটি বাস গ্যারেজে গড়ে আট থেকে ১০ দিন করে রাখতে হচ্ছে। আরও কিছু গাড়ি আছে, যা নগরের নির্দিষ্ট রুটের পরিবর্তে বাইরের অন্য রুটে চলাচল করে। এর সঠিক সংখ্যা পুলিশ ও পরিবহন মালিক সমিতির নেতাদের কাছে নেই। সেই হিসেবে অনুমোদনপ্রাপ্ত দুই তৃতীয়াংশের কম বাস নগরে নিয়মিত চলাচল করে। এ কারণে গণপরিবহন-সংকট দেখা দিয়েছে বলে পুলিশ ও মালিক সমিতির নেতারা মন্তব্য করেন।