শ্রমিকের ওজন ৫৭ কেজি, বস্তার ৯০
আজ ১ মে, শ্রমিকের অধিকার আদায়ে সংগ্রামের দিন। চট্টগ্রাম বন্দর, জাহাজভাঙা ও জাহাজ নির্মাণশিল্প, পরিবহন খাত ও পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন হাজার হাজার শ্রমিক। তাঁরা নিজেদের অধিকার সম্পর্কে কতটুকু সচেতন, ন্যায্য পাওনা কতটুকু পান সর্বোপরি কোথায় আছেন, কেমন আছেন এ নিয়ে বিশেষ আয়োজনকর্ণফুলী নদীর বাংলাবাজার এলাকায় জুটরেলিঘাট থেকে ৯০ কেজি ওজনের গমের বস্তা কাঁধে তুলে ট্রাকে বোঝাই করছিলেন মো. মোস্তফা নামের একজন শ্রমিক। ৪০ বছর বয়সী মোস্তফার ওজন ৫৭ কেজি। ঘাড়ে ৯০ কেজির গমের বস্তা নিয়ে ছুটছিলেন ট্রাকের উদ্দেশে।ট্রাকে বস্তা ফেলে হাঁপাতে হাঁপাতে মো. মোস্তফা বলেন, ‘চার বছর ধরে এই বস্তা টেনে চলেছি। মাঝেমধ্যে ঘাড় কুঁজো হয়ে যায়। মনে হয় শরীর আর এ ভার সইতে পারছে না। তবু পেটের তাগিদে ভারী বস্তা বহন করে যাচ্ছি। দুই-তিন বছরের বেশি কাজ করতে পারব বলে মনে হয় না। বস্তা টেনে দিনে ২৫০ টাকা আয় করি, ১৫০ টাকার মতো শুধু নিজের খানাপিনায় খরচ হয়ে যায়।’গত বৃহস্পতিবার দুপুরে মাঝিরঘাটের-বাংলাবাজার এলাকায় দেখা যায়, ১৬টি বেসরকারি ঘাট দিয়ে আমদানির খাদ্যশস্য খালাস হচ্ছে। এর মধ্যে সাতটিতে নোঙর করা লাইটার জাহাজ থেকে গম খালাস করছেন শ্রমিকেরা। তাঁদের ৯০ কেজি ওজনের গম বহন করতে দেখা গেছে। বস্তার ওজনসংক্রান্ত খাদ্য অধিদপ্তরের সামপ্রতিক একটি প্রতিবেদনের পর্যালোচনায় বলা হয়েছে, ৮৫ ও ৭০ কেজি খাদ্যশস্যভর্তি বস্তা পরিবহন শ্রমিকদের জন্য কষ্টকর ও অমানবিক। এতে ঘাড়, মেরুদণ্ড ও কোমরে সমস্যা দেখা দেয়। ফলে অল্পদিনেই অনেকে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। গত ছয় মাস আগে খাদ্য বিভাগ বস্তার ওজন সর্বোচ্চ ৫০ কেজি করে দেয়। কিন্তু বেসরকারি আমদানির পরিমাণ বেশি হওয়ায় এখনো শ্রমিকদের ৯০ কেজি ওজনের বস্তা বহন করতে হচ্ছে। জানা গেছে, আন্তর্জাতিক বাজার থেকে বস্তায় করে যেসব খাদ্যশস্য আসে তার সবই ৫০ কেজি ওজনের থাকে। এটাই আন্তর্জাতিক রীতি। কিন্তু আমদানির পর যেসব খাদ্যশস্য বস্তায় ভরে পরিবহনের দরকার হয় সেগুলো সংশ্লিষ্ট আমদানিকারক কৌশলে ৯০ কেজি ওজনের বস্তায় ভরে নেন। এটা আমদানিকারকের পরিবহন খরচ বাঁচানোর একধরনের কৌশল বলে জানা গেছে। এ প্রসঙ্গে একাধিক আমদানিকারক প্রথম আলোকে জানান, ‘দীর্ঘদিন ধরে ৯০ কেজির বস্তায় গম পরিবহন করা হচ্ছে। এতে খরচ কিছুটা সাশ্রয় হয়। তবে বাজারে ৯০ কেজি ওজনের বস্তা পাওয়া না গেলে স্বাভাবিকভাবেই ৫০ কেজি ধারণক্ষমতার বস্তায় পণ্য পরিবহন করা হবে।’ খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে থেকে সরকারি আমদানির গম ও অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম ৫০ কেজি ওজনের বস্তায় পরিবহন করা হচ্ছে। এ প্রসঙ্গে খাদ্য অধিদপ্তরের একজন পরিচালক নাম প্রকাশ না করে বলেন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর উদ্যোগে গত বছর থেকে সরকারি খাদ্যশস্য পরিবহনে বস্তার ধারণক্ষমতা কমানো হয়। এখন বেশির ভাগ ক্ষেত্রে ৫০ কেজির বস্তায় সরকারি খাদ্যশস্য পরিবহন হচ্ছে। কিছু সাইলোতে আগের ৮৫ কেজি ধারণক্ষমতার বস্তা রয়ে গেছে। সেগুলোর কিছু এখনো ব্যবহার হলেও পর্যায়ক্রমে ৫০ কেজির বস্তায় পরিবহন করা হবে বলে তিনি জানান। দেশি ও আন্তর্জাতিক আইন ও বিধি-বিধান মতে, শ্রমিকদের অতিরিক্ত ওজনের বোঝা বহন করার সুযোগ নেই। আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শ্রমিকের ৫৫ কেজির বেশি ওজনের পণ্য পরিবহন উচিত নয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৭৪ ধারায়ও বলা হয়েছে, ‘কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিককে তাহার ক্ষতি হতে পারে এমন কোনো ভারী জিনিস উত্তোলন, বহন অথবা নাড়াচাড়া করিতে দেওয়া যাইবে না।’ এ আইনের অধীনে প্রণীত বাংলাদেশ শ্রম বিধিমালা ২০০৮-এর খসড়ায় সুস্পষ্টভাবে ৫০ কেজির বেশি পণ্য বহন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।চট্টগ্রাম ঘাটশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘৯০ কেজি ধারণক্ষমতার পণ্যভর্তি বস্তা পরিবহনের কারণে শ্রমিকেরা দুর্বল হয়ে পড়ছেন। এসব শ্রমিক বেশিদিন কাজ করতে পারছেন না।’খাদ্য বিভাগের সাত সদস্যের একটি কমিটি ‘বস্তার আকার, খাদ্যশস্যসহ এর ওজন হ্রাসের সম্ভাব্যতা ইত্যাদি যাচাই’ শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করে সম্প্রতি। এতে বলা হয়, ৫০ কেজির ধারণক্ষমতার বস্তায় পরিবহন করা হলে টনপ্রতি খাদ্যশস্যে খরচ বাড়বে ২৮৮ টাকা। প্রতিকেজিতে খরচ বাড়বে ২৯ পয়সা। খরচ সামান্য বাড়লেও গুদামে পণ্য মজুদে কোনো প্রভাব পড়বে না। শ্রমিকদেরও খাদ্যশস্য পরিবহনে সমস্যা হবে না।এ প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক সালাহউদ্দিন আহাম্মদ। তিনি বলেন, ‘প্রতিবেদন প্রণয়নের পর খাদ্য বিভাগের আমদানি করা খোলা গম এখন ৫০ কেজির ধারণক্ষমতার বস্তায় পরিবহন করা হচ্ছে।’