বিল্লাল হোসেনের সামনে যখনই যাই, দেখি হাসিতে উদ্ভাসিত মুখ। ‘কিসু লাগবে, স্যার?’কখনো দূর থেকে লক্ষ করি তাঁকে। বছর পঞ্চাশ বয়স। সামনে যখন ক্রেতা নেই, তখন স্পষ্ট হয় কপালের ভাঁজ। শূন্য চোখে তাকান এদিক-ওদিক। বুক থেকে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসও লুকোতে পারেন না। অথচ ক্রেতা এলেই মুখভরা হাসি।দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুরে একটা ভ্যানগাড়ির সঙ্গে তাঁর নাড়ির টান। সেই গাড়িটাই তাঁর দোকান। সেই ভ্যানগাড়িতেই সবজির কারবার।কত দিন ধরে কাজ করছেন?‘দুই বছর হলো।’বাড়ি কোথায়?‘কুষ্টিয়ার কুমারখালীতে। মাঝপাড়া গ্রাম।’এই বয়সে ঢাকায় এলেন যে?‘কী করব? কী কত্তি পাত্তাম? টাকাগুলান শোধ দিব কী কইরে?’এবার একটা সূত্র পাওয়া যায়। কিছু বা অনেক ধার আছে তাঁর।কেন ধার হলো?‘আগে তো কত্তাম গরুর ব্যবসা। এক হাট থিকে গরু কিনে অন্য হাটে ব্যাচতাম। পাংশা হাট, কালোখালী হাট, কুমারখালী হাট, সব চষে বেড়াতাম।’ধার হলো কী করে?‘তিন বছর আগে... কুরবানির সময় ঘটনাটা ঘটল। তখন চট্টগ্রামের হাটে গরু বেচতি গিছিলাম।’কী ঘটনা?‘কুরবানির দুই দিন আগে সব গরু বেইচে ফেলিছি। রাত আটটার দিকে আমরা চারজন হাট থিকে বার হলাম। পকেটে তখন দুই লাখ ৪৭ হাজার টাকা।’নিজের টাকা?‘না। ধার কইরে আনিছিলাম। লাভ-টাভ যা হয়, তা ভাগ হতো।’তারপর কী হলো?‘অলংকারের মোড়ে পৌঁছানোর পর আমাগের ঘিরে ধরল একদল মানুষ। কইল, তোমাদের কাছে অবৈধ মাল আছে। আমরা বলি, আমরা আসতিছি গরু বিক্রি কইরে। কইল, পাশে সইরে আস। আমরা ভাবলাম পুলিশির লোক। তা আমাগের টাকা তো অবৈধ টাকা না। কিন্তু তারা আমার কাছ থিকে সব টাকা নিয়ে চইলে গেল। বুঝলাম, ডাকাতি হইয়ে গেল।’এরপর কিছুদিন শূন্য চোখে নিজের অতীত-বর্তমান-ভবিষ্যৎ ভাবতে ভাবতে সিদ্ধান্ত নেন বিল্লাল হোসেন। যাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, তিনি চাপ দিচ্ছেন। বাড়িতে ১২ শতাংশ জমি ছিল, সেটা বিক্রি করে দেওয়া হলো। বউ রাশিদা বেগম আর এক ছেলে, এক মেয়ে নিয়ে চলে আসেন ঢাকায়। এখনো ৪০ হাজার টাকা দেনা। সে টাকা শোধ করতে হবে।প্রতিদিন ভোরে চলে আসেন কারওয়ান বাজারে। সবজি কিনে বসে যান মোহাম্মদপুর হাউজিং সোসাইটির ৬ নম্বর রোডে। রাশিদা বেগম বাড়িতে রান্নাবান্না সেরে স্বামীর কাজে সাহায্য করেন। ছেলে আর মেয়েটা ক্লাস ফোর আর ওয়ানে পড়ে। বেলা দেড়টার দিকে সবাই মিলে একসঙ্গে ভাত খান। মেন্যু? এই সবজি আর ভাত।বলি, দেনা শোধ হয়ে গেলে কুষ্টিয়ায় ফিরবেন না?‘দ্যাশে গিয়ে কী করব? কী করে খাব?’ মে দিবস গেল কদিন আগে। এ দিনটি নিয়ে কি কোনো ভাবনা আছে বিল্লাল হোসেনের?‘শ্রমিক দিবস কচ্ছেন? শ্রমিক দিবসে শ্রমিকের কী লাভ হয়?’উত্তর মেলে না।