ফটিকছড়ির দৌলতপুরের কৃষক ইলিয়াস মুন্সি। এবার আমন চাষ করেছেন তিন একর (সাড়ে সাত কানি) জমিতে। ফলনও ভালো হয়েছে। কিন্তু ধান কাটতে গিয়ে পড়েছেন বিপাকে। কারণ, শ্রমিক–সংকট। ফলে নিজেই ধান কাটায় নেমে পড়েছেন।
ইলিয়াস মুন্সি বলেন, ‘২৪ নভেম্বর থেকে ধান কাটা শুরু করেছি। এখনো খুব বেশি দূর যেতে পারিনি। চাহিদা মতো দিনমজুর পেলে এক সপ্তাহের মধ্যে সব ধান কাটা হয়ে যেত।’
উপজেলার হারুয়ালছড়ি, লেলাং, সমিতিরহাটসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ধান কাটা ও মাড়াই নিয়ে চাষিদের বাড়িতে এখন উৎসবের আমেজ। এবার বাম্পার ফলন হওয়ায় গত বছরের তুলনায় ধান বেশি পাচ্ছেন চাষিরা। তবে চাহিদামতো শ্রমিক না পাওয়া কাজ চলছে ধীরগতিতে।
চাষিরা জানান, রংপুর, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা থেকে লোকজন ধান কাটার মৌসুমে এখানে আসেন। কিন্তু ওই সব এলাকা থেকে এবার লোকজন এসেছেন কম। শ্রমিক–সংকটে উপজেলার অনেক এলাকার ধান এখনো কাটা হয়নি, জমিতেই পড়ে আছে। প্রতিবছর এ সময় অর্ধেক ধান কাটা হয়ে যায়।
লেলাং গ্রামের মান্নান ফারুক (৪৯) জানান, বিবিরহাটে তাঁর দোকান আছে। তিন দিন হলো দোকান বন্ধ করে ধান কাটছেন তিনি। এবার তিনি ১২ কানি জমিতে ধান চাষ করেছেন। বাইরে থেকে আসা দিনমজুরদের সঙ্গে যোগাযোগ করে না পেয়ে স্থানীয় পাঁচ-ছয়জন দিনমজুরকে ধান কাটার কাজে লাগাচ্ছেন।
তাঁর ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিক পাশের উপজেলা রাউজানের আলী আকবর (৩৮) বলেন, ‘রিকশা কিংবা ভ্যান চালিয়ে সংসার চালাই। এখন আমনের ভরা মৌসুম। তাই এই সময় ধান কেটে কিছু টাকা বেশি রোজগার করি।’
সরেজমিনে শ্রমিক বেচাকেনার হাট নানুপুর, নাজিরহাট ও বিবিরহাটে গিয়ে দেখা যায়, স্থানীয় কিছু শ্রমিক আছেন। অন্য জেলার শ্রমিক আছেন হাতে গোনা কয়েকজন।
চাষিদের সঙ্গে আলাপে জানা যায়, গত বছর শ্রমিক পাওয়া গেছে দৈনিক ৩০০ টাকায়। এবার তা ঠেকেছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। বেশি টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
সুয়াবিল গ্রামের কৃষক হাসমত চৌধুরী (৪৩) বলেন, ‘দিনমজুরেরা ধান কাটা থেকে শুরু করে মাড়াইয়ের কাজ করতেন। তাঁদের সঙ্গে এখন মুঠোফোনে যোগাযোগ করে পাচ্ছি না। একজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি জানান, এখন তার এলাকায় প্রচুর কাজ তাই আসতে পারছেন না।’
নেত্রকোনা থেকে শ্রমিক আলী আকবর (৪৪) বলেন, ‘আমাদের জেলায় এখন কাজের অভাব নেই। আগে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এসে কাজ করে মৌসুম শেষে আবার বাড়িতে যেত শ্রমিকেরা। এখন এলাকার বিভিন্ন সংগঠন, সমিতি থেকে এখন স্বল্প সুদে ঋণ নিয়ে নিজেরা চাষ করছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, চলতি মৌসুমে উপজেলার ২০ হাজার ৯০০ একর জমিতে আমন চাষ হয়েছে। ৫৬ হাজার ১৬৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৬০ হাজার টন ছাড়িয়ে যাবে। তবে শ্রমিক–সংকটে ধান কাটা ও মাড়াই কিছুটা বিলম্বিত হচ্ছে।